দেশের শিল্প খাতের জন্য ২০২৫-২৬ অর্থবছর খুব স্বস্তির ছিল না। জ্বালানি ঘাটতিতে ব্যাহত হয়েছে কারখানার উৎপাদন, রপ্তানিতেও উল্লেখযোগ্য কোনো প্রবৃদ্ধি হয়নি। এমন পরিস্থিতির মধ্যেও শুল্ক-করসহ আমদানি ও রপ্তানি বাণিজ্যে শতকোটি ডলার বা এক বিলিয়ন ডলারের সীমা অতিক্রম করেছে দেশের নয়টি শিল্প গ্রুপ। ২০২৪-২৫ অর্থবছরে এ তালিকায় ছিল আটটি শিল্প গ্রুপ।
গত অর্থবছর শেষে আমদানি-রপ্তানি বাণিজ্যে বিলিয়ন ডলার ক্লাবে যে নয়টি শিল্প গ্রুপ স্থান করে নিয়েছে সেগুলো হলো মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই), প্রাণ-আরএফএল গ্রুপ, দক্ষিণ কোরিয়ার ইয়াংওয়ান করপোরেশন, আবুল খায়ের গ্রুপ, স্কয়ার গ্রুপ, বিএসআরএম, টি কে গ্রুপ, খায়ের কাশেম গ্রুপ ও হা-মীম গ্রুপ।
এক বছর আগেও এই ক্লাবে ছিল সিটি গ্রুপ। কিন্তু সংকটে থাকা দেশের শীর্ষস্থানীয় এই শিল্প গ্রুপের আমদানি-রপ্তানি এক বছরে কমেছে ৪১ শতাংশ। তাতে বিলিয়ন ডলার ক্লাবের নির্ধারিত ১০০ কোটি ডলারের সীমার নিচে নেমেছে গ্রুপটি। এদিকে নতুন করে কয়েকটি চালু কারখানা কিনে প্রথমবারের মতো এই ক্লাবে ঢুকেছে খায়ের কাশেম গ্রুপ। আর রপ্তানি সাফল্যের তালিকায় নতুন যুক্ত হয়েছে হা-মীম গ্রুপ। বাকি সাতটি গ্রুপ আগের বছরের মতো গত অর্থবছরেও তাদের বৈদেশিক বাণিজ্যে বিলিয়ন ডলারের লেনদেন ধরে রেখেছে।
এনবিআরের হিসাবে, বিলিয়ন ডলার ক্লাবে থাকা নয়টি গ্রুপ গত অর্থবছরে ৯৮৩ কোটি ডলারের পণ্য আমদানি করেছে। বিপরীতে রপ্তানি করেছে প্রায় ৩০৫ কোটি ডলারের পণ্য। আমদানি পর্যায়ে শুল্ক-কর দিয়েছে ১৯ হাজার ৯৪৪ কোটি টাকা বা প্রায় ১৬৩ কোটি ডলার। সব মিলিয়ে এই নয়টি গ্রুপের আমদানি-রপ্তানি বাণিজ্যের সম্মিলিত পরিমাণ দাঁড়ায় ১ হাজার ৪৫৫ কোটি ডলার। শুল্ক-কর বাদে শুধু আমদানি ও রপ্তানি পণ্যমূল্য ধরলে যার পরিমাণ দাঁড়ায় ১ হাজার ২৮৭ কোটি ডলার, যা গত অর্থবছরে দেশের মোট আমদানি-রপ্তানির প্রায় ১১ শতাংশ। গত অর্থবছরে দেশের মোট আমদানি-রপ্তানি বাণিজ্যের পরিমাণ ছিল ১১ হাজার ৯৩৩ কোটি ডলারের। বিলিয়ন ডলার ক্লাবে থাকা ৯ শিল্প গ্রুপে কাজ করেন প্রায় ৬ লাখ মানুষ।
‘বিলিয়ন ডলার ক্লাব’ বলতে শুল্ক-করসহ আমদানি ব্যয় এবং পণ্য ও সেবা (সমুদ্রগামী জাহাজে পণ্য পরিবহনে আয়) রপ্তানি মূল্য মিলিয়ে বছরে অন্তত ১০০ কোটি ডলারের বাণিজ্য যাদের, সেসব শিল্পগোষ্ঠীকে বোঝানো হয়েছে। এটি গ্রুপগুলোর মোট বিক্রি বা মুনাফার হিসাব নয়। সাধারণত কোনো শিল্প গ্রুপ শেয়ারবাজারে তালিকাভুক্ত না হলে তাদের বার্ষিক লেনদেনের তথ্য প্রকাশ করে না। তবে আমদানি-রপ্তানি বাণিজ্যের সঙ্গে যুক্ত উৎপাদনমুখী প্রতিষ্ঠানের মধ্যে কারা শীর্ষে রয়েছে, সেই হিসাব বের করা যায়।
