নারী কর্মীদের জন্য ‘পিঙ্ক বাস’

নারীদের জন্য বাস চালুর পরিকল্পনা আছে সরকারেরফাইল ছবি: প্রথম আলো

নারী কর্মীদের জন্য নিরাপদ আবাসন ও যাতায়াতব্যবস্থা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সরকার। এর অংশ হিসেবে সম্পূর্ণ নারী চালক দ্বারা পরিচালিত ও নারীর ব্যবস্থাপনায় বিশেষ ‘পিঙ্ক বাস সার্ভিস’ চালু করা হবে।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণাকালে এমন তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

অর্থমন্ত্রী বলেন, কর্মক্ষেত্রে নারী শ্রমিক ও কর্মজীবীদের প্রতি যেকোনো প্রকার সহিংসতা বা যৌন হয়রানির বিরুদ্ধে সরকার ‘শূন্য সহনশীলতা’ বা জিরো টলারেন্স নীতি কার্যকর করবে। পিঙ্ক বাস চালু হলে নারী কর্মজীবী ও শ্রমিকদের যাতায়াতব্যবস্থা আরও নিরাপদ ও স্বস্তিদায়ক হবে বলে জানান তিনি।

উপজেলা পর্যায়ে আসছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানান, ‘করব কাজ, গড়ব দেশ’ নীতির ভিত্তিতে বিভিন্ন খাতভিত্তিক কর্মসংস্থান সৃষ্টিকে সরকার অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে নিয়েছে। তিনি বলেন, মেধা ও যোগ্যতার ভিত্তিতে একটি বৈষম্যহীন কর্মসংস্থান–ব্যবস্থা গড়ে তুলতে দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ বা কর্মসংস্থান বিনিময় কেন্দ্র ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে সরকার।

বিশেষজ্ঞরা বলছেন, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু হলে এর মাধ্যমে তৃণমূলের যোগ্য তরুণ-তরুণী ও শ্রমিকদের জন্য কাজের সুযোগ আরও সহজ হবে।

অর্থমন্ত্রী আরও জানান, শ্রমিকদের আইনি সুরক্ষা বাড়াতে সরকার ইতিমধ্যে ‘বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬’ জারি করেছে। এ ছাড়া দেশ থেকে শিশুশ্রম চিরতরে বন্ধ করার লক্ষ্যে ইতিমধ্যে ‘জাতীয় কর্মপরিকল্পনা ২০২৬-২০৩০’-এর খসড়া প্রণয়ন করা হয়েছে।