অর্থনীতির পরিস্থিতি আর খারাপ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।গতকাল বাংলাদেশ ব্যাংকের কার্যালয়
ছবি: খালেদ সরকার

বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি ঘোষণা অনুষ্ঠানে ঘুরেফিরে আলোচনায় ছিল ব্যাংক খাতের নানা অব্যবস্থাপনা। বিশেষ গ্রুপ ও ইসলামি ধারার ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ সহায়তার বিষয়টিও ঘুরেফিরে এসেছে আলোচনায়। এ ছাড়া ডলার–সংকটের পাশাপাশি তারল্যসংকট, আমানত কমে যাওয়া নিয়েও গভর্নর আব্দুর রউফ তালুকদারের সামনে নানা প্রশ্ন ছুড়ে দেন সাংবাদিকেরা।

মুদ্রানীতি ঘোষণা অনুষ্ঠানের শুরুতে গভর্নর বলেন, ‘আমরা চ্যালেঞ্জিং সময় অতিক্রম করছি। মুদ্রানীতি প্রণয়নে দেশের সামষ্টিক অর্থনীতি, মোট দেশজ উৎপাদন বা জিডিপি ও মূল্যস্ফীতির লক্ষ্য বিবেচনায় নেওয়া হয়েছে।

মুদ্রানীতি প্রণয়নে উন্নয়ন সহযোগী, অর্থনীতিবিদ, গবেষক ও সাবেক গভর্নরদের মতামত নেওয়া হয়েছে। আমাদের অর্থনীতির যে সহনশীলতা, তা কোনো একটা ধাক্কায় পড়ে যাবে না। করোনায় আমরা ঘুরে দাঁড়িয়েছি। এখন যে পরিস্থিতি রয়েছে, এর চেয়ে আর খারাপ হবে না।’

আরও পড়ুন

ডলার–সংকট

মুদ্রানীতি ঘোষণার পর গভর্নরের কাছে প্রশ্ন ছিল, আপনি যোগ দিয়ে বলেছিলেন, ডলারের সংকট জানুয়ারিতে শেষ হয়ে যাবে। কিন্তু এখনো সংকট কাটেনি। এ সংকট কবে কাটবে।

জবাবে গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেন, ‘আমি যোগ দেওয়ার পর আমদানি কমাতে নানা পদক্ষেপ নিয়েছি। বেশি দামে ঋণপত্র যেন খোলা না হয়, সে জন্য ব্যবস্থা নিয়েছি। এসব পদক্ষেপের ফলে আমদানি কমেছে। এখন প্রতি মাসে আমদানিতে যে খরচ হচ্ছে, রপ্তানি আয় ও প্রবাসী তার চেয়ে বেশি। তবে আগের আমদানি দায় এখন পরিশোধ করতে হচ্ছে। এ জন্য ডলারের সমস্যা কাটিয়ে উঠতে আরও কিছুদিন সময় লাগবে। এ ছাড়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের সুদ বৃদ্ধি ও চীনের করোনার ওপর নির্ভর করছে ডলার–সংকট সুরাহার বিষয়টি।’

ডলার–সংকটে মুনাফা করা ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পর কেন তা তুলে নেওয়া হলো—জানতে চাইলে গভর্নর বলেন, ডলার–সংকটের সুযোগ নিয়ে ১২টি ব্যাংক ১ হাজার ৩৪ কোটি টাকা মুনাফা করেছে। এসব ব্যাংকের সেই মুনাফার অর্ধেক সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) খাতে ব্যবহার করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিদেশে বাংলাদেশিদের বাড়ি, হোটেল কেনা নিয়ে প্রশ্ন তুললে গভর্নর বলেন, ‘বেশ কিছু পণ্যে আমদানি-রপ্তানিতে দাম কমবেশি দেখানো হচ্ছে। হুন্ডিতে অর্থ যাচ্ছে। তা বন্ধে উদ্যোগ নেওয়া হয়েছে। এসব টাকায় বিদেশে কেউ কিছু করছে কি না, আমরা জানি না।’

ঘুরেফিরে ইসলামী ব্যাংক প্রসঙ্গ

ইসলামী ব্যাংক থেকে বেনামে ঋণ বের হচ্ছে। বাংলাদেশ ব্যাংক ব্যবস্থা না নিয়ে নীতি সহায়তা দিচ্ছে কেন? এমন প্রশ্নের জবাবে গভর্নর বলেন, ‘ইসলামী ব্যাংকে সাধারণ মানুষের ১ লাখ ৫১ হাজার কোটি টাকা জমা আছে। ১ কোটি ৯০ লাখ মানুষ ব্যাংকটিতে টাকা রেখেছেন। তাই এই ব্যাংক যদি সমস্যায় পড়ে, তাহলে সব আমানতকারী সমস্যায় পড়বেন। আমানতকারীরা জীবনে যা সঞ্চয় করেছেন, তা ব্যাংকটিতে জমা রেখেছেন। কেন্দ্রীয় ব্যাংকের কাজ হলো আর্থিক স্থিতিশীলতা রক্ষা করা। দেশের ইতিহাসে কোনো ব্যাংক বন্ধ হয়নি। এই বিবেচনায় আমরা কাজ করে যাচ্ছি, এটা অব্যাহত থাকবে।’

