দুই বছর পর পায়রা বন্দরে ভিড়েছে পণ্যবাহী জাহাজ
দুই বছর বিরতির পর পটুয়াখালীর পায়রা বন্দরের প্রথম টার্মিনালে ভিড়েছে চীনের পতাকাবাহী জাহাজ ‘ফান ঝউ-৬’। আজ বুধবার সকাল ১০টায় বন্দরের জন্য কেনা ৫টি কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট নিয়ে জাহাজটি সরাসরি টার্মিনালে নোঙর করেছে।
পায়রা বন্দরের প্রথম টার্মিনালের জন্য আনা ৫টি আধুনিক ইকুইপমেন্টের মধ্যে নানজিং পোর্ট অ্যান্ড হারবার মেশিনারি কোম্পানির ৮০ টন ধারণক্ষমতাসম্পন্ন ২টি এসটিএস শিপ টু শোর গেন্ট্রি ক্রেন, ৪০ টন ধারণক্ষমতাসম্পন্ন ২টি রাবার টায়ার গেন্ট্রি ক্রেন (আরটিজি), ৮০ টন ধারণক্ষমতাসম্পন্ন জু ঝাউ কনস্ট্রাকশন মেশিনারি গ্রুপের (এক্সসিএমজি) ১টি মোবাইল হারবার ক্রেন রয়েছে। জাহাজটি গত ১৮ সেপ্টেম্বর এসব পণ্য নিয়ে চায়নার পিংতান বন্দর থেকে পায়রা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে।
এর আগে ২০২৪ সালের ১৫ মে ৫০ হাজার টন পাথর নিয়ে এমভি জেইন নামের একটি জাহাজ এবং একই বছরের ১ নভেম্বর ৪৮ হাজার টন পাথর নিয়ে এমভি ডা হং-১৬ নামের আরেকটি জাহাজ সরাসরি বন্দরের প্রথম টার্মিনালে পণ্য খালাস করেছিল।
পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপপরিচালক ও মিডিয়া উইংয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুর রহমান বলেন, ক্রেনগুলো সংযোজন করা হলে পায়রা বন্দরের কার্গো ও কনটেইনার হ্যান্ডেলিং কার্যক্রমের সময় কমবে, অপারেশন ক্ষমতা বৃদ্ধি পাবে এবং স্বল্পতম সময়ে জাহাজ থেকে কার্গো ও কনটেইনার খালাস করা সম্ভব হবে।
পায়রা বন্দরের চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল সৈয়দ সাইফ উল ইসলাম বলেন, রাবনাবাদ চ্যানেলের নাব্যতা–সংকটে ড্রেজিংয়ের পাশাপাশি পায়রাকে ডিজিটালাইজড বন্দরে হিসেবে গড়ে তুলতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বন্দর ব্যবহারের মাধ্যমে একদিকে জ্বালানি সাশ্রয় হবে, পাশাপাশি আমদানি ব্যয় কমবে এবং কোনো যানজট ছাড়াই ব্যবসায়ীরা পণ্য খালাস করতে পারবেন।