শঙ্খপাড়ের সবজি বাজারে তিন ঘণ্টায় বিক্রি ৫০ লাখ টাকার
ভোরের কুয়াশার চাদর সরেনি তখনো। দেখা যাচ্ছে না দূরের কিছু। তবে নৌকা ছুটে আসার শব্দ ভেসে আসে বাতাসে। তখন সকাল সাতটা। সারি সারি নৌকা এসে ভিড় করল ঘাটে। একেকটিতে ফুলকপি, বেগুন, শিম, বরবটি—কী নেই! কেউ সবজির ঝাঁকা কাঁধে নিয়ে যাচ্ছেন বাজারে, কেউ আবার নামিয়ে রাখছেন নৌকা থেকে। চারদিকে উৎসব উৎসব ভাব।
চোখ জুড়িয়ে যাওয়া দৃশ্যটি চট্টগ্রাম নগর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরের দোহাজারী রেলস্টেশন কাঁচাবাজারের। সেই এলাকার শঙ্খ নদের পাড়ে প্রতিবছর শীত মৌসুমে সবজির বাজার জমে ওঠে। প্রতিদিন বসে এ হাট। কেনাবেচা চলে তিন থেকে চার ঘণ্টা। গত মঙ্গলবার সেখানে গিয়ে চিরচেনা এ দৃশ্য চোখে পড়ল। শঙ্খপাড়ের রেলস্টেশন ঘাটে পাইকারি সবজি বাজার।
সেখানে ভোর থেকে জড়ো হয় একেকটি সবজিবোঝাই নৌকা। চট্টগ্রাম নগরের বিভিন্ন বাজার, চকরিয়া, কক্সবাজার, ফটিকছড়ি, হাটহাজারী, পটিয়া, বোয়ালখালীসহ আশপাশের এলাকার খুচরা ও পাইকারি বিক্রেতারা এসব সবজি কিনে নিয়ে যান। ৩ ঘণ্টায় গড়ে ৫০ লাখ টাকার বিক্রিবাট্টা হয় বলে জানান দোহাজারী পৌরসভার উপসহকারী কৃষি কর্মকর্তা মৃণাল কান্তি দাশ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বাজারে ঝুড়িভর্তি সবজি সারি সারি রাখা। কোনোটিতে ফুলকপি, কোনোটিতে শিম, কোনোটিতে বেগুন। সড়কে রাখা ছোট ছোট ট্রাক। দূরদূরান্ত থেকে আসা ব্যবসায়ীরা সবজি কিনে তুলছিলেন ট্রাকে। কেউ আবার দরাদরিতে ব্যস্ত।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেল, শঙ্খ নদের উত্তরে মুন্সির চর আর দক্ষিণে লালদিয়ার চর। এ ছাড়া আশপাশের গোরিঙ্গা হাট, কাইজ্যাখালী, ধোয়াছড়ি, চিড়িং ঘাটা, ধর্মপুর, রসুলাবাদ, চাগা চরসহ বিভিন্ন এলাকাজুড়ে চাষ করা হয় নানা ধরনের সবজি। এর মধ্যে আছে ফুলকপি, বাঁধাকপি, শিম, পেঁপে, মুলা, বেগুন, কাঁচা মরিচ, ধনেপাতা, বরবটি, লাউসহ আরও নানা সবজি। সকাল ৭টা থেকে ১০টা—এই তিন ঘণ্টাতেই এসব সবজি বিক্রি হয়ে যায়।
দোহাজারীর সবজির চাহিদা বেশি থাকার কারণ হিসেবে উপসহকারী কৃষি কর্মকর্তা মৃণাল কান্তি দাশ প্রথম আলোকে বলেন, পাহাড়ি ঢলে বছরের একটা সময় শঙ্খ নদের পানি বেড়ে যায়। পানি উপচে চলে যায় আশপাশের জমিতে। সেসব জমিতে এসব সবজি উৎপাদিত হয়। এ কারণে এখানকার সবজি খেতে সুস্বাদু, কদরও বেশি।
জমজমাট বাজার
শঙ্খপাড়ে সবজির বিক্রিবাট্টা কবে শুরু হয়েছে, তার দিন-তারিখ কারও জানা নেই। কত টাকার ব্যবসা হয়, তার হিসাবও রাখেন না কৃষক বা বিক্রেতারা। তবে স্থানীয় কৃষি কর্মকর্তা মৃণাল কান্তি দাশ প্রতিদিনকার বিক্রির হিসাব রাখেন। তিনি জানান, শীত মৌসুমে সবজির বিক্রি সবচেয়ে বেশি হয়। প্রতিদিন গড়ে ৫০ লাখ টাকার বিক্রি হয়। অন্য দুই মৌসুমে হয় ২০ থেকে ২৫ লাখ টাকা।
