মার্থা সি নাসব্যোম পাঠচক্রের নিবন্ধন চলছে

আন্তর্জাতিক একাডেমিক লেকচার সিরিজ মার্থা সি নাসব্যোম পাঠচক্রের নিবন্ধন শুরু হয়েছে। বাঙলার পাঠশালা ফাউন্ডেশন আয়োজিত এটি ১৫তম পাঠচক্র। ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত এই পাঠচক্র চলবে।

হাইব্রিড পদ্ধতিতে আয়োজিত এই পাঠচক্রে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব শিকাগোর প্রখ্যাত দার্শনিক ও আইনজ্ঞ অধ্যাপক মার্থা সি নাসব্যোম দর্শন, ন্যায়বিচার, মানব মর্যাদা, গণতন্ত্র, শিক্ষা, সক্ষমতা তত্ত্ব, জেন্ডার ন্যায়, প্রতিবন্ধিতা, প্রাণী নৈতিকতা ও বৈশ্বিক ন্যায়বিচার নিয়ে আলোচনা হবে। খবর বিজ্ঞপ্তি

পাঠচক্রের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ভঙ্গুরতা ও ন্যায্যতার সন্ধানে: দর্শনের কর্তব্যভার সম্পর্কে মার্থা সি নাসব্যোম। উদ্বোধনী অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে থাকবেন মার্থা সি নাসব্যোম। তাঁর বক্তৃতার বিষয় প্রাণীদের জন্য ন্যায্যতা: অমানব সত্তা পর্যন্ত সক্ষমতাপন্থার সম্প্রসারণ।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের ( সিপিডি) চেয়ারম্যান রেহমান সোবহান। এ ছাড়া পাঠচক্রের আন্তর্জাতিক বক্তাদের মধ্যে থাকছেন দার্শনিক ফিলিপ কিচার, জেরেমি ডেভিড বেনডিক-কেমার, ইভা ফেডার কিটেয়, হ্যারি ব্রিগহাউস, ইলেন আন্টারহাল্টার, মর্টেন বিসকভ, ইউকো কামিশিমা, এমি লিঞ্চসহ বিশ্বের বিভিন্ন দেশের বিশিষ্ট গবেষক ও শিক্ষাবিদেরা।

আয়োজকদের ভাষ্য, এই পাঠচক্রের লক্ষ্য হলো ন্যায়বিচার, মানব মর্যাদা, গণতান্ত্রিক নাগরিকত্ব, মানবিক শিক্ষা, জেন্ডার ও প্রতিবন্ধিতা, প্রাণীর প্রতি নৈতিকতা, সাহিত্য, আইন ও পাবলিক রিজন নিয়ে আন্তর্জাতিক পর্যায়ের আলোচনায় বাংলাদেশ ও উন্নয়নশীল দেশের তরুণ গবেষকদের যুক্ত করা।

শিক্ষার্থী, শিক্ষক, গবেষক, অধিকারকর্মী, আইনজীবী, নীতিনির্ধারণ-সংশ্লিষ্ট ব্যক্তি এবং ন্যায়বিচার ও মানব উন্নয়ন বিষয়ে আগ্রহী যে কেউ এতে অংশ নিতে পারবেন। নিয়মিত অংশগ্রহণকারীদের সনদ দেওয়া হবে।

নিবন্ধনের বিস্তারিত তথ্য পাওয়া যাবে এই ওয়েবসাইটে:

বাংলার পাঠশালা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন ও সিটি ইউনিভার্সিটি বাংলাদেশের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক আহমেদ জাভেদ চৌধুরী এই পাঠচক্রের সমন্বয়কের দায়িত্ব পালন করছেন।