নতুন বছরে জিনিসপত্রের দাম কমুক, এটাই চাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সানজিদা তন্বী

সব ধরনের নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির কারণে গত বছর সংসার খরচ বেড়ে গেছে। এতে নানা ধরনের চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয়েছে আমাদের। বাজার করতে গেলে ভেবেচিন্তে করতে হয়েছে। রান্নার সময়ও বেশি ভাবতে হয়। এতে পরিবারের রান্নায় বৈচিত্র্য হারিয়েছে।

যেকোনো খাবার রান্না করার আগে খরচের বিষয়টি মাথায় কাজ করেছে। তাই গৃহিণী হিসেবে রান্নার ব্যবস্থাপনার কাজটি হয়ে ওঠে আগের চেয়ে অনেক কঠিন। আগে যেভাবে নানা পদের রান্না করতে পারতাম, এ বছর তা সম্ভব হয়নি। নতুন এ পরিস্থিতির সঙ্গে বাসার সবাইকেও মানিয়ে নিতে হয়। বাচ্চাদের ক্ষেত্রে যেটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তারা সব সময় হরেক পদের খাবার খেতে পছন্দ করে।

নিত্যপণ্যের দাম বাড়লে সবচেয়ে বেশি চাপ বাড়ে গৃহিণীদের ওপর। কারণ, সংসার সামলানোর চ্যালেঞ্জিং কাজটি তাদেরই করতে হয়। আর কোনো গৃহিণীকে যদি বাজার করার কাজটিও করতে হয়, তাহলে তার জন্য চাপটা আরও বেশি থাকে।

তার ক্ষেত্রে চ্যালেঞ্জটা শুরু হয় বাজার থেকে। আর যাদের বাজার করতে হয় না, তাদের চ্যালেঞ্জ হচ্ছে খরচে লাগাম টানা। সব সময় ভাবতে হয়, কীভাবে নির্দিষ্ট পরিমাণ খরচে মাস চালানো যায়।

ধরা যাক, তেল, চিনির কথাই। নির্দিষ্ট পরিমাণ দিয়ে মাস চালাতে হয়। আপাতদৃষ্টে এটাকে সহজ মনে হলেও কাজটি গৃহিণীদের জন্য বেশ বড় চ্যালেঞ্জিং। যিনি কাজটি করেন, কেবল তিনিই তা বুঝতে পারেন।

নতুন বছরে আমি চাই, নিত্যপণ্যের বাড়তি দাম কমে আসুক। তাতে সাধারণ মানুষ স্বস্তি পাবে। গৃহিণীর জন্য রান্নার ব্যবস্থাপনা সহজ হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি শুধু সংসারের কর্তার জন্য নয়, গৃহিণীর জন্যও বড় ভাবনা।

সানজিদা তন্বী, গৃহিণী