তিন কারণে চড়া সবজির বাজার
তিন কারণে আড়তেও এখন সবজির বাড়তি দাম। এ দাম নিয়ে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে তৈরি হয়েছে অসন্তুষ্টি। আবার বাজারে সবজির দাম বাড়লেও তার খুব বেশি সুফল পাচ্ছেন না উৎপাদকেরা। হাতবদলেই হু হু করে দাম বাড়ছে বাজারে।
দাম বাড়ার জন্য ব্যবসায়ীরা যে তিনটি কারণের কথা উল্লেখ করেছেন, সেগুলো হলো সার ও জ্বালানির মূল্যবৃদ্ধি এবং বাড়তি সেচের কারণে উৎপাদন খরচ বেড়ে যাওয়া। ঢাকার পার্শ্ববর্তী মানিকগঞ্জ ও সাভারের সবজির আড়তের ব্যবসায়ী ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, বাজারে সরবরাহের কোনো ঘাটতি নেই।
গতকাল শনিবার বিকেলে মানিকগঞ্জের কাঁচামালের সবচেয়ে বড় পাইকারি বাজার জাগীর বন্দর কাঁচামালের আড়তে প্রচুর সবজির সরবরাহ দেখা গেছে। চাষিরা বলছেন, ইউরিয়াসহ সব ধরনের সার ও জ্বালানি তেলের দাম বাড়ায় খরচ বেড়েছে। এ ছাড়া এবার বৃষ্টিপাত কম হওয়ায় সেচের জন্যও বাড়তি খরচ লেগেছে। এ তিনে মিলিয়ে বেড়েছে উৎপাদন খরচ।
মানিকগঞ্জে জাগীর বন্দর ও ভাটবাউরে সবজির বড় বাজার রয়েছে। এ দুই বাজারে রয়েছে বেশ কিছু আড়ত। এসব বাজারে বিকেলে যেসব সবজি বিক্রির জন্য তোলা হয়, তা মূলত ঢাকার কারওয়ান বাজার ও গাজীপুরের বিভিন্ন বাজারে সরবরাহ করা হয়।
এদিকে সাভারের ফোর্ডনগর এলাকা ঘুরে দেখা যায়, নানা ধরনের সবজি তোলায় ব্যস্ত চাষিরা। এসব সবজি সাভার ও ঢাকার বিভিন্ন বাজারে নিয়ে বিক্রি করা হয়। চাষিরা বলছেন, উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় সবজি চাষ করে জীবিকা নির্বাহ করা তাঁদের পক্ষে দুরূহ হয়ে পড়েছে। এবার ১৭ বিঘা জমিতে পটোল, চালকুমড়া, বেগুন ও ধুন্দুল আবাদ করেছেন স্থানীয় কৃষক মো. আতাউর রহমান। তিনি বলেন, গত বছর একই জমিতে আবাদে খরচ হয়েছিল প্রায় তিন লাখ টাকা। এ বছর তা বেড়ে দাঁড়ায় প্রায় পাঁচ লাখ টাকায়। গত বছর ৫০ কেজির এক বস্তা ইউরিয়া সারের দাম ছিল ৭৮০ থেকে ৮০০ টাকা। এ বছর তা বেড়ে হয়েছে ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৪২০ টাকা। একইভাবে টিএসপির দাম বেড়েছে প্রায় ৫০০ টাকা। কীটনাশকের দামও ৫০ থেকে ১০০ টাকা বেড়ে গেছে। এর বাইরে সেচ বাবদ খরচ বেড়েছে ১২০ টাকা। চাষের ক্ষেত্রে বিঘাপ্রতি ট্রাক্টরভাড়াও ২০০ টাকা বেড়েছে। এখন বাজারে যে দামে সবজি বিক্রি হচ্ছে, তাতে উৎপাদন খরচ উঠছে না।
একই কথা বলেন মানিকগঞ্জ সদরের চর মত্ত গ্রামের চাষি ফজলুর রহমান। তিনি বলেন, দুই বিঘা জমিতে বেগুন, এক বিঘায় লাউ এবং এক বিঘায় কুমড়ার আবাদ করেছেন। তাতে সব মিলিয়ে প্রায় এক লাখ টাকা খরচ হয়েছে। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় সবজির আবাদে তেমন লাভের মুখ দেখেননি।
জাগীর বন্দর কাঁচামালের আড়ত সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম বলেন, আড়তে সবজির সরবরাহ বেশ। প্রতিদিন এখান থেকে ২০ ট্রাক সবজি ঢাকা ও গাজীপুরের বিভিন্ন বাজারে সরবরাহ করা হয়।
এদিকে সাভারের বিভিন্ন বাজার ঘুরে জানা যায়, বাজারে কৃষকের বিক্রি করা দামের চেয়ে ৫ থেকে ১০ টাকা বেশি দামে সবজি বিক্রি করছেন পাইকারি ও খুচরা বিক্রেতারা। সাভারের পাইকারি সবজি বিক্রেতা মো. শফিক আহমেদ বলেন, ‘পণ্য পরিবহনের বাড়তি খরচ পুষিয়ে নিতে দাম বাড়ানো ছাড়া আমাদের আর কোনো উপায় নেই।’ তবে গেন্ডা বাজারের খুচরা বিক্রেতা জাহিদ হাসান বলেন, জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় সবজির দামও বাড়তি।