জুলাই যোদ্ধাদের আবাসনে বরাদ্দ ৩০০ কোটি

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জুলাই গণ–অভ্যুত্থানে শহীদ পরিবার ও কর্মক্ষমতা হারানো জুলাই যোদ্ধাদের পরিবারের আবাসনের জন্য ৩০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এটা অবশ্য নতুন প্রকল্পের জন্য নয়, চলমান প্রকল্পের অংশ হিসেবে এই বরাদ্দ দেওয়া হয়েছে।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানিয়েছেন, জুলাই গণ–অভ্যুত্থানে শহীদ পরিবারদের মাসিক ২০ হাজার টাকা এবং ‘এ’, ‘বি’ ও ‘সি’ ক্যাটাগরিতে আহত ব্যক্তিদের যথাক্রমে ২০, ১৫ ও ১০ হাজার টাকা মাসিক ভাতা দেওয়া হচ্ছে। আগামী বাজেটে এই ভাতা অব্যাহত রাখার প্রস্তাব করেছেন তিনি।

সেই সঙ্গে ভাতাভোগীর সংখ্যা বৃদ্ধির প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। এই সংখ্যা ১ হাজার ৮৫৭ জন বৃদ্ধি করে ১৬ হাজার ৫১৩ জন করার প্রস্তাব দিয়েছেন তিনি।

২০২৫ সালের ১ ডিসেম্বর একনেক বৈঠকে আহত জুলাই যোদ্ধাদের জন্য ১ হাজার ৫৬০টি ফ্ল্যাট নির্মাণের প্রকল্প অনুমোদন করা হয়। অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার প্রকল্প ব্যয় নির্ধারণ করে ১ হাজার ৩৪৪ কোটি টাকা।

এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-২৪-এ শহীদ পরিবারের স্থায়ী বাসস্থান প্রদানের জন্য আলাদা প্রকল্প হাতে নেয় অন্তর্বর্তী সরকার। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের নিজস্ব জমিতে ‘৩৬ জুলাই’ আবাসিক ফ্ল্যাট নির্মাণ করা হবে। এতে খরচ হবে ৭৬১ কোটি টাকা। ২০২৮ সালে প্রকল্পটি শেষ হবে। এ প্রকল্পও গত বছরের ১ ডিসেম্বর পাস হয়।

অর্থাৎ অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার জুলাই গণ–অভ্যুত্থানে শহীদ পরিবার ও কর্মক্ষমতা হারানো জুলাই যোদ্ধাদের পরিবারের আবাসনের জন্য ২ হাজার ১০৫ কোটি টাকার প্রকল্প হাতে নেয়। সেই প্রকল্প অব্যাহত রাখতে বিএনপি সরকার এবারের প্রস্তাবিত বাজেটে ৩০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে।