জাহাজ ও ক্রুজের জন্য বাথটাব ও জ্যাকুজি তৈরির কারখানা হবে বাংলাদেশে

বেপজা অর্থনৈতিক অঞ্চলে আধুনিক বাথটাব, জ্যাকুজি ও প্যানেল ট্যাংক তৈরির কারখানা করতে বেপজার সঙ্গে চুক্তি করেছে ইন্টিগ্রেটেড কম্পোজিট ইন্ডাস্ট্রিজ লিমিটেড। গত রোববার রাজধানীর গ্রিন রোডে অবস্থিত বেপজা কার্যালয়েছবি: বেপজার সৌজন্যে

দেশে রপ্তানিমুখী আধুনিক বাথটাব, জ্যাকুজি ও প্যানেল ট্যাংক তৈরির কারখানা করবে সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের যৌথ মালিকানাধীন একটি কোম্পানি। এ জন্য তারা প্রায় এক কোটি ডলার বিনিয়োগ করবে। চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে এ কারখানা স্থাপন করা হবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেপজা অর্থনৈতিক অঞ্চলে মূলত একটি ফাইবার রিইনফোর্সড পলিমার কম্পোজিট প্রোডাক্টস, স্টিল ফ্রেম ও অ্যাকসেসরিজ উৎপাদনকারী কারখানা স্থাপন করা হবে। এ লক্ষ্যে বেপজার সঙ্গে লিজ চুক্তি সই করেছে সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান ইন্টিগ্রেটেড কম্পোজিট ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

প্রতিষ্ঠানটি ফাইবার রিইনফোর্সড পলিমার দিয়ে আধুনিক বাথটাব, জ্যাকুজি ও প্যানেল ট্যাংক তৈরি করবে। পাশাপাশি এসব পণ্য তৈরির জন্য সব ধরনের ফাইবার রিইনফোর্সড পলিমার কম্পোজিট পণ্য ও অ্যাকসেসরিজ, মোল্ড ও প্যাটার্ন তৈরি করবে। জাহাজ নির্মাণ ও ক্রুজশিল্পে এসব পণ্যের বড় চাহিদা রয়েছে। বিদ্যমান এ চাহিদা পূরণের লক্ষ্যে প্রতিষ্ঠানটি বছরে ৬ হাজার ১৭৪ টন পণ্য উৎপাদন করবে। এসব পণ্যের অধিকাংশই দুবাইয়ে রপ্তানি করা হবে।

বেপজা জানিয়েছে, এই বিনিয়োগ দেশের শিল্প খাতে বৈচিত্র্য আনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে প্রথাগত খাতের বাইরে বিশেষায়িত কম্পোজিট খাতের প্রসার ঘটবে। কারখানা চালু হলে এখানে ৯০৬ বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

গত রোববার রাজধানীর গ্রিন রোডে অবস্থিত বেপজা কমপ্লেক্সে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। বেপজার নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন ও ইন্টিগ্রেটেড কম্পোজিট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান কামরুল হাসান চৌধুরী চুক্তিতে সই করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাস, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ এস এম আনোয়ার পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিনিয়োগকারীকে স্বাগত জানিয়ে বেপজার নির্বাহী চেয়ারম্যান মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বলেন, শিল্প স্থাপনে দ্রুত সেবা প্রদান ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বেপজা কাজ করে যাচ্ছে। এ সময় তিনি দেশে ভিন্নধর্মী ও বৈচিত্র্যময় পণ্য উৎপাদনের উদ্যোগ গ্রহণের জন্য প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জানান।

ইন্টিগ্রেটেড কম্পোজিট ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান কামরুল হাসান চৌধুরী দ্রুত কারখানা নির্মাণ ও উৎপাদন শুরুর আশা প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশ ক্রমেই বৈশ্বিক বিনিয়োগকারীদের জন্য একটি সম্ভাবনাময় গন্তব্যে পরিণত হচ্ছে।