ব্যবসার ধরনে তিন মডেল
বিলিয়ন ডলার ক্লাবে থাকা ৯ শিল্প গ্রুপের ব্যবসার মডেল তিন ধরনের। এর মধ্যে ইয়াংওয়ান ও হা-মীম পুরোপুরি রপ্তানিমুখী, তাদের রপ্তানি আমদানির চেয়ে বেশি। প্রাণ-আরএফএল ও স্কয়ার গ্রুপ দেশীয় বাজারের পাশাপাশি রপ্তানিতেও বড় অবস্থান তৈরি করেছে। অন্যদিকে এমজিআই, আবুল খায়ের, বিএসআরএম, টি কে ও খায়ের কাশেম গ্রুপ মূলত দেশের বাজারের জন্য পণ্য উৎপাদন করে।
ইয়াংওয়ান ও হা-মীম পুরোপুরি রপ্তানিমুখী, তাদের রপ্তানি আমদানির চেয়ে বেশি। প্রাণ-আরএফএল ও স্কয়ার গ্রুপ দেশীয় বাজারের পাশাপাশি রপ্তানিতেও বড় অবস্থান তৈরি করেছে। অন্যদিকে এমজিআই, আবুল খায়ের, বিএসআরএম, টি কে ও খায়ের কাশেম গ্রুপ মূলত দেশের বাজারের জন্য পণ্য উৎপাদন করে।
শীর্ষে এমজিআই
বিলিয়ন ডলার ক্লাবে এবারও শীর্ষে রয়েছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। শুল্ক-করসহ গত অর্থবছরে গ্রুপটির আমদানি ও রপ্তানির পরিমাণ ছিল প্রায় ৩২৬ কোটি ৯১ লাখ ডলারে, যা আগের অর্থবছরের তুলনায় ১৪ শতাংশ বেশি। গ্রুপটি ২৬৭ কোটি ১৭ লাখ ডলারের পণ্য আমদানি করেছে। আমদানি পর্যায়ে শুল্ক-কর দিয়েছে ৫ হাজার ৫০২ কোটি টাকা বা প্রায় ৪৫ কোটি ডলার। আর রপ্তানি করেছে ১৪ কোটি ৭৫ লাখ ডলারের পণ্য।
এমজিআইয়ের অন্তত ২৩টি খাতে উৎপাদনমুখী কারখানা রয়েছে। চিনি, এলপিজি, ভোজ্যতেল, প্লাস্টিকের কাঁচামাল, প্রাণিখাদ্য ও সমুদ্রগামী জাহাজের ব্যবসায় গ্রুপটির বড় অবস্থান রয়েছে। গ্রুপটির বহরে সমুদ্রগামী জাহাজের সংখ্যা ৩০। গ্রুপটির বেশির ভাগ কারখানায় আমদানির বিকল্প পণ্য উৎপাদিত হয়। ৫১ বছর আগে উদ্যোক্তা মোস্তফা কামালের হাত ধরে এমজিআইয়ের যাত্রা। গ্রুপটির প্রধান ব্র্যান্ড ‘ফ্রেশ’। গ্রুপের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটিতে কাজ করেন প্রায় ৬৮ হাজার মানুষ।
সংকটের মধ্যেও উৎপাদনমুখী খাতে বিনিয়োগ বন্ধ করিনি। ধারাবাহিক বিনিয়োগই এমজিআইকে শীর্ষে নিয়ে এসেছে।মোস্তফা কামাল, চেয়ারম্যান, এমজিআই
এমজিআইয়ের চেয়ারম্যান মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, ‘সংকটের মধ্যেও উৎপাদনমুখী খাতে বিনিয়োগ বন্ধ করিনি। ধারাবাহিক বিনিয়োগই এমজিআইকে শীর্ষে নিয়ে এসেছে। দেশে আমদানির বিকল্প পণ্য উৎপাদন করে বৈদেশিক মুদ্রা সাশ্রয় করছি। এখন ভারী ও মৌলিক শিল্পে বিনিয়োগ বাড়াচ্ছি। আগামী বছর কুমিল্লা অর্থনৈতিক অঞ্চল চালু হলে সেখানে ছয়টি কারখানায় উৎপাদন শুরু হবে। পাশাপাশি রপ্তানি আয় বাড়াতে সমুদ্রগামী জাহাজের বহরও বড় করছি। নতুন শিল্প গড়া ও কর্মসংস্থান সৃষ্টির এই নেশা ধরে রাখতে চাই।’
