পাচারের অর্থ উদ্ধারে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির উদ্যোগ
বাংলাদেশ থেকে যেসব দেশে অর্থ পাচার হচ্ছে, তাদের সঙ্গে কূটনৈতিক ব্যবস্থা জোরদার করা হবে। পাশাপাশি দেশগুলোর সঙ্গে আইনি সহায়তা চুক্তি করবে বাংলাদেশ। অর্থ পাচারের তথা ‘কর-স্বর্গ’ হিসেবে যেসব দেশের ব্যাপক পরিচিতি রয়েছে, তাদের সঙ্গে কর তথ্য বিনিময় চুক্তি করা হবে।
এসব পদক্ষেপের বিষয় উল্লেখ করেই দেশে প্রথমবারের মতো অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধের কৌশলপত্র প্রণয়ন করেছে সরকার। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে গতকাল মঙ্গলবার জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এক সভায় কৌশলপত্রটি অনুমোদিত হয়। মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে বিভিন্ন দিকনির্দেশনা ও নীতি প্রণয়ন এবং তা বাস্তবায়নের লক্ষ্যে গঠিত জাতীয় সমন্বয় কমিটির সভাপতি হলেন অর্থমন্ত্রী।
বিদেশে পাচার করা অর্থ বা সম্পদ উদ্ধারের জন্য দায়ের করা মামলাগুলোর হালনাগাদ তথ্যভান্ডার তৈরির কথাও বলা হয়েছে কৌশলপত্রে। মামলাগুলোর তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় কী সমস্যা হচ্ছে, তা চিহ্নিত করার কথাও বলা হয়েছে এতে।
কৌশলপত্রে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ডসহ অন্যান্য ইউরোপীয় দেশ, মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত (ইউএই), মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং-চীন, থাইল্যান্ড—এসব দেশের সঙ্গে কূটনৈতিক ব্যবস্থা জোরদারের কথা বলা হয়েছে।
ব্যাংক খাতের সূত্রগুলো জানায়, বিদেশে বাংলাদেশের ব্যাংকমালিকদের সম্পদ বাড়ছে। বাংলাদেশিদের সিঙ্গাপুর ও দুবাইয়ে পাঁচ তারকা হোটেলে বিনিয়োগ, মালয়েশিয়ায় বড় স্থাপনা নির্মাণ এবং ইউরোপ, যুক্তরাষ্ট্র ও কানাডায় বিলাসবহুল বাড়ি কেনার খবর অনেকেই জানেন। বৈঠকে এসব নিয়ে অবশ্য কোনো আলোচনা হয়নি।
বৈঠকে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) একটি প্রতিবেদন উপস্থাপন করেছে। এর ভিত্তিতেই করা হয়েছে কৌশলপত্র। বলা হয়েছে, সরকারি তহবিল তছরুপ, দুর্নীতি, মাদক, মানব পাচারের পাশাপাশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রভাব খাঁটিয়ে ঋণ নিয়ে বৈদেশিক বাণিজ্যের আড়ালে যে অর্থ পাচার হচ্ছে, তার কয়েকটি ঘটনা বিএফআইইউর হাতে রয়েছে। হুন্ডি, ডিজিটাল হুন্ডি বা মোবাইলে আর্থিক সেবা দাতা (এমএফএস) প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে এখনো অর্থ পাচার হচ্ছে। অনেক সরকারি কর্মচারী ও ব্যবসায়ী সন্তানের লেখাপড়ার নামে অর্থ পাচার করে বিদেশে বাড়ি-গাড়ি করছেন বলে গণমাধ্যমে এসেছে।
বাংলাদেশ থেকে আট উপায়ে অর্থ পাচার হচ্ছে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। এগুলো হচ্ছে বাণিজ্যিকভিত্তিক পাচার (ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং ও ভুয়া ইনভয়েসিং); হুন্ডি; কুরিয়ার ও ক্যারিয়ার; বিনিময়ভিত্তিক পাচার; ইলেকট্রনিক লেনদেন; ডেবিট ও ক্রেডিট কার্ড, প্রিপেইড কার্ড ও অন্যান্য বাহকপত্র এবং অনুমোদিত প্রবাসী আয় কর্মসূচির আওতায় শিক্ষা ও চিকিৎসার নামে অর্থ পাচার।
জানতে চাইলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম খান বলেন, কৌশলপত্র হওয়াটা ইতিবাচক।তবে তথ্য পাওয়ার জন্য সরকার থেকে সরকার এবং কেন্দ্রীয় ব্যাংক থেকে কেন্দ্রীয় ব্যাংক পর্যায়ে চুক্তি করতে হবে।এটা করা হবে কি না, তা নির্ভর করবে রাজনৈতিক সদিচ্ছার ওপর।লোকদেখানো (আই ওয়াশ) কৌশলপত্র করা হলে তাতে কোনো লাভ হবে না।