মৌলভীবাজারের ব্যবসায়ীদের সুযোগ–সুবিধা কম
কাঁচামাল–সংকটের কারণে দেশে উৎপাদিত পণ্যের বাজার সংকুচিত হচ্ছে। সামগ্রিকভাবে চাপে আছে দেশের ব্যবসা-বাণিজ্য। পাইকারি কেনাকাটায় এর প্রভাব নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন পুরান ঢাকার মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. বশির উদ্দিন।
প্রশ্ন :
ব্যবসা পরিচালনায় বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি?
বশির উদ্দিন: এখন ব্যবসার ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হলো, ডলার–সংকট। আমদানিকারকেরা ঋণপত্র খুলতে পারছে না। বাজারে পণ্যের সংকট দেখা দিচ্ছে। কাঁচামাল না পাওয়ায় অনেক ছোটখাটো কারখানা বন্ধ রাখতে হচ্ছে। যা বোঝা যাচ্ছে, ডলারের সংকট শিগগিরই কাটবে না। সে ক্ষেত্রে আমদানিকারকেরা তো বটেই, সাধারণ ব্যবসায়ীদের ব্যবসায়ও নেতিবাচক প্রভাব পড়বে। সবচেয়ে বেশি সমস্যায় পড়বে কর্মকর্তা-কর্মচারীরা, কারণ তখন ব্যবসা টেকাতে না পারলে অনেক ব্যবসায়ী বাধ্য হয়ে কর্মী ছাঁটাই করবেন।
প্রশ্ন :
ব্যবসা না থাকলে সরকারের রাজস্ব আয়ে কী প্রভাব পড়তে পারে?
বশির উদ্দিন: আমদানিকারকদের কাছ থেকে সরকার বড় অঙ্কের রাজস্ব পেয়ে থাকে, যা ইতিমধ্যে কমতে শুরু করেছে। অন্য যে ব্যবসায়ীরা রাজস্ব আয়ে অবদান রাখতেন, তাঁদের ব্যবসাও কমছে। তাতে স্বাভাবিকভাবে এখান থেকে সরকারের রাজস্ব আয় কমবে। তবে এ ক্ষেত্রে কিছু করার নেই। সরকারকেও বিষয়টা বুঝতে হবে, ব্যবসা-বাণিজ্য না থাকলে এ ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়বে। এ ছাড়া আরেকটি বিষয়ও আছে, এই বাজার থেকে সরকার যে পরিমাণে রাজস্ব পায়, তার বিপরীতে সরকারি সুযোগ-সুবিধা খুবই কম।
প্রশ্ন :
আপনি কী ধরনের সুযোগ-সুবিধার কথা বলছেন?
বশির উদ্দিন: দেখুন, এই ছোট জায়গার মধ্যে যে পরিমাণ ব্যবসা-বাণিজ্য হয়, সেটা অনেক ক্ষেত্রে ধারণা করাও যায় না। এতে সরকারের আয়ও হয় অনেক বেশি। দেশে এমন জায়গা খুব কমই আছে, যেখানে ছোট একটা স্থানে এত ব্যবসায়ী এবং তাঁদের কাছ থেকে সরকার বছরে হাজার কোটি টাকার রাজস্ব পাচ্ছে। কিন্তু সেই বিবেচনায় এখানকার রাস্তাঘাটের অবস্থা দেখলেই বুঝবেন, এই জায়গা কত অবহেলিত, ড্রেনেজব্যবস্থা নাজুক। সিটি করপোরেশন ও ওয়াসাকে বারবার বলেও সমাধান হয় না। সরকারকে মৌলভীবাজারের ব্যবসায়ীরা যা দেন, সেই অনুপাতে তাঁরা কিছুই পান না।
প্রশ্ন :
অর্থনৈতিক সংকট মোকাবিলায় পাইকারি ব্যবসায়ীদের প্রস্তুতি কেমন?
বশির উদ্দিন: আমাদের কাছে মিল বা দেশের বাইরে থেকে পণ্য এলে আমরা সেটা সারা দেশে পৌঁছানোর চেষ্টা করি, সরবরাহব্যবস্থা ঠিক রাখার কাজটা করতে পারি। এই সময়ে আমাদের চেষ্টা থাকবে সরকারকে সহযোগিতা করার। ব্যবসা যেভাবে হবে, সেভাবে সরকারের রাজস্ব আয়ে ভূমিকা রাখা, কিন্তু এর আগের কাজটা সরকারকেই করতে হবে। পণ্য আমদানি থেকে শুরু করে কারখানায় জ্বালানিপ্রাপ্তির নিশ্চয়তা যদি সরকার দিতে পারে, তাহলে মৌলভীবাজারের ব্যবসা টিকবে, সরকারও রাজস্ব পাবে। এ ছাড়া যেকোনো সংকটে শ্রমিক ছাঁটাইয়ের মতো ঘটনা যেন না ঘটে, সেদিকে খেয়াল রাখছি আমরা।