প্রাণ-আরএফএল: ১৯% প্রবৃদ্ধি
তালিকায় দ্বিতীয় স্থানে প্রাণ-আরএফএল গ্রুপ। শুল্ক-করসহ গ্রুপটির আমদানি ও রপ্তানি বাণিজ্যের পরিমাণ ২২৬ কোটি ২২ লাখ ডলার, যা আগের অর্থবছরের তুলনায় ১৯ শতাংশ বেশি। গ্রুপটির পণ্য আমদানি ১৩৯ কোটি ৬৫ লাখ ডলারের। আর রপ্তানি ৫১ কোটি ৭৬ লাখ ডলার। আমদানি পর্যায়ে শুল্ক-কর দিয়েছে ৪ হাজার ২৫৭ কোটি টাকা।
গ্রুপটির সবচেয়ে বড় শক্তি বাজারের বিস্তার। গত অর্থবছরে ১২৯টি দেশে পণ্য রপ্তানি করেছে প্রাণ-আরএফএল। রপ্তানির ৭৭ শতাংশই তৈরি পোশাকের বাইরের পণ্য। সবচেয়ে বড় তিন বাজার সৌদি আরব, যুক্তরাষ্ট্র ও ভারত। মূলধনি যন্ত্রপাতি আমদানিতেও গ্রুপটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের একটি। গ্রুপটিতে কর্মসংস্থান হয়েছে ২ লাখ ৪ হাজার জনের।
প্রাণ-আরএফএল আরও ভালো করবে বলে বিশ্বাস করি। কারণ, উৎপাদনের দিক দিয়ে বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে ভালো দেশগুলোর একটি।আহসান খান চৌধুরী, চেয়ারম্যান প্রাণ-আরএফএল গ্রুপ
প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘গত অর্থবছরে আমরা অনেক সমস্যার মুখোমুখি হয়েছি। ভারতে স্থলবন্দর দিয়ে রপ্তানিতে বিধিনিষেধ, মধ্যপ্রাচ্য যুদ্ধ প্রতিযোগিতা সক্ষমতা কমিয়ে দিয়েছে। দেশেও জ্বালানি স্বল্পতার কারণে কষ্ট করতে হয়েছে। এরপরও আগামী দিনে প্রাণ-আরএফএল আরও ভালো করবে বলে বিশ্বাস করি। কারণ, উৎপাদনের দিক দিয়ে বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে ভালো দেশগুলোর একটি, এখানে উৎপাদন ব্যয় অনেক কম।’
ইয়াংওয়ান: রপ্তানিতে শীর্ষে
শীর্ষ ৯ শিল্পগোষ্ঠীর তালিকায় একমাত্র বিদেশি প্রতিষ্ঠান দক্ষিণ কোরিয়ার ইয়াংওয়ান করপোরেশন। গত অর্থবছর গ্রুপটির আমদানি-রপ্তানি বাণিজ্যের পরিমাণ ছিল ১৭৫ কোটি ৪৭ লাখ ডলার, যা আগের অর্থবছরের তুলনায় ১৫ শতাংশ বেশি। মোট বাণিজ্যে তৃতীয় হলেও রপ্তানিতে সবার ওপরে ছিল ইয়াংওয়ান। গত অর্থবছর গ্রুপটি ১১১ কোটি ৬১ লাখ ডলারের পণ্য রপ্তানি করেছে। একই সময়ে ইয়াংওয়ানের আমদানি ছিল শুল্ক-করসহ ৬৩ কোটি ৮৫ লাখ ডলারের। অর্থাৎ গ্রুপটির রপ্তানি আমদানির প্রায় পৌনে দুই গুণ।
ইয়াংওয়ানের রপ্তানির ৯৪ শতাংশই তৈরি পোশাক; যার বড় অংশ উচ্চ মূল্যের জ্যাকেট ও আউটডোর পোশাক। গত অর্থবছরে ৬২টি দেশে পণ্য রপ্তানি করেছে গ্রুপটি। গ্রুপটির বড় বাজারের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, জার্মানি ও চীন। প্রায় ৪৫ বছর আগে বাংলাদেশে যাত্রা শুরু হয় ইয়াংওয়ানের। গ্রুপটির উদ্যোগে চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠে দেশের প্রথম বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কোরিয়ান ইপিজেড। গ্রুপের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম ও ঢাকায় তাদের কারখানায় কাজ করেন ৮০ হাজারের বেশি মানুষ।