বয়োবৃদ্ধ কৃষক ও পুরোনো ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেল, পাকিস্তান আমল থেকেই দোহাজারী রেলস্টেশন বাজারে টুকটাক বিক্রিবাট্টা হচ্ছে। কিন্তু তিন দশক আগে থেকে জমজমাট হয়ে ওঠে এ বাজার। দূরদূরান্ত থেকে ব্যবসায়ীরা গাড়ি নিয়ে এসে এখান থেকে সবজি নিয়ে যান।
চাগা চরে সবজির চাষ করেন মো. আমিন। গত মঙ্গলবার সকাল সাড়ে ছয়টায় তিনি বাজারে আসেন। তিনি ১২৫ কেজি শিম নিয়ে এসেছিলেন। ২৪ টাকা কেজি দরে এসব শিম বিক্রি করেন।
পঞ্চাশোর্ধ্ব মো. জুনু, ত্রিশোর্ধ্ব মো. আমিনসহ আরও কয়েক কৃষক জানান, চাষিদের কর্মযজ্ঞ শুরু হয় ফজরের আজানের পর থেকেই। আজানের পরপরই সবজিখেতে নেমে যান চাষিরা। বাছাই করে বিভিন্ন সবজি তোলেন ঝুড়িতে। এরপর সেগুলো পানিতে ধুয়ে নেন। শেষে নৌকায় ভর্তি করে ঘাটে নিয়ে আসা হয়। এ ঘাট দিয়ে প্রতিদিন আনুমানিক দুই থেকে তিন হাজার মণ সবজি বিক্রির জন্য আনা হয়।
সবজির দাম নিয়ে ব্যবসায়ীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। চট্টগ্রাম নগরের ২ নম্বর গেট থেকে সবজি নিতে এসেছিলেন খুচরা বিক্রেতা মো. মোশতাক। তিনি শিম, ফুলকপি, বাঁধাকপি, কাঁচা মরিচ, ধনেপাতাসহ আরও কয়েক পদের সবজি কেনেন। ছোট আকারের ট্রাকে করে এসব সবজি তিনি নিয়ে যান নগরে। ভাড়া গুনতে হয় তিন হাজার টাকা। মোশতাক বলেন, সবজির দাম কিছুটা কমেছে। একটি ট্রাকে ২০ থেকে ২৫ মণ করে সবজি পরিবহন করা হয়।
দীর্ঘ প্রায় দুই দশক ধরে শঙ্খপাড়ে সবজি চাষ ও বিক্রির সঙ্গে জড়িত চাগা চরের বাসিন্দা সিরাজুল ইসলাম। এ বছর ব্যবসায় তেমন লাভ উঠে আসেনি বলে অভিযোগ করেন তিনি। বলেন, ‘সবজি উৎপাদনে খরচ বেশি হচ্ছে। সে তুলনায় এখন দাম পাওয়া যাচ্ছে না। বাজারে সবজির সরবরাহ এখন বেশি হওয়ায় দাম পড়ে গেছে।’
কোন মৌসুমে কোন সবজি
শঙ্খপাড়ের আশপাশের জমিতে তিন মৌসুমেই সবজির চাষ হয়। বছরের ১৫ অক্টোবর থেকে ১৫ মার্চ পর্যন্ত রবি মৌসুম। এ মৌসুমে সাধারণত শীতকালীন সবজির উৎপাদন হয়। এরপর ১৬ মার্চ থেকে ১৫ জুলাই পর্যন্ত খরিফ-১ মৌসুম। ওই মৌসুমে গ্রীষ্মকালীন সবজির চাষ হয়। আর খরিফ-২ শুরু হয় ১৬ জুলাই থেকে। ১৫ অক্টোবর পর্যন্ত এ সময়ে চাষ হয় শরৎকালীন সবজির।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, দোহাজারী পৌরসভার সবচেয়ে বেশি এলাকাজুড়ে শিমের চাষ হয়। ১৩০ হেক্টর জমিতে শিম চাষ করেন কৃষকেরা। মুলা চাষ হয় ১১০ হেক্টর জমিতে। এ ছাড়া বরবটি ৭০, বেগুন ১০, ফুলকপি ৪০, বাঁধাকপি ৩৫, টমেটো ৩৫, পেঁপে ১০, কাঁচা মরিচ ৩০, ধনেপাতা ১৫, লাউ ১৬, মিষ্টিকুমড়া ১৭, ঢ্যাঁড়স ১০, শসা ৪ হেক্টর জমিতে চাষ হয়।