সরকারি চাকরিজীবীদের নতুন বেতনকাঠামোর সুপারিশ আরও পর্যালোচনা হবে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত বেতনকাঠামোর সুপারিশ পর্যালোচনার কাজ সচিব কমিটি চালিয়ে যাবে।

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর আজ রোববার সচিবালয়ে প্রস্তাবিত বেতনকাঠামোর সুপারিশ বাস্তবায়ন প্রসঙ্গে সাংবাদিকদের এ কথা বলেন। তার আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এ বিষয়ে বৈঠক করে সচিব কমিটি।

রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, সচিব কমিটি পর্যালোচনা শেষে প্রতিবেদন জমা দেবে। সেই সুপারিশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হবে৷

বৈঠকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গনি, অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে রাশেদ আল মাহমুদ তিতুমীর আরও বলেন, সরকারি চাকরিজীবীদের নতুন বেতনকাঠামো যে প্রক্রিয়ায় যাওয়ার কথা, সেই প্রক্রিয়া অনুযায়ী হবে। এ বিষয়ে সরকার কাজ করছে। তিনি বলেন, সচিব কমিটি পর্যালোচনার কাজ করবে এবং সুপারিশ দেবে। সে অনুযায়ী ভবিষ্যৎ পদক্ষেপ নির্ধারিত হবে।

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, বেতনকাঠামোর মূল কাজ সচিব কমিটি করবে। পে কমিশন প্রতিবেদন জমা দেওয়ার পর কাজ করে সচিব কমিটি। সচিব কমিটি পদ্ধতিগত আলোকে কাজ শুরু করবে, তারপর সচিব কমিটি সুপারিশ দিলে ব্যবস্থা নেওয়া হবে।

নতুন বেতনের সুপারিশে কী আছে

অন্তর্বর্তী সরকার নতুন বেতনকাঠামো প্রণয়নে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে ২৩ সদস্যের একটি বেতন কমিশন গঠন করে। গত ২২ জানুয়ারি জাতীয় বেতন কমিশন সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করে।

সুপারিশ করা নতুন বেতনকাঠামোয় সর্বনিম্ন ধাপে বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ধাপে ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়।

কমিশনপ্রধান জাকির আহমেদ খান প্রতিবেদন জমা দেওয়ার সময় জানান, সুপারিশ বাস্তবায়নে অতিরিক্ত প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকার প্রয়োজন হবে।

অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার পর তা বাস্তবায়নের আগে কয়েকটি প্রক্রিয়া রয়েছে। এর অংশ হিসেবে গত ৮ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ সচিবকে প্রধান করে ৯ সদস্যের একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়।

এ কমিটি জাতীয় বেতন কমিশন-২০২৫, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন ২০২৫ এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি ২০২৫-এর প্রতিবেদন পরীক্ষা-নিরীক্ষা করে সরকারের কাছে সুপারিশ জমা দেবে। কমিটির সুপারিশের ভিত্তিতেই পরবর্তী কার্যক্রম শুরু হওয়ার কথা।