স্পট মার্কেট থেকে ৬১৮ কোটি টাকার এলএনজি কিনছে পেট্টোবাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি)
ফাইল ছবি

সুইজারল্যান্ড থেকে আরও ৩৩ লাখ ৬০ হাজার এমবিটিইউ (মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট) তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এতে খরচ হবে ৬১৮ কোটি টাকা। আজ বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এলএনজি আমদানিসহ ১২টি ক্রয় প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ৫৭৪ কোটি টাকায় দেশটি থেকে ৩২ লাখ ৬০ হাজার এমবিটিইউ এলএনজি আমদানির সিদ্ধান্ত হয়।

অর্থ মন্ত্রণালয়ের পাঠানো বিবৃতিতে জানানো হয়, সুইজারল্যান্ডের টোটাল ইঞ্জিনিয়ারিং গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড কোম্পানি থেকে এই এলএনজি কেনা হবে।

পেট্রোবাংলা এই এলএনজি আমদানি করবে। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি সুইস কোম্পানি ভিটল থেকে ৫৭৪ কোটি টাকায় ৩২ লাখ এমবিটিইউ এলএনজি আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। সে ক্ষেত্রে প্রতি ইউনিট (এমবিটিইউ) এলএনজির দাম পড়ে ১৬ দশমিক ১০ ডলার। প্রায় সাত মাস বন্ধ থাকার পর গত ১ ফেব্রুয়ারি সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি চলতি অর্থবছরে প্রথমবারের মতো স্পট মার্কেট থেকে এলএনজি আমদানির অনুমোদন দেয়।

মূল্যবৃদ্ধির কারণে লোকসান কমাতে গত জুলাইয়ে স্পট মার্কেট থেকে এলএনজি কেনা বন্ধ করে দেয় পেট্রোবাংলা। ফলে দৈনিক গ্যাসের সরবরাহ ৪০-৪৫ কোটি ঘনফুট কমে যায়। এর প্রভাব পড়ে সব খাতে। সংকট মোকাবিলায় সরকার ঘোষণা দিয়ে বিদ্যুতে লোডশেডিং শুরু করে। শিল্পমালিকেরা বাড়তি দামে হলেও গ্যাস সরবরাহের নিশ্চয়তা চেয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে বারবার বৈঠক করে। তারই পরিপ্রেক্ষিতে গত ২৮ জানুয়ারি সরকারি নির্বাহী আদেশে বিদ্যুৎ ও শিল্প খাতে ১৭৯ শতাংশ পর্যন্ত গ্যাসের দাম বাড়ানো হয়। এরপর স্পট মার্কেট থেকে এলএনজি কেনার উদ্যোগ নেয় সরকার।

৬০ হাজার টন ইউরিয়া কিনবে সরকার

দেশি-বিদেশি দুই প্রতিষ্ঠান থেকে ৬০ হাজার টন ইউরিয়া সার কেনার প্রস্তাবও অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। তাতে খরচ ধরা হয়েছে প্রায় ২১৩ কোটি টাকা। ৬০ হাজার টন সারের মধ্যে বাংলাদেশি প্রতিষ্ঠান কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি (কাফকো) থেকে ৩০ হাজার টন ইউরিয়া সার কিনবে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি)। এতে ব্যয় হবে প্রায় ১০৬ কোটি টাকা। এ ছাড়া বিসিআইসির মাধ্যমে সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানির কাছ থেকে প্রায় ১০৭ কোটি টাকায় কেনা হবে বাকি ৩০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার।

আরও চিনি কিনছে সরকার

দেশি–বিদেশি দুই প্রতিষ্ঠান থেকে ২৫ হাজার টন চিনি কিনবে সরকার। এ জন্য খরচ ধরা হয়েছে প্রায় ২০১ কোটি ২৪ লাখ টাকা। দেশীয় প্রতিষ্ঠান গ্লোবাল করপোরেশন ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) গোল্ডেন উইন জেনারেল ট্রেডিং এফজেডইর কাছ থেকে এসব চিনি কেনা হবে। দেশীয় প্রতিষ্ঠান থেকে সরকার যে দামে চিনি কিনছে, ইউএইর কাছ থেকে কেনা হচ্ছে তার অর্ধেকেরও কম দামে।

অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ বা টিসিবির জন্য এসব চিনি কেনা হচ্ছে। এর মধ্যে গ্লোবাল করপোরেশন থেকে সাড়ে ১২ হাজার টন চিনি কেনা হচ্ছে ১৩২ কোটি ৫০ লাখ টাকায়। আর সম পরিমাণ চিনি ইউএইর গোল্ডেন উইন জেনারেল ট্রেডিং এফজেডই থেকে কেনা হচ্ছে প্রায় ৬৯ কোটি টাকায়।