দুবাই থেকে ৩৭৮ জনকে ফিরিয়ে আনল ইউএস-বাংলা
মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির মধ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২৭ জন ফ্লাইট ক্রুকে ফিরিয়ে এনেছে ইউএস-বাংলা। বিমানের ফ্লাইট ক্রুরা ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের শুরু থেকে পাঁচ দিন সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) আটকে ছিলেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, ফ্লাইট ক্রুরা সেখানে একটি অনিশ্চিত পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছিলেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ক্রুদের পরিবার–পরিজন চরম উৎকণ্ঠায় সময় পার করছিল। অনিশ্চিত পরিস্থিতির মধ্যে ফ্লাইট ক্রুদের দেশের মাটিতে ফিরিয়ে আনা হয়েছে। দেশের অন্যতম এয়ারলাইনস ইউএস-বাংলা সহযোগী প্রতিষ্ঠান হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২৭ জন ফ্লাইট ক্রুকে ফিরিয়ে এনে তাঁদের পরিবারের সদস্যদের চিন্তামুক্ত করতে পেরেছে।
ইউএস-বাংলা এয়ারলাইনস জানায়, একটি সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ববোধ থেকেই তারা আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনার জন্য দুটি বিশেষ ফ্লাইট পরিচালনা করছে। গতকাল ইউএস-বাংলার একটি ফ্লাইট ৩৭৮ জন যাত্রী নিয়ে নিরাপদে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। অন্য ফ্লাইটটি পরিকল্পনা অনুযায়ী আজ শুক্রবার সকালে ঢাকায় অবতরণ করবে। বিশেষ ফ্লাইটগুলো ৪৩৬ আসনের এয়ারবাস ৩৩০-৩০০ এয়ারক্রাফট দিয়ে পরিচালিত হচ্ছে।