রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর একেবারে খারাপ অবস্থা: অর্থমন্ত্রী
নতুন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর একেবারে খারাপ অবস্থা। এগুলো ঠিক করতে হবে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে স্বচ্ছতা ও দক্ষতা আনতে হবে।’
আজ বুধবার দুপুরে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে প্রথম দিনের অফিস করতে এসে সাংবাদিকদের এ কথা বলেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের অর্থনীতি সব মানুষের জন্য হতে হবে। বাংলাদেশে সবার জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) থাকতে হবে, যাতে অর্থনীতির সুফল তাদের কাছে যায়।
পৃষ্ঠপোষকতার অর্থনীতি আর চলতে দেওয়া যায় না বলেও মন্তব্য করেন নতুন অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘আমাদের বড় ধরনের “ডিরেগুলেশন” করতে হবে। বাংলাদেশ একটি “ওভার রেগুলেটেড কান্ট্রি” হয়ে গেছে। পৃষ্ঠপোষকতার রাজনীতি করতে করতে এটা হয়েছে। অর্থনীতিকে উদারীকরণ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
নবগঠিত বিএনপি নেতৃত্বাধীন সরকারের অর্থ ও পরিকল্পনামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। গতকাল মঙ্গলবার বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ নেন। স্বাধীনতার পর এ পর্যন্ত এ দেশে ২২ জন অর্থমন্ত্রী ও অর্থ উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন।
নতুন অর্থমন্ত্রীর সামনে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, খেলাপি ঋণ কমানো, ব্যাংক খাতে সংস্কারসহ নানা চ্যালেঞ্জ আছে। আমীর খসরু মাহমুদ চৌধুরী এর আগে বিএনপি নেতৃত্বাধীন চার–দলীয় জোট সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।