রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে আশাবাদী নতুন এনবিআর চেয়ারম্যান

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব সংস্থাটির সর্বস্তরের কর্মকর্তা–কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। আজ মঙ্গলবার রাজস্ব ভবনেছবি: প্রথম আলো

আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ঘোষিত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব। দায়িত্ব গ্রহণের প্রথম দিনে আজ মঙ্গলবার নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সততা, নিষ্ঠা, দেশপ্রেম ও কঠোর পরিশ্রমের মাধ্যমে লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব। সে জন্য সবাই মিলে কাজ করতে হবে।

আগামী অর্থবছরে এনবিআরের জন্য ছয় লাখ চার হাজার কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ঘোষিত বাজেটে।

আগারগাঁওয়ের রাজস্ব ভবনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর কার্যালয়ে আসার পর এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান। এনবিআরের অভ্যন্তর থেকে একজনকে চেয়ারম্যান নিয়োগ করায় বেশির ভাগ কর্মকর্তা-কর্মচারীর মধ্যে ছিল একধরনের উচ্ছ্বাস। এনবিআরে আসার আগে তিনি সকালে সচিবালয়ে গিয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব গ্রহণ করেন।

পরে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা তাঁর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে এলে তিনি তাঁদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।

গতকাল সরকার তাঁকে এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। এর আগে এনবিআরের কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা অনুবিভাগের সদস্য হিসেবে তিনি দায়িত্ব পালন করছিলেন।