সেরা করদাতা এনজিও আশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বেসরকারি সংস্থা তথা এনজিওগুলোর মধ্যে সেরা করদাতা নির্বাচিত হয়েছে আশা। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২১-২২ কর বছরের জন্য সেরা করদাতাদের যে তালিকা করেছে, সেখানে ‘অন্যান্য’ শ্রেণিতে সেরা করদাতা প্রতিষ্ঠান হিসেবে নাম উঠে এসেছে আশার।

আশা ছাড়াও এ তালিকায় রয়েছে আরও তিনটি এনজিও। সেগুলো হলো—ব্যুরো বাংলাদেশ, ইউনাইটেড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস ফর প্রোগ্রামড অ্যাকশনস বা উদ্দীপন ও রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার বা রিক। চারটি প্রতিষ্ঠানই ঢাকার কর অঞ্চল-৫-এর করদাতা প্রতিষ্ঠান। সেরা করদাতা এনজিওর তালিকায় শীর্ষে রয়েছে আশার নাম। এর পরের অবস্থানে রয়েছে যথাক্রমে ব্যুরো বাংলাদেশ, উদ্দীপন ও রিক।

সেরা করদাতা নির্বাচিত হওয়া এনজিও আশা কার্যক্রম শুরু করে ১৯৭৮ সালে। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা শফিকুল হক চৌধুরী এটির প্রতিষ্ঠাতা। বর্তমানে সারা দেশে সংস্থাটির ৩ হাজার ৭৩ শাখা রয়েছে। গত নভেম্বর পর্যন্ত আশার বিতরণ করা ঋণের পরিমাণ ছিল ১৩ হাজার ১৯৫ কোটি টাকা।

ব্যুরো বাংলাদেশ ১৯৯০ সালে কার্যক্রম শুরু করে। বর্তমানে বেসরকারি এই সংস্থার সারা দেশে ১ হাজার ২৮৭টি শাখা রয়েছে। অক্টোবর পর্যন্ত সংস্থাটির বিতরণ করা ঋণের পরিমাণ সুদাসলে দাঁড়িয়েছে ১০ হাজার ৬৩২ কোটি টাকায়।

সেরা করদাতা নির্বাচিত হওয়া অপর সংস্থা উদ্দীপনের যাত্রা শুরু ১৯৮৪ সালে। সারা দেশে সংস্থাটির এক হাজারের মতো শাখা রয়েছে। দেশজুড়ে সংস্থাটির গ্রাহকসংখ্যা সোয়া ১০ লাখের বেশি।

বেসরকারি অপর সংস্থা রিকের কার্যক্রম শুরু হয় ১৯৮১ সালে। ক্ষুদ্রঋণ কার্যক্রমসহ দেশের আর্থসামাজিক উন্নয়নে নানা ধরনের কার্যক্রম পরিচালনা করে সংস্থাটি। দেশের ৫৫ জেলার ৪০ হাজারের বেশি গ্রামে এ সংস্থার কার্যক্রম ছড়িয়ে রয়েছে।

জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা ২০১০ (সংশোধিত) অনুযায়ী, ২০২১-২২ কর বছরের জন্য ‘অন্যান্য’ শ্রেণিতে ৫ এনজিওসহ সেরা করদাতা ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামের তালিকা প্রকাশ করেছে এনবিআর। এরই মধ্যে এ-সংক্রান্ত সরকারি গেজেট প্রকাশ করা হয়েছে। সেখান থেকে এসব তথ্য পাওয়া গেছে। সেরা করদাতাদের আনুষ্ঠানিকভাবে সম্মাননা ও ট্যাক্স কার্ড দেবে এনবিআর।

২০১৬ সাল থেকে সেরা করদাতাদের ট্যাক্স কার্ড ও সম্মাননা দিয়ে আসছে এনবিআর। সেরা করদাতা হিসেবে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এবারও ১৪১টি ট্যাক্স কার্ড দেবে এনবিআর। এর মধ্যে ব্যক্তি রয়েছেন ৭৬ জন, বাকিগুলো প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ব্যাংক, ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান, টেলিযোগাযোগ, প্রকৌশল, খাদ্য ও আনুষঙ্গিক, জ্বালানি, পাটশিল্প, স্পিনিং ও টেক্সটাইল, ওষুধ ও রসায়ন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, আবাসন, তৈরি পোশাক, চামড়াশিল্প ও অন্যান্য খাত।