দুই মাসের শিশু কোলে নিয়ে ওএমএসের লাইনে মৌসুমী

দুই মাসের সন্তান কোলে নিয়ে ওএমএসের লাইনে দাঁড়িয়ে ভর্তুকি মূল্যে নিত্যপণ্য কিনলেন মৌসুমী আক্তার। আজ রাজধানীর মিরপুরের চলন্তিকা বস্তি এলাকায়।ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুর-৬ এলাকার বাসিন্দা মৌসুমী আক্তার। আজ সোমবার সকাল পৌনে ১১টায় স্থানীয় চলন্তিকা বস্তি এলাকায় ট্রাকে করে খোলাবাজারে পণ্য বিক্রির (ওএমএস) লাইনে এসে দাঁড়ান। কোলে তাঁর ১ মাস ২৪ দিন বয়সী পুত্র আফিফ হোসেন।

মৌসুমী লাইনে দাঁড়ানোর আগেই দেড় শতাধিক নারী-পুরুষ কম দামে পণ্য কেনার লাইনে দাঁড়িয়েছেন। কার আগে কে দাঁড়াবেন, তা নিয়ে তাঁদের মধ্যে চলছিল ধাক্কাধাক্কি। কিন্তু শিশুপুত্র কোলে নিয়ে মৌসুমী ধাক্কাধাক্কি এড়িয়ে ট্রাকের এক পাশে দাঁড়িয়ে ট্রাকে থাকা চাল-আটা বিক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করে যাচ্ছিলেন। এক ঘণ্টার বেশি সময় চেষ্টার পর বিক্রেতাদের নজরে পড়েন তিনি। তখন বিশেষ বিবেচনায় তাঁর কাছে পাঁচ কেজি চাল ও দুই কেজি আটা বিক্রি করা হয়। কোলের শিশুকে আরেকজনের কোলে দিয়ে এসব পণ্য সংগ্রহ করেন তিনি।

দুই মাসের সন্তান কোলে নিয়ে ভর্তুকি মূল্যে নিত্যপণ্য কিনতে ওএমএসের লাইনে দাঁড়িয়ে আছেন মৌসুমী আক্তার। আজ রাজধানীর মিরপুরের চলন্তিকা বস্তি এলাকায়।
ছবি: প্রথম আলো

জানতে চাইলে মৌসুমী আক্তার বলেন, ‘এর আগে কখনো ওএমএসের ট্রাক থেকে পণ্য কিনিনি। কিন্তু বাজারে জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, তাতে সংসার খরচ আর সামাল দেওয়া যাচ্ছে না। তাই বাধ্য হয়ে একটু কম দামে পণ্য কিনতে আজই প্রথম ওএমএসের ট্রাক থেকে পণ্য কিনেছি। চলতি মাসে আরও দুইবার ওএমএসের পণ্য কিনতে এসেছিলাম। কিন্তু ছোট বাচ্চা কোলে নিয়ে দীর্ঘসময় অপেক্ষার করেও পণ্য কিনতে পারিনি। আজই প্রথম পণ্য কেনার সুযোগ পেলাম।’

এ নিয়ে তিন দিন ওএমএসের লাইনে দাঁড়িয়ে আজ পণ্য কিনতে পেরে খুশি মনেই বাড়িতে ফেরেন মৌসুমী। পণ্য নিয়ে যাওয়ার পথে প্রথম আলোকে বলেন, স্বামীর আয় বাড়লে আর এভাবে কোলের শিশু নিয়ে লাইনে দাঁড়িয়ে পণ্য কেনার ঝক্কি পোহাতে হবে না।

মৌসুমী আক্তার জানান, তাঁর স্বামী ইলেকট্রনিকসের দোকানে কাজ করেন। কাজ পাওয়ার ওপর তাঁর আয় নির্ভর করে। এ জন্য স্থানীয় সমিতি ও পরিচিতজনদের কাছ থেকে ধারদেনা করে সংসার চলে। এখন স্বামীর কাজ অনেক কমে গেছে, তাই বাধ্য হয়ে ওএমএসের লাইনে দাঁড়িয়েছেন তিনি।

অবশ্য মৌসুমী আক্তার সেখানে কোনো ব্যতিক্রম ঘটনা নয়। চলন্তিকা বস্তির ওই এলাকায় এক-দুই মাসের শিশু নিয়ে আরও এসেছেন জ্যোৎস্না বেগম ও আফিয়া খাতুন। ঝুঁকি নিয়ে আরও এসেছেন আট মাসের অন্তঃসত্ত্বা নারী শিল্পী, সত্তরোর্ধ্ব বৃদ্ধ নারী অজিফা বেগম ও জাহানারা বেগম।

এ ছাড়া দিনমজুর, সিটি করপোরেশনের কর্মী, রিকশাচালক, গৃহকর্মীসহ বিভিন্ন পেশার নিম্ন আয়ের নারী-পুরুষও আসেন কম দামে ওএমএসের চাল-আটা কিনতে।
হতদরিদ্র পরিবারকে সহায়তা করার জন্য চাল ও আটা খোলাবাজারে বিক্রির (ওএমএস) কর্মসূচি চালু করেছে সরকার। কিন্তু বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এখন ওএমএসের লাইন বড় হচ্ছে প্রতিদিন। কম দামে পণ্য কিনতে এখন ওএমএসের লাইনে ভিড় করছেন মধ্যবিত্তরাও।

ওএমএসের মাধ্যমে সরকার নির্ধারিত দামে চাল ও আটা বিক্রি করে খাদ্য অধিদপ্তর। প্রতি কেজি চাল ৩০ টাকা ও দুই কেজির প্যাকেটজাত আটা ৫৫ টাকা, প্রতি কেজি খোলা আটা ২৪ টাকা। ওএমএসের ট্রাক থেকে একজন ক্রেতা সর্বোচ্চ পাঁচ কেজি চাল ও দুই কেজি আটা কিনতে পারেন। এতে ব্যয় হয় ২০৫ টাকা। বাজার থেকে সমপরিমাণ চাল ও আটা কিনতে ৪০০ টাকার মতো লাগে।