সপ্তাহ শুরু হলো, কোন সূচক কোথায় আছে জেনে নিন

আজ নতুন একটি সপ্তাহ শুরু হলো। সকালেই শুরু হবে শেয়ারবাজারের লেনদেন। বিনিয়োগকারীদের আগ্রহ থাকবে, কোন কোম্পানির দাম বাড়ল, কোন কোম্পানির কমল।

এ ছাড়া আন্তর্জাতিক বাণিজ্য পরিচালনা, ভ্রমণ ও প্রবাসী আয় আনতে ব্যাংকগুলোতে চলবে বিদেশি মুদ্রার বিনিময়।

যাঁরা সঞ্চয় করবেন, ব্যাংকে গিয়ে আমানতের সুদের হার কত তা নিয়েও তাঁদের আগ্রহ থাকবে। আবার ঋণগ্রহীতাদের মধ্যে সুদের হার বাড়ল বা কমল কি না, তা নিয়ে তাঁদের আগ্রহের কমতি নেই।

কিছুদিন ধরে সোনার বাজারেও দামের ওঠানামা আছে। বাজারে কোন জিনিসের দাম কত, তা নিয়ে আগ্রহ আছে।

এবার অর্থনীতি ও বাণিজ্যের এসব সূচক ও দাম কোথায় আছে, তা দেখে নিই—

শেয়ারবাজার

গত বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিএসইএক্স সূচকে ১৩ পয়েন্ট কমে ৫ হাজার ৮৮৩ পয়েন্ট হয়। আগের সপ্তাহের চেয়ে সূচক কিছুটা বেড়েছে। ডিএসইএস সূচক ৩ পয়েন্ট কমে ১১৭৭ পয়েন্ট হয়। এক সপ্তাহের ব্যবধানে এই সূচক কিছুটা কমেছে। অন্যদিকে ডিএস-৩০ সূচক ৭ পয়েন্ট কমে ২১৯২ পয়েন্টে থেমেছে। এটিও সামান্য বেড়েছে। আজ রোববার এসব সূচকের অবস্থানকে ভিত্তি ধরেই শেয়ারবাজারের লেনদেন শুরু হবে।

বিনিময় হার

কয়েক দিন ধরে ডলারের দাম ওঠানামা করছে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে, সর্বশেষ গত বৃহস্পতিবার ডলারের দাম ১২৩ টাকা শূন্য ৫ পয়সা থেকে ১২৩ টাকা ৪১ পয়সার মধ্যেই ছিল। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, ওই দিন বেশির ভাগ প্রধান মুদ্রার দাম কমেছে। এ তালিকায় আছে ইউরো, পাউন্ড, ইউয়ান, অস্ট্রেলীয় ডলার ও সিঙ্গাপুরি ডলার। অপরিবর্তিত ছিল রুপি ও ইয়েনের দাম।

তবে খোলাবাজারে বিদেশি মুদ্রা কিছুটা বেশি দামে বিক্রি হয়। ব্যাংকভেদেও দাম ওঠানামা করতে পারে।

সুদের হার

আজ যাঁরা ব্যাংক থেকে ঋণ নেবেন কিংবা আমানত জমা রাখবেন, তাঁরা মুনাফা কত পাবেন কিংবা ঋণের বিপরীতে কত সুদ দিতে হবে, তা নিয়ে গ্রাহকদের আগ্রহ থাকে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাবে, আজ ব্যাংক খাতে ঋণের ওপর গড় সুদহার ১১ দশমিক ৯২ শতাংশ। আর আমানতের ওপর গড় সুদের হার ৬ দশমিক ২২ শতাংশ।

তবে ব্যাংকভেদে ও স্কিম ভেদে আমানতের সুদের হার ওঠানামা করে। যেমন দীর্ঘ মেয়াদে এফডিআর রাখলে তুলনামূলক সুদের হার বেশি, যা অনেক ব্যাংকে ১০ শতাংশের বেশি। আবার চলতি হিসাবের সুদের ৪-৫ শতাংশের মতো।

অন্যদিকে ব্যাংকভেদে ও ঋণের ধরন ভেদে সুদের হারও ওঠানামা করে। যেমন এসএমই ঋণের সুদের হার কম, আর ব্যক্তিগত ঋণ ও শিল্প ঋণের সুদের হার ১৩-১৪ শতাংশ পর্যন্ত হয়।

সোনার দর

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারেও সোনার দাম ওঠানামা করে। শনিবার ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের সোনার দাম ভরিপ্রতি বেড়েছে ২ হাজার ১৫৮ টাকা। প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা। গত শুক্রবার সোনার দাম কমেছিল।

বাজারদর

গত সপ্তাহে বাজারে ডিম ও মুরগির দাম বেড়েছে। গতকাল রাজধানীর বাজারে ব্রয়লার মুরগির দাম প্রতি কেজি ২০০ টাকার আশপাশে বিক্রি হয়েছে। আর ডিমের ডজন ১৫০ টাকা। আর পাড়া-মহল্লার দোকানে তা ১৬০ টাকায় বিক্রি হয়। আর আগের মতো শাকসবজির দামও চড়া।

গত সপ্তাহে জুলাই মাসের মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। জুলাই মাসে মূল্যস্ফীতি ৮ দশমিক ৩২ শতাংশ। কিন্তু বাজারে স্বস্তি নেই।

এ সপ্তাহে যা হবে

১৮ আগস্ট রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত হবে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের থাকার কথা আছে। দেশে প্রথমবারের মতো এই ধরনের রাজস্ব সম্মেলন হচ্ছে। এ সম্মেলনে রাজস্ব খাতের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরা হবে।