করছাড় পেতে এসএমই ফাউন্ডেশনে নিবন্ধন শুরু, আরও যেসব সুবিধা পাওয়া যাবে
দেশের মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (এমএসএমই) উদ্যোক্তাদের সরকারের বিভিন্ন করছাড়, বৈদেশিক লেনদেন সুবিধা ও অন্যান্য নীতিসহায়তা পেতে নিবন্ধন কার্যক্রম শুরু করেছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশন।
নতুন আয়কর আইন অনুযায়ী, বছরে ৫০ লাখ টাকা পর্যন্ত টার্নওভারের ক্ষেত্রে করমুক্ত সুবিধা পাবেন সাধারণ ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) উদ্যোক্তারা। আর নারী উদ্যোক্তাদের ক্ষেত্রে এই করমুক্ত সুবিধার সীমা ৭০ লাখ টাকা পর্যন্ত। প্রতিবন্ধী উদ্যোক্তারাও একই সুবিধা পাবেন।
এসএমই ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারের এ সুবিধাগুলো পেতে হলে প্রতিষ্ঠানগুলোকে এসএমই ফাউন্ডেশনের অধীনে নিবন্ধিত হতে হবে। ঘরে বসে অনলাইনে আবেদনের মাধ্যমে এই নিবন্ধন নেওয়া যাবে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে এসএমই ফাউন্ডেশনের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এমএসএমই নিবন্ধন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের সদস্য সামিম আহমেদ।
ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপব্যবস্থাপনা পরিচালক মো. নাজিম হাসান সাত্তার এবং মহাব্যবস্থাপক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও মো. আবদুস সালাম সরদার উপস্থিত ছিলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসএমই ফাউন্ডেশন এ তথ্য জানিয়েছে।
কী কী সুবিধা পাবেন নিবন্ধিত উদ্যোক্তারা
১. করছাড় সুবিধা: আয়কর আইন ২০২৩ অনুযায়ী, সাধারণ উদ্যোক্তারা বার্ষিক ৫০ লাখ টাকা এবং নারী উদ্যোক্তারা ৭০ লাখ টাকা পর্যন্ত টার্নওভারের আয়ে করছাড় পাবেন।
২. বিদেশে অর্থ পাঠানোর সুবিধা: বাংলাদেশ ব্যাংকের ২০২৫ সালের এক নির্দেশনা অনুসারে, নিবন্ধিত উদ্যোক্তারা ব্যবসায়িক কাজে বছরে সর্বোচ্চ তিন হাজার মার্কিন ডলার পর্যন্ত বিদেশে পাঠাতে পারবেন। এ লেনদেন করা যাবে বিশেষ এসএমই কার্ড বা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে। এ জন্য এসএমই ফাউন্ডেশন থেকে নিবন্ধন নিতে হবে।
৩. অন্যান্য সেবা ও নীতিসহায়তা: ভবিষ্যতে সরকারের অন্যান্য করসুবিধা ও নীতিসহায়তা পেতে এই নিবন্ধন সনদের প্রয়োজন হবে। পাশাপাশি এসএমই ফাউন্ডেশন আয়োজিত কোনো মেলায় (জাতীয় ও আঞ্চলিক) অংশগ্রহণ, আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণ, জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কারের আবেদন, সহজ শর্তে ঋণসহায়তা, রপ্তানি প্রশিক্ষণ, ‘ক্রেতা-বিক্রেতা ম্যাচমেকিং’ এবং প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশ নিতে এ নিবন্ধন সনদ বাধ্যতামূলক করা হয়েছে।
আবেদন করার পদ্ধতি
এসএমই ফাউন্ডেশন জানিয়েছে, উদ্যোক্তারা সহজেই অনলাইনে আবেদন করে এই নিবন্ধন সেবা নিতে পারবেন। এসএমই ফাউন্ডেশনের অফিশিয়াল ওয়েবসাইট (smef.gov.bd) কিংবা সংস্থাটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া নির্ধারিত লিংকে প্রবেশ করে অথবা কিউআর কোড স্ক্যান করে নিবন্ধন করা যাবে।
প্রয়োজনীয় তথ্য: প্রথমে মোবাইল নম্বর দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এরপর জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ট্রেড লাইসেন্স, ব্যবসার তথ্য, ঠিকানা, পণ্য বা সেবার বিবরণ, কর্মিসংখ্যা ও বার্ষিক টার্নওভারের তথ্য আপলোড করতে হবে।
ফি ও সনদ গ্রহণ: এক হাজার টাকা নিবন্ধন ফি অনলাইনে পরিশোধ করে আবেদন জমা বা সাবমিট করতে হবে। তথ্য ও কাগজপত্র যাচাই-বাছাই শেষে অনলাইনেই ই-সনদ বা ই-সার্টিফিকেট পাওয়া যাবে।
আবেদনের ক্ষেত্রে যেকোনো সহযোগিতার জন্য এসএমই ফাউন্ডেশনের হেল্পলাইন নম্বরে ফোন করে সহযোগিতা নেওয়া যাবে।