অর্থনৈতিক সাংবাদিকদের দক্ষতা বাড়াতে বিএফটিআই ও ইআরএফ একসঙ্গে কাজ করবে

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিএফটিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোস্তফা আবিদ খান এবং ইআরএফের সভাপতি দৌলত আকতার মালা ও সাধারণ সম্পাদক আবুল কাশেমসহ অন্যরা। আজ বুধবার রাজধানীর কারওয়ান বাজারের টিসিবি ভবনে বিএফটিআইয়ের সম্মেলনকক্ষেছবি: ইআরএফ

বাণিজ্য, অর্থনীতি, গবেষণা, প্রশিক্ষণ ও জ্ঞান আদান-প্রদানে প্রাতিষ্ঠানিক সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই) এবং অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)।

গতকাল বুধবার রাজধানীর কারওয়ান বাজারের টিসিবি ভবনে বিএফটিআইয়ের সম্মেলনকক্ষে এই সমঝোতা চুক্তি সই হয়। বিএফটিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোস্তফা আবিদ খান এবং ইআরএফের সভাপতি দৌলত আকতার মালা নিজ নিজ প্রতিষ্ঠানের চুক্তিতে সই করেন।

এই চুক্তির আওতায় উভয় প্রতিষ্ঠান যৌথভাবে সেমিনার, কর্মশালা, গোলটেবিল বৈঠক ও সম্মেলন আয়োজন করবে। পাশাপাশি দেশের বাণিজ্য ও অর্থনৈতিক ইস্যু নিয়ে জ্ঞান আদান-প্রদানে একসঙ্গে কাজ করবে প্রতিষ্ঠান দুটি।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধি ও পেশাগত উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন ইআরএফ সভাপতি দৌলত আকতার মালা। তিনি বলেন, অর্থনৈতিক সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে বিএফটিআই ও ইআরএফ যৌথভাবে কাজ করে যাবে। এ ছাড়া নীতিনির্ধারক, বাণিজ্যবিশেষজ্ঞ, ব্যবসায়ী নেতা, গবেষক ও গণমাধ্যমকর্মীদের নিয়ে সংলাপ ও পারস্পরিক মতবিনিময় অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।

বিএফটিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোস্তফা আবিদ খান বলেন, সমঝোতা স্মারক অনুযায়ী যৌথ গবেষণা, সেমিনার ও কর্মশালা আয়োজনের জন্য একটি প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করা হবে। এর মাধ্যমে উভয় সংস্থা নিজেদের অভিজ্ঞতা, নেটওয়ার্ক ও প্রাতিষ্ঠানিক শক্তিকে কাজে লাগিয়ে দেশের বাণিজ্য এবং অর্থনৈতিক উন্নয়নে তথ্যভিত্তিক ও গঠনমূলক আলোচনার পথ সুগম করবে।