১৫ মার্চের মধ্যে বাজেট প্রস্তাব পাঠাতে বলেছে এনবিআর
সব ব্যবসায়ী সংগঠনকে ১৫ মার্চের মধ্যে বাজেট প্রস্তাব পাঠাতে বলেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। ২০২৬–২৭ অর্থবছরের বাজেট প্রণয়নের কাজ শুরু করেছে এনবিআর।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাজেট প্রস্তুতে সহায়তার লক্ষ্যে বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনকে তাদের স্ব স্ব বাজেট প্রস্তাব ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের কাছে লিখিতভাবে পাঠাতে হবে। একই সঙ্গে এনবিআর সফট কপি পাঠাতে অনুরোধ করেছে এনবিআর।
কোথায় কীভাবে পাঠাতে হবে
ব্যবসায়ী সংগঠনগুলোকে তাদের বাজেট প্রস্তাবের সফট কপি [email protected]–এর মাধমে এনবিআরে পাঠাতে হবে। এনবিআর প্রাপ্ত প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। যেসব প্রতিষ্ঠান, সংস্থা বা দপ্তর কোনো চেম্বার বা অ্যাসোসিয়েশনের সদস্য নয়, তারাও সরাসরি ওই ই-মেইলের মাধ্যমে বাজেট প্রস্তাব পাঠাতে পারবে।
এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের রাজস্ব আহরণ বাজেট প্রণয়নে এনবিআর নীতিমালা প্রস্তুত করে থাকে। এ লক্ষ্যে একটি অংশগ্রহণমূলক, গণমুখী ও ন্যায়সম্মত বাজেট প্রণয়নে বরাবরই সব পর্যায়ের করদাতা, বিভিন্ন শিল্প ও বণিক সমিতি, ট্রেড অ্যাসোসিয়েশন, পেশাজীবী সংগঠন, গবেষণা প্রতিষ্ঠান ও দেশের বুদ্ধিজীবী মহলের নিকট থেকে জাতীয় রাজস্ব বোর্ড বাজেট প্রস্তাব আহ্বান এবং তাঁদের সঙ্গে রাজস্ব আহরণ পদ্ধতি সম্পর্কে আলোচনা করে আসছে।