সিগারেটের দাম নিয়ে জটিলতায় ৪ হাজার কোটি টাকা রাজস্ব হারানোর শঙ্কা: পিপিআরসি
সিগারেটের নিম্ন ও মধ্যম স্তরে শুধু দাম নির্ধারণের মারপ্যাঁচে সরকার চার হাজার কোটি টাকার রাজস্ব হারাতে পারে। বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) সমীক্ষায় এমন তথ্য উঠে এসেছে।
আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে তামাক খাতের কর ও নীতি সংস্কারবিষয়ক সংবাদ সম্মেলন আয়োজন করে পিপিআরসি। এতে সভাপতিত্ব করেন পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থাটির জ্যেষ্ঠ গবেষক ইহতিসাম হাসান।
মূল প্রবন্ধে বলা হয়, সরকার নিম্ন স্তরে ১০ শলাকার প্যাকেটের দাম ৬২ টাকা নির্ধারণ করেছে। কিন্তু খুচরা পর্যায় কেউ ৬ টাকা ২০ পয়সায় সিগারেট পাচ্ছেন না, বিক্রি হচ্ছে ৭ টাকায়। একইভাবে মধ্যম পর্যায়েও ৮০ পয়সা বেশি দিতে হচ্ছে ক্রেতাদের। এতে এই দুই স্তরে সরকারের রাজস্ব লোকসান হবে প্রায় ৪ হাজার ৬২ কোটি টাকা।
সভাপতির বক্তব্যে হোসেন জিল্লুর রহমান বলেন, মাঠের বাস্তবতা না দেখে কাগুজে সিদ্ধান্ত নেওয়ায় সরকারের রাজস্ব ক্ষতি হচ্ছে। দামের পার্থক্যের এই চক্র থেকে যে রাজস্ব লোকসান হচ্ছে, তা ঠেকানো দরকার। আবার ই সিগারেটের বিষয়ে সরকারের দৃষ্টিভঙ্গি ভুল। সংজ্ঞায়ন দুর্বল করা হয়েছে। পাউচকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এতে তরুণ সমাজ ভয়াবহ সংকটের মুখে পড়বে, এমন ঝুঁকি আছে।
সংবাদ সম্মেলনে নিম্ন দুই স্তরের সিগারেটের প্যাকেটের দাম ৬২ টাকার বদলে ৭০ এবং ৯২ টাকার বদলে ১০০ টাকা নির্ধারণের পরামর্শ দেওয়া হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শাফিউন এন শিমুল ও এস এম আবদুল্লাহ।