বাংলাদেশে উচ্চ মূল্যের পোশাক উৎপাদন বাড়াতে পর্যাপ্ত ও নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ জরুরি।কিহাক সাং, চেয়ারম্যান, ইয়াংওয়ান করপোরেশন
ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সাং প্রথম আলোকে বলেন, কোরিয়ান ইপিজেডে কৃত্রিম তন্তুভিত্তিক পণ্যের উৎপাদন বাড়াতে এবং উৎপাদনের আরও ধাপ নিজেদের ব্যবস্থাপনায় আনতে চায় ইয়াংওয়ান। তবে সম্প্রসারণের পথে বড় বাধা জ্বালানির অপর্যাপ্ত সরবরাহ। এ কারণে কৃত্রিম তন্তুভিত্তিক পণ্যের উৎপাদন বাড়ানো ও নতুন বিনিয়োগের সুযোগ সীমিত হয়ে পড়েছে। ইয়াংওয়ানের বিনিয়োগ পরিকল্পনা বাস্তবায়ন এবং বাংলাদেশে উচ্চ মূল্যের পোশাক উৎপাদন বাড়াতে পর্যাপ্ত ও নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ জরুরি।
আবুল খায়ের: ভারী শিল্পের কাঁচামালে ভর
বিলিয়ন ডলার ক্লাবে চতুর্থ অবস্থানে থাকা আবুল খায়ের গ্রুপ গত অর্থবছরে প্রায় ১২৩ কোটি ৬০ লাখ ডলারের পণ্য আমদানি করেছে। আমদানি পর্যায়ে রাজস্ব দিয়েছে ৩ হাজার ৯৩৩ কোটি টাকা (প্রায় ৩২ কোটি ১৫ লাখ ডলার)। সব মিলিয়ে গত অর্থবছরে গ্রুপটি ১৬০ কোটি ডলারের পণ্য আমদানি-রপ্তানি করেছে। গ্রুপটির আমদানির প্রায় ৯৫ শতাংশই শিল্পের কাঁচামাল। রড, সিমেন্ট, ঢেউটিন, গুঁড়া দুধ, চা, তামাকসহ বিভিন্ন খাতে তাদের বড় অবস্থান রয়েছে।
গত অর্থবছরে গ্রুপটি রপ্তানি করেছে প্রায় ৪ কোটি ৩০ লাখ ডলারের পণ্য। রপ্তানির ৮৩ শতাংশই তামাক, যার বড় গন্তব্য যুক্তরাষ্ট্র। গ্রুপটি নতুন নতুন খাতেও বিনিয়োগ বাড়াচ্ছে। ইস্পাত উৎপাদনক্ষমতা সম্প্রসারণের পাশাপাশি ওষুধ ও পাট খাতে বিনিয়োগ করেছে গ্রুপটি। গ্রুপটি গত অর্থবছরে ওষুধ রপ্তানি শুরু করেছে।
১৯৫৩ সালে যাত্রা শুরু হওয়া এই গ্রুপকে শীর্ষে নিয়ে গেছেন আবুল খায়েরের সন্তানেরা। বর্তমানে ইস্পাত ছাড়াও সিমেন্ট, শিপিং, সিরামিকসহ বিভিন্ন খাতে প্রায় অর্ধশত প্রতিষ্ঠান রয়েছে গ্রুপটির। গ্রুপটিতে কর্মসংস্থান হয়েছে প্রায় ৬০ হাজার মানুষের।
স্কয়ার গ্রুপ: দেশে ওষুধ, বিদেশে পোশাক
