সপ্তাহ শুরু হলো, কোন সূচক কোথায় আছে জেনে নিন
আজ রোববার নতুন একটি সপ্তাহ শুরু হলো। সকালেই শুরু হচ্ছে শেয়ারবাজারের লেনদেন। গত সপ্তাহে সূচকের একটু ঊর্ধ্বগতির কারণে কোন কোম্পানির দাম বাড়ল, কোন কোম্পানির কমল, তা জানতে বিনিয়োগকারীদের আগ্রহ থাকবে।
এ ছাড়া আন্তর্জাতিক বাণিজ্য পরিচালনা, ভ্রমণ ও প্রবাসী আয় আনতে ব্যাংকগুলোয় চলবে বিদেশি মুদ্রার বিনিময়।
সঞ্চয়কারীদের আগ্রহ থাকবে আমানতের সুদের হার কত, তা নিয়ে। আবার ঋণগ্রহীতাদের মধ্যে সুদের হার বাড়ল বা কমল কি না, তা নিয়েও আগ্রহ আছে। তবে সুদের হার কমানোর পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কিছুদিন ধরেই সোনার বাজারে দামের ওঠানামা আছে। বাজারে কোন জিনিসের দাম কত, তা নিয়ে আগ্রহ আছে।
এবার অর্থনীতি ও বাণিজ্যের এসব সূচক ও দাম কোথায় আছে, তা দেখে নিই।
শেয়ারবাজার
গত সপ্তাহে শেয়ারবাজারের সব কটি সূচকে কিছুটা চাঙাভাব ছিল। গত বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ১৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৫৬ পয়েন্ট হয়। আগের সপ্তাহের চেয়ে ডিএসইএস সূচক কিছুটা বেড়েছে। ডিএসইএস সূচক প্রায় ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৩৩ পয়েন্ট হয়।
অন্যদিকে ডিএস–৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৩৫ পয়েন্টে থেমেছিল। বৃহস্পতিবার ডিএসইতে ৪৬৭ কোটি টাকার লেনদেন হয়েছিল। আজ এসব সূচকের অবস্থানকে ভিত্তি ধরেই শেয়ারবাজারের লেনদেন শুরু হবে।
বিনিময় হার
কয়েক দিন ধরে ডলারের দাম ওঠানামা করছে। গত সপ্তাহে ডলারের দাম কমেছে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে, সর্বশেষ বৃহস্পতিবার ডলারের দাম ১২২ টাকা ৯০ পয়সা থেকে ১২৩ টাকার মধ্যেই ছিল। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, ওই দিন মার্কিন ডলার, ইউরো ও অস্ট্রেলীয় ডলারের দাম বেড়েছে। দাম কমেছে ব্রিটিশ পাউন্ড ও সিঙ্গাপুরি ডলারের। অপরিবর্তিত ছিল রুপি, ইউয়ান ও ইয়েনের দাম।
তবে খোলাবাজারে বিদেশি মুদ্রা কিছুটা বেশি দামে বিক্রি হয়। ব্যাংকভেদেও দাম ওঠানামা করতে পারে।
সুদের হার
সঞ্চয়কারী ও ঋণ গ্রহণকারীদের জন্য সুদের হার গুরুত্বপূর্ণ। আজ যাঁরা ব্যাংক থেকে ঋণ নেবেন কিংবা আমানত জমা রাখবেন, তাঁদের সুদের হার জানা প্রয়োজন। কারণ, সুদের হারের ওপর ভিত্তি করেই সিদ্ধান্ত নেন গ্রাহকেরা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাবে, আজ ব্যাংক খাতে ঋণের ওপর গড় সুদহার ১১ দশমিক ৯২ শতাংশ। আর আমানতের ওপর গড় সুদহার ৬ দশমিক ২২ শতাংশ।
তবে ব্যাংকভেদে ও স্কিমভেদে আমানতের সুদের হার ওঠানামা করে। যেমন দীর্ঘ মেয়াদে এফডিআর রাখলে তুলনামূলক সুদের হার বেশি, যা অনেক ব্যাংকে ১০ শতাংশের বেশি। আবার চলতি হিসাবের সুদের হার ৪ থেকে ৫ শতাংশের মতো।
অন্যদিকে ব্যাংকভেদে ও ঋণের ধরনভেদে সুদের হারও ওঠানামা করে। যেমন এসএমই ঋণের সুদের হার কম, আর ব্যক্তিগত ঋণ ও শিল্প ঋণের সুদের হার ১৩–১৪ শতাংশ পর্যন্ত হয়। নীতি সুদহার কমালেও ব্যাংক খাতে ঋণের সুদের হারে এখনো প্রভাব নেই।
সোনার দাম
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারেও সোনার দাম ওঠানামা করে। টানা কয়েকবার সোনার দাম বাড়ার পর গতকাল শনিবার দেশের বাজারে সোনার দাম কমেছে। গত মঙ্গলবার ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ৭ হাজার ১১৫ টাকা কমেছে। তাতে প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা।
এ ছাড়া দাম কমার পর ২১ ক্যারেটের দাম ২ লাখ ২৯ হাজার ৭৮১ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা ও সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকা হয়েছে।
বাজারদর
গত কয়েক সপ্তাহে বাজারে ডিম ও মুরগির দাম চড়া ছিল। সেই দাম কমেনি। গতকাল রাজধানীর বাজারে ব্রয়লার মুরগির দাম প্রতি কেজি ১৮০ থেকে ২০০ টাকার মধ্যে বিক্রি হয়েছে। আর ডিমের ডজন কমবেশি ১৫০ টাকা।
এর মধ্যে দেশে গ্যাস–বিদ্যুতের সমস্যার কারণে বাজারে চিনির সরবরাহ কমেছে। পাশাপাশি পণ্যটির দামও বেড়েছে। গতকাল বাজারে প্রতি কেজি চিনি ১১০ থেকে ১২০ টাকায় বিক্রি হয়েছে। এ ছাড়া বাজারে খোলা আটা ও ময়দার দামও কিছুটা বেড়েছে।