বিদ্যুৎ বিতরণব্যবস্থা আধুনিকায়নে ২০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)

ঢাকার আশপাশের শহরতলি এলাকায় বিদ্যুৎ বিতরণ নেটওয়ার্ক আধুনিকায়ন ও শক্তিশালী করতে বাংলাদেশকে ২০ কোটি ডলার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

এর মাধ্যমে ব্যবসাপ্রতিষ্ঠান ও পরিবার পর্যায়ে বিদ্যুৎ সরবরাহের নির্ভরযোগ্যতা ও দক্ষতা বাড়ানো হবে। আজ বুধবার এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পাওয়ার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এনহ্যান্সমেন্ট প্রকল্পের আওতায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) ঢাকার আশপাশের দ্রুত সম্প্রসারিত শিল্প ও নগর এলাকায় সেবা দেওয়া ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতিতে বিদ্যুৎ বিতরণ অবকাঠামো উন্নত করবে। এডিবির সহায়তায় পরিচালিত ইন্টিগ্রেটেড গ্রোথ নেটওয়ার্ক ডেভেলপমেন্ট উদ্যোগের আওতায় প্রকল্পটি নেওয়া হয়েছে। এর মাধ্যমে অতিরিক্ত চাপের মধ্যে থাকা সাবস্টেশন, পুরোনো অবকাঠামো, বিদ্যুৎ বিতরণে ক্ষয়ক্ষতি ও প্রাকৃতিক দুর্যোগের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলা করা হবে।

প্রকল্পের আওতায় ৫২টি সাবস্টেশনে মোট ১ হাজার ১৫০ মেগাভোল্ট–অ্যাম্পিয়ার নতুন ট্রান্সফরমার সক্ষমতা যুক্ত করা হবে। পাশাপাশি বিদ্যমান ১২টি সাবস্টেশনের সক্ষমতা ১১৫ মেগাভোল্ট–অ্যাম্পিয়ার বাড়ানো হবে। এ ছাড়া ২ হাজার ৬০০ কিলোমিটারের বেশি ওভারহেড ও ভূগর্ভস্থ বিদ্যুৎ বিতরণ লাইন নির্মাণ বা উন্নয়ন করা হবে। নেটওয়ার্কের নির্ভরযোগ্যতা, দক্ষতা ও নিরাপত্তা বাড়াতে ইনসুলেটেড কন্ডাক্টর স্থাপন করা হবে।

বিদ্যুৎ ব্যবস্থাপনা আধুনিকায়নে নদী পারাপারের ট্রান্সমিশন অবকাঠামো ও সুইচিং স্টেশন নির্মাণ করা হবে। দ্রুত ত্রুটি শনাক্ত ও বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারের জন্য ৯০০টি ফল্ট লোকেটর সেট স্থাপন করা হবে। প্রকল্পের আওতায় বিআরইবি ও পল্লী বিদ্যুৎ সমিতিগুলোর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো হবে।

এডিবির বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং বলেন, বাংলাদেশ আরও সমৃদ্ধ, সহনশীল ও বৈশ্বিকভাবে প্রতিযোগিতামূলক অর্থনীতি হওয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। এ ক্ষেত্রে প্রবৃদ্ধি ধরে রাখা, নতুন কর্মসংস্থান তৈরি এবং বিনিয়োগ আকর্ষণে আধুনিক বিদ্যুৎ বিতরণ নেটওয়ার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।