তালিকার শিল্প গ্রুপগুলোর মধ্যে প্রাণ-আরএফএলের পর সবচেয়ে বেশি দেশে পণ্য রপ্তানি করে স্কয়ার গ্রুপ, ৯৭টিতে। শুল্ক-করসহ গ্রুপটির আমদানি ও রপ্তানি বাণিজ্যের পরিমাণ ১২১ কোটি ৭৭ লাখ ডলার, যা ২০২৪-২৫ অর্থবছরের তুলনায় ১ শতাংশ বেশি। গত অর্থবছরে প্রায় ৭১ কোটি ডলারের পণ্য আমদানি ও প্রায় ৪১ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে গ্রুপটি। আমদানি পর্যায়ে সরকারকে রাজস্ব দিয়েছে ১ হাজার ২৮৪ কোটি টাকা বা সাড়ে ১০ কোটি ডলার।
স্কয়ারের ওষুধ ব্যবসা মূলত দেশের বাজারনির্ভর। বিপরীতে রপ্তানি আয়ের ৮৯ শতাংশই আসে তৈরি পোশাক থেকে। বাকি অংশ আসে ওষুধ, খাদ্যপণ্য ও প্রসাধন থেকে।
উৎপাদনে অপচয় কমানো ও পরিবেশবান্ধব উৎপাদনের মাধ্যমে ব্যবসা টেকসই করার ওপর বেশি জোর দিচ্ছি।তপন চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক, স্কয়ার ফার্মা
জানতে চাইলে স্কয়ার টেক্সটাইলের চেয়ারম্যান ও স্কয়ার ফার্মার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তপন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমরা বর্তমানে নতুন কারখানা করছি না। পণ্যের মানোন্নয়নের পাশাপাশি উচ্চ মূল্যের টেক্সটাইল পণ্য, বিশেষ করে ডেনিম কাপড় ও উচ্চ মূল্যের তৈরি পোশাক রপ্তানি শুরু করেছি। এ ছাড়া উৎপাদনে অপচয় কমানো ও পরিবেশবান্ধব উৎপাদনের মাধ্যমে ব্যবসা টেকসই করার ওপর বেশি জোর দিচ্ছি।’
বিএসআরএম: এক খাতেই বিলিয়ন ডলার
শুধু ইস্পাত ব্যবসা দিয়েই বিলিয়ন ডলারের বাণিজ্যের তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে বিএসআরএম। গত অর্থবছরে গ্রুপটি ১০৬ কোটি ৩৫ লাখ ডলারের পণ্য আমদানি করেছে। আমদানি পর্যায়ে শুল্ক-কর দিয়েছে ৯৯৭ কোটি টাকা (৮ কোটি ডলার)। রপ্তানি করেছে প্রায় দুই কোটি ডলারের পণ্য। শুল্ক-করসহ আমদানি ও রপ্তানি মিলিয়ে মোট অঙ্ক দাঁড়িয়েছে ১১৬ কোটি ৬৭ লাখ ডলারে।
আমদানির প্রায় ৯৮ শতাংশই ইস্পাতের কাঁচামাল, যা এসেছে ৭০টি দেশ থেকে। এসব কাঁচামালে উৎপাদিত ইস্পাতের প্রায় পুরোটাই দেশের বাজারে বিক্রি করে গ্রুপটি। রপ্তানির তালিকায় রয়েছে কারখানার উপজাত জিংক ছাই, জিংক অক্সাইড ও স্ল্যাগ। পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্রুপটির দুটি কোম্পানি গত অর্থবছরে প্রায় ২৪ হাজার কোটি টাকার ব্যবসা করেছে।
১৯৫২ সালে যাত্রা শুরু করা গ্রুপটির নেতৃত্বে এখন তৃতীয় প্রজন্ম। ইস্পাতের চাহিদা কমার মধ্যেও প্রবৃদ্ধি ধরে রাখার কথা জানিয়ে নতুন বিনিয়োগের পরিকল্পনার কথা বলছে বিএসআরএম।
প্রবৃদ্ধির ধারাবাহিকতা রাখতে এ খাতে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে।আমীর আলীহোসাইন, ব্যবস্থাপনা পরিচালক, বিএসআরএম
