পণ্য রপ্তানি
চার খাত ছাড়া বাকিগুলোতে দুশ্চিন্তা
তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, চামড়াবিহীন জুতা এবং প্লাস্টিক পণ্য ছাড়া অন্য খাতের রপ্তানির প্রবৃদ্ধি নেতিবাচক।
সংকটের মধ্যেও পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি ধরে রাখতে পেরেছে বাংলাদেশ। গত জানুয়ারিতে ৫১৩ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এ রপ্তানি গত বছরের জানুয়ারির তুলনায় ৫ দশমিক ৮৯ শতাংশ বেশি। যদিও ডিসেম্বরে রপ্তানিতে প্রবৃদ্ধি ছিল সাড়ে ১০ শতাংশ।
পণ্য রপ্তানিতে চলতি অর্থবছরের শুরুটাও ছিল দুর্দান্ত। অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই–আগস্ট) ৮৫৯ কোটি ডলার পণ্য রপ্তানি হয়। প্রবৃদ্ধিও ছিল ২৫ শতাংশ। যদিও সেপ্টেম্বর ও অক্টোবরে রপ্তানি কমে যায়। তারপর আবার ইতিবাচক ধারায় ফেরে রপ্তানি। তাতে চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) সামগ্রিক পণ্য রপ্তানিতে ৯ দশমিক ৮১ শতাংশ প্রবৃদ্ধি রয়েছে। এ সময়ে রপ্তানি হয়েছে ৩ হাজার ২৪৪ কোটি ৭৫ লাখ ডলারের পণ্য, যা দেশীয় মুদ্রায় ৩ লাখ ৩৪ হাজার ২০৯ কোটি টাকার সমান।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর বিশ্ববাজারে বিভিন্ন পণ্যের দাম বেড়ে যাওয়ায় আমদানি খরচ ব্যাপকভাবে বেড়ে যায়। ব্যাংক ও খোলাবাজারে ডলার-সংকট তৈরি হয়, দামও দ্রুত বাড়তে থাকে। সেই সংকটকে আরও উসকে দেয় প্রবাসী ও পণ্য রপ্তানি আয়ের নিম্নগতি। সেই পরিস্থিতি বর্তমানে আরও নেই। যদিও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩ হাজার ২০০ কোটি ডলারের ঘরে।
পণ্য রপ্তানির সামগ্রিক চিত্রে বড় কোনো সমস্যা দেখা না গেলেও অন্য জায়গায় দুশ্চিন্তা ঠিকই বাড়ছে। সেটি হচ্ছে চলতি অর্থবছরের প্রথম সাত মাস শেষে মোটাদাগে তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, চামড়াবিহীন জুতা এবং প্লাস্টিক পণ্য—এ চার বড় খাতের রপ্তানির প্রবৃদ্ধি ইতিবাচক ধারায় রয়েছে। বাকি বড় খাতগুলোর মধ্যে প্রক্রিয়াজাত খাদ্য, হোম টেক্সটাইল, পাট ও পাটজাত পণ্য, হিমায়িত খাদ্য, প্রকৌশল পণ্য, হস্তশিল্প, আসবাব ও রাসায়নিক পণ্যের রপ্তানি কমছে।
গত বছর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর দেশে দেশে মূল্যস্ফীতি জেঁকে বসে। ভোক্তাদের ক্রয়ক্ষমতা হ্রাস পায়। পণ্যের ক্রয়াদেশ কমে যায়। তাতে একেক খাতে একেক রকম প্রভাব পড়ে। আবার গ্যাস-বিদ্যুতের সংকটও অনেক প্রতিষ্ঠানকে ভোগাচ্ছে। মোটাদাগে যেসব রপ্তানিকারক প্রতিষ্ঠান হাতে গোনা দু-একটি ক্রেতার জন্য পণ্য উৎপাদন করে, তারাই বেশি চ্যালেঞ্জের মধ্যে পড়েছে। তাদের মধ্যে ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানই বেশি।
পোশাকশিল্পে দুশ্চিন্তা কতটা
চলতি অর্থবছরের সাত মাসে মোট পণ্য রপ্তানি ৮৪ শতাংশ তৈরি পোশাক খাত থেকে এসেছে। এ সময়ে ২ হাজার ৭৪১ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। এ রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ১৪ দশমিক ৩১ শতাংশ বেশি।
তৈরি পোশাকশিল্পের উদ্যোক্তারা তিন-চার মাস ধরে বলছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোতে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় তৈরি পোশাকের চাহিদা কমে গেছে। সে কারণে ক্রয়াদেশ কমে গেছে। এমনকি তিন মাস ধরে ৪০০ কোটি ডলারের পোশাক রপ্তানি কীভাবে হচ্ছে, সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন।