গভর্নর বলেন, ‘ইসলামী ব্যাংক বৃহত্তম ব্যাংক। এর ভিত্তি খুবই শক্তিশালী। ইসলামি ধারার ব্যাংকের ঋণে ঝুঁকিও কম থাকে। ব্যাংকটিকে যে টাকা ধার দেওয়া হয়েছিল, তা পরদিন ফেরত দিয়েছে। এটা পৃথিবীর সব কেন্দ্রীয় ব্যাংকের চর্চা। যখন আর কোনো উপায় না থাকে, তখন ব্যাংককে সহায়তা দেওয়া হয়। এরই মধ্যে ইসলামি ব্যাংকসহ শরিয়াহ্‌ভিত্তিক দুই ব্যাংকে পর্যবেক্ষক বসানো হয়েছে। তাদের বেশ কিছু নির্দেশনাও দেওয়া হয়েছে। ইসলামী ব্যাংকে পরিদর্শন হয়েছে। তারা প্রতিবেদন জমা দিয়েছে। সেই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে যা ব্যবস্থা নেওয়ার, তা নেওয়া হবে। ব্যবস্থা নিতে গেলে বাংলাদেশ ব্যাংককে প্রক্রিয়া অনুসরণ করতে হয়। অতীতে কী হয়েছে, তার দায় আমার ওপরও নিশ্চয়ই পড়ে। তবে অতীতের মতো হবে না, এটা নিশ্চয়ই দেখবেন।’ 

আরও পড়ুন

অপর এক প্রশ্নের জবাবে গভর্নর বলেন, ‘আমরা প্রত্যেক ব্যাংককে নির্দেশনা দিয়েছি, যাঁরা ভালো ব্যবসা করবেন, সীমার মধ্যে তাঁদের ঋণ দেবেন। তাঁরা কর্মসংস্থান সৃষ্টি করবেন, দেশের প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবেন। যতক্ষণ তিনি নিয়মের মধ্যে থাকবেন, আমরা তাঁর সঙ্গে আছি। নিয়ম ভাঙলে আমরা তাঁর সঙ্গে নেই।’

এরপরও সাংবাদিকেরা ইসলামী ব্যাংক নিয়ে প্রশ্ন করলে গভর্নর বলেন, ‘আমি ইসলামী ব্যাংক সম্পর্কে যত কথা বলেছি, মনে হয় না আগের কোনো গভর্নর এত কথা বলেছেন।’

তারল্যসংকট

ব্যাংকের তারল্যসংকট–সংক্রান্ত প্রশ্নের জবাবে গভর্নর বলেন, ‘দুই মাস আগে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে একটা কথা প্রচার হয়েছে। ডলার–সংকট হয়েছে, ব্যাংকেও টাকা নেই। তখন মানুষ লাইন দিয়ে ব্যাংক থেকে টাকা তুলেছে। তখন সব এমডিদের বলা হয়েছে, যাঁরা টাকা তুলতে আসবেন, তাঁদের দিয়ে দিতে। আমরা দেখতে চাই কত টাকা তোলা হয়। কেউ টাকা তুলতে গিয়ে ফেরত আসেননি। তাঁরা টাকা উঠিয়ে নিয়ে বাসায় রেখেছেন। এখন আবার তা ব্যাংকে আসছে।’

গভর্নর বলেন, ‘আমরা যখন বললাম ব্যাংকে টাকা আছে। এরপর কয়েকটি পত্রিকায় এল, ইসলামি ধারার ব্যাংক বেনামি ঋণ দিচ্ছে। অনেক টাকা বের করে নিয়ে গেছে। তখন ইসলামি ধারার ব্যাংকে টাকা উত্তোলন শুরু হলো। এ জন্য ইসলামি ব্যাংকগুলোর তারল্য সহায়তা দেওয়া হয়েছে। এখন এসব ব্যাংকে স্থিতিশীলতা এসেছে। নানা উদ্যোগের ফলে আগামী চার-পাঁচ মাসের মধ্যে ইসলামী ব্যাংকের পরিস্থিতি আগের ধারাই ফিরে আসবে।’

গভর্নর বলেন, গত বছরে আমানত ৮ শতাংশ বেড়েছে, এর পুরোটাই বেসরকারি খাতের। সরকারি খাতের আমানত কমে গেছে। কারণ, সরকারি প্রতিষ্ঠানগুলো ব্যাংকের জমা টাকা তুলে নিয়ে আমদানি খরচ মেটাচ্ছে।