গ্রুপটির ব্যবস্থাপনা পরিচালক আমীর আলীহোসাইন প্রথম আলোকে বলেন, ‘ইস্পাতের সামগ্রিক চাহিদা কমলেও আমরা প্রবৃদ্ধি ধরে রেখেছি। এর কারণ আমাদের পণ্যের গুণগত মান ভালো। প্রবৃদ্ধির ধারাবাহিকতা রাখতে এ খাতে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। নীতিসহায়তা পেলে মিরসরাইয়ে ১০ হাজার কোটি টাকা ব্যয়ে ইস্পাত পাত তৈরির কারখানা গড়ে তুলতে চাই।’
টি কে গ্রুপ: ভোজ্যতেলেই বড় ব্যবসা
গ্রুপটি গত অর্থবছরে ৯৬ কোটি ডলারের পণ্য আমদানি করেছে। শুল্ক-কর দিয়েছে ১ হাজার ৯০৫ কোটি টাকা (প্রায় সাড়ে ১৫ কোটি ডলার)। গ্রুপটির রপ্তানি এক কোটি ডলার। সব মিলিয়ে গ্রুপটির আমদানি-রপ্তানি বাণিজ্যের পরিমাণ প্রায় ১১২ কোটি ৫৮ লাখ ডলার, যা আগের অর্থবছরের তুলনায় ২ শতাংশ কম।
টি কে গ্রুপের আমদানির ৯৮ শতাংশই শিল্পের প্রাথমিক ও মধ্যবর্তী কাঁচামাল। কাঁচামালের বড় অংশ অপরিশোধিত পাম ও সয়াবিন তেল। এ ছাড়া ঢেউটিনের কাঁচামাল ও রাসায়নিকও রয়েছে। গ্রুপটির রপ্তানির বড় অংশই আসছে ক্রাস্ট লেদার রপ্তানি থেকে। এ ছাড়া খাদ্যপণ্য, ইস্পাত, রাসায়নিক রপ্তানি করছে গ্রুপটি। প্রায় ৩৫ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে গ্রুপটিতে।
টি কে গ্রুপের সহযোগী সামুদা গ্রুপ বর্তমানে ব্যবসা সম্প্রসারণে রয়েছে। পেট্রোকেমিক্যাল, সিনথেটিক সুতা, সয়াবিন বীজ মাড়াই কারখানায় ব্যবসা সম্প্রসারণ করছে সামুদা গ্রুপ।
বর্তমানে বৈশ্বিক চ্যালেঞ্জ অনেক। এরপরও আমরা পরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে ব্যবসা সম্প্রসারণ করছি।মুহাম্মদ মুস্তাফা হায়দার, পরিচালক, টি কে গ্রুপ
জানতে চাইলে টি কে গ্রুপের পরিচালক মুহাম্মদ মুস্তাফা হায়দার প্রথম আলোকে বলেন, ‘বর্তমানে বৈশ্বিক চ্যালেঞ্জ অনেক। এরপরও আমরা পরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে ব্যবসা সম্প্রসারণ করছি।’
খায়ের কাশেম গ্রুপ: তালিকায় নতুন মুখ
প্রথমবারের মতো বিলিয়ন ডলার ক্লাবে উঠেছে খায়ের কাশেম গ্রুপ। আবুল খায়ের গ্রুপের চেয়ারম্যান আবুল কাশেম গ্রুপের বাইরে আলাদাভাবে এই নতুন গ্রুপ গড়ে তুলেছেন। গ্রুপের মূল প্রতিষ্ঠান হলো স্মাইল ফুড প্রডাক্টস লিমিটেড। ২০২৪ সালের মার্চ ও ডিসেম্বরে গ্রুপটি পাঁচটি প্রতিষ্ঠান অধিগ্রহণ করে। এর মধ্যে রয়েছে বীজ মাড়াই কারখানা ও চিনি পরিশোধন কারখানা এবং তিনটি তৈরি পোশাক কারখানা। সব মিলিয়ে গ্রুপটির আওতায় নয়টি প্রতিষ্ঠান রয়েছে। অধিগ্রহণের পর গত অর্থবছরে সংশ্লিষ্ট কারখানাগুলো পুরোদমে উৎপাদনে আসে। এটিই তাদের প্রথমবার বিলিয়ন ডলার ক্লাবে তুলে এনেছে।
গ্রুপটি গত অর্থবছরে আমদানি করেছে ৮৬ কোটি ১৬ লাখ ডলারের পণ্য, শুল্ক-কর দিয়েছে ১৭ কোটি ৩২ লাখ ডলার এবং রপ্তানি করেছে ৩ কোটি ৯৩ লাখ ডলারের পণ্য। সব মিলিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্যের পরিমাণ ১০৭ কোটি ৪১ লাখ ডলার। গ্রুপটির আমদানির ৯৮ শতাংশই ভোজ্যতেল ও চিনি খাতে।