জানতে চাইলে নিট পোশাকশিল্পমালিকদের সংগঠন বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম প্রথম আলোকে বলেন, বড়দিনের পর ক্রয়াদেশ কিছুটা বাড়লেও গত বছরের তুলনায় অনেক কম। অনেক কারখানা শ্রমিকের মজুরি দিতে হিমশিম খাচ্ছে। গ্যাস-বিদ্যুতের সংকট ও মূল্যবৃদ্ধি এ সংকট আরও বাড়িয়েছে।
অন্যদিকে চট্টগ্রামের ডেনিম এক্সপার্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘ক্রয়াদেশস্বল্পতায় গত বছরের শেষ দিকে কারখানার সক্ষমতার ৩০-৪০ শতাংশ অব্যবহৃত ছিল। বর্তমানে ক্রয়াদেশ পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তাতে কারখানার সক্ষমতার ২০ শতাংশ অব্যবহৃত থাকছে। আশা করছি জুন-জুলাই থেকে ক্রয়াদেশ পরিস্থিতির আরও উন্নতি হবে।’
ইপিবির তথ্যানুযায়ী, চলতি অর্থবছরের প্রথম চার মাস (জুলাই–অক্টোবর) ৩০০ কোটি ডলারের বেশি পোশাক রপ্তানি হয়েছে। পরের তিন মাসে রপ্তানি হয়েছে ৪০০ কোটি ডলারের পোশাক। গত সাত মাসের মধ্যে সেপ্টেম্বর মাসে তৈরি পোশাক রপ্তানিতে সাড়ে ৭ শতাংশ নেতিবাচক প্রবৃদ্ধি হয়। বাকি ছয় মাসের মধ্যে জুলাইয়ে ১৭, আগস্টে ৩৬, নভেম্বরে ৩৫, ডিসেম্বরে ১৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। গত ২০২১-২২ অর্থবছরে তৈরি পোশাক খাতের রেকর্ড রপ্তানি (৪ হাজার ২৬১ কোটি ডলার) হয়েছিল। প্রবৃদ্ধির পরিমাণ ছিল ৩৫ শতাংশের মতো। চলতি অর্থবছরের প্রথম সাত মাসে ১৪ শতাংশের বেশি প্রবৃদ্ধি আছে। সেই বিচারে তৈরি পোশাক রপ্তানি বেশ ভালো।
জানতে চাইলে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম প্রথম আলোকে বলেন, করোনার পর বাড়তি ক্রয়াদেশ থাকায় পোশাকশিল্পের অনেক কারখানাই উৎপাদন সক্ষমতা বৃদ্ধি করে। তার কারণেই গত অর্থবছরে ৩৪ শতাংশ প্রবৃদ্ধি হয়। যুদ্ধ শুরুর পর স্বাভাবিকভাবেই ক্রয়াদেশ কমে যায়। তাতে করোনার পর কারখানাগুলোর বাড়তি সক্ষমতা হয়তো অব্যবহৃত থাকছে। যদিও রপ্তানিতে প্রবৃদ্ধি আছে।
অন্যান্য খাতে দুশ্চিন্তা
বিদায়ী অর্থবছরে তৈরি পোশাক ছাড়া হোম টেক্সটাইল, চামড়া ও চামড়াজাত পণ্য, প্রক্রিয়াজাত খাদ্য এবং পাট ও পাটজাত পণ্যের রপ্তানি ১০০ কোটি ডলারের মাইলফলকে পৌঁছায়। যদিও চলতি অর্থবছরের প্রথম সাত মাসে এই পাঁচ খাতের তিনটি অর্থাৎ পাট ও পাটজাত পণ্যে ২১ শতাংশ, হোম টেক্সটাইল ১৭ এবং কৃষি প্রক্রিয়াজাত পণ্যের রপ্তানি ২৬ শতাংশ কমে গেছে।
অন্যদিকে আরেক সম্ভাবনাময় খাত হিমায়িত খাদ্যের রপ্তানি কমেছে ২৫ শতাংশ। রপ্তানি হয়েছে ২৯ কোটি ডলার। এ বিষয়ে হিমায়িত খাদ্য রপ্তানিকারক সমিতির সভাপতি মো. আমিন উল্লাহ বলেন, ‘আমরা প্রতি কেজি চিংড়ি ১০ ডলারে রপ্তানি করতাম। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর চিংড়ির চাহিদা কমে যায়। ক্রেতাপ্রতিষ্ঠান প্রতি কেজি চিংড়ির দাম ৩-৪ ডলার কম দিচ্ছে। তাতে অনেক প্রতিষ্ঠানই চিংড়ি রপ্তানি করতে পারছে না।’
এ বিষয়ে সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, পোশাকের বাইরে অধিকাংশ খাতের রপ্তানি কমে যাওয়া দুশ্চিন্তার। বর্তমান প্রেক্ষাপটে সরকারের নজরদারি বাড়াতে হবে। কারণ, রপ্তানি কমে যাওয়া খাতগুলো বিপদে পড়লে কর্মী ছাঁটাইসহ নানা সমস্যা তৈরি হবে।