জমজমাট ব্যবসা টিভি, প্রজেক্টরের 

টেলিভিশনের পাশাপাশি দেশে এখন প্রজেক্টরের বাজারও বাড়ছে। এবারের বিশ্বকাপে প্রজেক্টর ও টেলিভিশনের বিক্রি গতবারের চেয়ে বেড়ে হয়েছে দ্বিগুণ। 

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবল বিশ্বকাপ উপলক্ষে বাসাবাড়ি তো বটেই, পাড়া-মহল্লায়ও ফুটবল খেলা দেখার ধুম পড়েছিল। কেউ খেলা দেখেছেন টেলিভিশনে (টিভি), আবার কেউ বড় পর্দার প্রজেক্টরে। বিশ্বকাপ এলেই অনেকে ঘটা করে তাই টিভি ও প্রজেক্টরের মতো পণ্য কিনে থাকেন। এতে বেড়ে যায় এসব পণ্যের চাহিদা। এবারও তার ব্যতিক্রম হয়নি। এমনকি আর্জেন্টিনা বিশ্বকাপের ফাইনালে ওঠার পর শুধু ফাইনাল খেলা দেখার জন্যই অনেকে টিভি ও প্রজেক্টর কিনেছেন বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। 

রাজধানীর এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সিটি, গুলিস্তানের স্টেডিয়াম মার্কেটের ব্যবসায়ীদের দাবি, সব মিলিয়ে এবার বিশ্বকাপে টিভি ও প্রজেক্টরের ব্যবসা বেশ ভালো হয়েছে। গত বিশ্বকাপের সঙ্গে তুলনা করলে এবারের বিশ্বকাপে টিভি ও প্রজেক্টরের বিক্রি বেড়ে দ্বিগুণ হয়েছে। তবে অর্থনীতিতে সংকট না থাকলে এবারের বিশ্বকাপে টিভি, প্রজেক্টরের বিক্রি আরও বেশি হতো বলে জানিয়েছেন তাঁরা। 

বিশ্বকাপ উপলক্ষে টিভি বিক্রিতে এ বছর আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল, তা অর্জিত হয়েছে। স্বাভাবিক সময়ের চেয়ে বিশ্বকাপ উপলক্ষে বিক্রি ছিল দ্বিগুণ। বেচাবিক্রি বেশি হয়েছে নভেম্বর ও ডিসেম্বর মাসে। এবার ক্রেতাদের পছন্দের তালিকায় ছিল স্মার্ট টিভি।
মোস্তফা নাহিদ, প্রধান ব্যবসায়িক কর্মকর্তা, ওয়ালটন টেলিভিশন

ওয়ালটন টেলিভিশনের প্রধান ব্যবসায়িক কর্মকর্তা মোস্তফা নাহিদ প্রথম আলোকে বলেন, ‘বিশ্বকাপ উপলক্ষে টিভি বিক্রিতে এ বছর আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল, তা অর্জিত হয়েছে। স্বাভাবিক সময়ের চেয়ে বিশ্বকাপ উপলক্ষে বিক্রি ছিল দ্বিগুণ। বেচাবিক্রি বেশি হয়েছে নভেম্বর ও ডিসেম্বর মাসে। এবার ক্রেতাদের পছন্দের তালিকায় ছিল স্মার্ট টিভি। আর সবচেয়ে বেশি বিক্রি হয়েছে মাঝারি মানের টেলিভিশন। এর মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে ৪৩ ইঞ্চি টিভি।’

দেশের বাজারে ১০ থেকে ১২ হাজার টাকা থেকে শুরু করে কয়েক লাখ টাকার টেলিভিশন পাওয়া যায়। দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের টেলিভিশন পাওয়া যায় বাজারে। একটা সময় টিভি বিলাসবহুল পণ্য হলেও এখন তা প্রয়োজনীয় পণ্য। শহরের অধিকাংশ বাসাবাড়িতে তো বটেই, গ্রামাঞ্চলেরও প্রায় প্রতিটি বাড়িতে এখন টেলিভিশন রয়েছে। ফলে গত কয়েক বছরে দেশে টেলিভিশনের বাজার বেশ বড় হয়েছে। 

ইলেকট্রনিক পণ্য বিক্রির প্রতিষ্ঠান র‌্যাংগস ই-মার্টের শেওড়াপাড়া শাখার জ্যেষ্ঠ বিক্রয় ব্যবস্থাপক শাহরিয়ার নুর জানান, বিশ্বকাপ শুরুর প্রথম তিন-চার দিন বিক্রি কম ছিল। এরপরের কয়েক দিনে বিক্রি হু হু করে বেড়েছে। তাতে বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটির টেলিভিশন বিক্রির যে লক্ষ্যমাত্রা ছিল, তার শতভাগ পূরণ হয়েছে। র‌্যাংগসের ৪৩ ও ৫০ ইঞ্চির টেলিভিশন বেশি বিক্রি হয়েছে বলে জানান শাহরিয়ার নুর। 

পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট স্ট্যাটিস্টা বলছে, ২০২২ সালে বাংলাদেশে টেলিভিশনের বাজার বেড়ে দাঁড়িয়েছে ১১৪ কোটি মার্কিন ডলারে। প্রতি ডলারের বিনিময় মূল্য ১০০ টাকা ধরে হিসাব করলে বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় সাড়ে ১১ হাজার কোটি টাকার বেশি। ২০২৭ সাল পর্যন্ত এই বাজার প্রতিবছর ৩ দশমিক ৮৯ শতাংশ হারে বাড়বে বলে জানিয়েছে স্ট্যাটিস্টা। তাতে ২০২৭ সালে দেশে টেলিভিশনের সংখ্যা হবে ৯৭ লাখ। টিভির সংখ্যার বিবেচনার ২০২৩ সালে প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৪ শতাংশ। 

ব্যবসায়ীরা বলছেন, ইলেকট্রনিক পণ্যের মধ্যে টেলিভিশন ও ফ্রিজের চাহিদা বছরজুড়েই থাকে। বিশেষ কোনো উপলক্ষ এলে বিক্রি আরও বেড়ে যায়। তবে এবার বিশ্বকাপে টেলিভিশনের সঙ্গে প্রজেক্টরের বিক্রিও বেড়েছে সমানতালে। অনেক ক্ষেত্রে টেলিভিশনের চেয়ে প্রজেক্টরের চাহিদা বেশি ছিল বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। 

রাজধানীর মাল্টিপ্ল্যান সিটির প্রজেক্টর ডটকম ডটবিডি নামের প্রতিষ্ঠানের পরিচালক মো. তুহিন জুবায়েদ প্রথম আলোকে বলেন, ২০১০ সালের বিশ্বকাপের পর থেকে প্রজেক্টরের চাহিদা বাড়তে থাকে। স্কুল-কলেজ ও কোচিংয়ের জন্য এখন অনেকে প্রজেক্টর কিনে থাকেন। তবে চাহিদা বেড়ে যায় খেলার সময়। গত বিশ্বকাপের তুলনায় এবার প্রজেক্টরের বিক্রি বেড়ে দ্বিগুণের বেশি হয়েছে। 

এলিফ্যান্ট রোড, আইডিবি ভবন ও গুলিস্তানের আমদানিকারক প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার ফুটবল বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকে কোয়ার্টার ফাইনালের আগপর্যন্ত বিক্রি বেশি ছিল। প্রতিদিন অন্তত ৫০০ প্রজেক্ট বিক্রি করেছে প্রতিষ্ঠানগুলো। তবে সময়মতো আমদানি না করতে পারায় অনেক ব্যবসায়ী সব প্রজেক্টর বিক্রি করতে পারেননি। 

এমনই একটি প্রতিষ্ঠান জুম টেকনোলজির প্রধান নির্বাহী কর্মকর্তা সউদ আল মামুন প্রথম আলোকে বলেন, প্রজেক্টরের বাজার পুরোটা আমদানিনির্ভর। সাম্প্রতিক ডলার-সংকটের কারণে প্রযুক্তিপণ্য আমদানিতে কিছুটা সমস্যা হচ্ছে। তাতে সঠিক সময়ে পণ্য না আসায় কিছু প্রজেক্টর অবিক্রীত থেকে গেছে। সেগুলো এখন কম দামে বিক্রি করতে হচ্ছে।

বাজারে এখন যেসব ব্র্যান্ডের প্রজেক্টর বেশি চলে তার মধ্যে উল্লেখযোগ্য ইপসন, হিটাচি, ইনফোকাস, ম্যাক্সেল, ভ্যানকিউর ইত্যাদি। তবে এবার বাজারে দাপট দেখিয়েছে চেরিলাক ব্র্যান্ডের প্রজেক্টর। চেরিলাকের দাম তুলনামূলক কম হওয়ায় মানুষের আগ্রহ ছিল বেশি। চেরিলাকের প্রজেক্টের দাম ১০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত। অন্য ব্র্যান্ডের প্রজেক্টরের দাম ৩০ থেকে ৭০ হাজার টাকা।

প্রযুক্তিপ্রতিষ্ঠান স্টার টেকের বিক্রয় ও বিপণন বিভাগের জ্যেষ্ঠ সহকারী ব্যবস্থাপক শরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, নতুন অনেক ক্রেতাকে এবার প্রজেক্টর কিনতে দেখা গেছে। তাতে বেচাকেনা ভালো হয়েছে।

সবাই যে প্রজেক্টর কিনে ফুটবল খেলা দেখেছেন, তা নয়। খুলনার বয়রা সানরাইজ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে পালপাড়া রেজার মোড়ে খেলা দেখার আয়োজনের সমন্বয়ক রিজভী চঞ্চল প্রথম আলোকে বলেন, ‘বিনিয়োগ কম হওয়ায়, প্রজেক্টর ভাড়ায় নিয়ে সবাই মিলে খেলা দেখেছি। সবাই একসঙ্গে জমজমাট আয়োজনের সাক্ষী হলাম।’