হা-মীম: আমদানির আড়াই গুণ রপ্তানি
হা-মীম গ্রুপও এবার প্রথম বিলিয়ন ডলারের তালিকায় এসেছে। গ্রুপটি গত অর্থবছর ৭৫ কোটি ১৬ লাখ ডলারের পণ্য রপ্তানি করেছে, বিপরীতে আমদানি ২৯ কোটি ৮০ লাখ ডলার। অর্থাৎ তাদের রপ্তানি আমদানির আড়াই গুণ। যা নয়টি গ্রুপের মধ্যে সবচেয়ে ভালো অনুপাত।
বন্ডেড ওয়্যারহাউস সুবিধায় কাঁচামাল আসায় গ্রুপটির আমদানি পর্যায়ের শুল্ক-কর মাত্র ২১ কোটি টাকা। শুল্ক-কর বাদ দিলেও আমদানি ও রপ্তানি মিলিয়ে শতকোটি ডলার অতিক্রম করেছে হা-মীম। সব মিলিয়ে গ্রুপটির আমদানি-রপ্তানি বাণিজ্যের পরিমাণ ১০৫ কোটি ডলার। দেশীয় শিল্প গ্রুপগুলোর মধ্যে এটি শীর্ষ রপ্তানিকারক। পোশাকের বাইরে চা-বাগান, মুদ্রণ, গণমাধ্যম ও পাটকলের ব্যবসাও আছে গ্রুপটির।
জানতে চাইলে হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ প্রথম আলোকে বলেন, বিশ্বের নামী ব্র্যান্ডগুলোর জন্য কাজ করায় তাঁদের ব্যবসা বাড়াতে সুবিধা হয়েছে। পাশাপাশি নানাভাবে উৎপাদন সক্ষমতাও বাড়িয়েছেন তাঁরা। বিশেষ করে গত কয়েক বছর উৎপাদনে স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহারে বেশি জোর দিয়েছেন। এতে উৎপাদন বেড়েছে, যার সুফল ব্যবসায়ও পেয়েছেন তাঁরা।
গত কয়েক বছর উৎপাদনে স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহারে বেশি জোর দিয়েছি। এতে উৎপাদন বেড়েছে।এ কে আজাদ, ব্যবস্থাপনা পরিচালক, হা-মীম গ্রুপ
এ কে আজাদ আশা করেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকলে, শ্রমিক অসন্তোষের ঘটনা না ঘটলে এবং নতুন কোনো অনিশ্চয়তা তৈরি না হলে ভবিষ্যতেও তাঁরা ব্যবসার প্রবৃদ্ধির এই ধারা ধরে রাখতে পারবেন।
জানতে চাইলে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান থেকে শুরু হওয়া এসব গ্রুপের লেনদেনের পরিমাণ এখন শতকোটি ডলার ছাড়িয়েছে। উদ্যোক্তাদের পরিশ্রম ও দক্ষতা এবং সরকারি নীতিসহায়তার কারণে তারা আজ এ পর্যায়ে এসেছে। বর্তমানে যাঁরা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা রয়েছেন, তাঁদেরও যাতে এ পর্যায়ে পৌঁছানোর সুযোগ তৈরি হয়, সে জন্য নীতিসহায়তা দরকার। বড় শিল্পগোষ্ঠীগুলো নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারলেও ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সেই সক্ষমতা নেই। তাঁর মতে, বাংলাদেশের মতো অর্থনীতিতে এ সংখ্যা আরও বেশি হওয়া উচিত। যারা শতকোটি ডলারের সীমার নিচে নেমেছে, তাদের বিষয়টিও বিশ্লেষণ করা দরকার।