সয়াবিন তেলের দাম কখন কীভাবে কমাবেন, তা–ও জানালেন বাণিজ্যমন্ত্রী
আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমলে দেশের বাজারেও কমানো হবে। এ জন্য বাজারে নজরদারি ব্যবস্থা জোরদার করা হবে। আজ বুধবার বিকেলে সচিবালয়ে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধির ঘোষণার পর অনুষ্ঠিত ব্রিফিংয়ে এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।
বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম লিটারে আজ চার টাকা বাড়ানো হয়েছে। বোতলজাত সয়াবিন ১ লিটার ১৯৫ থেকে বাড়িয়ে ১৯৯ টাকা এবং খোলা সয়াবিন ১৭৬ থেকে বাড়িয়ে ১৮০ টাকা করা হয়েছে। তবে পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম হবে সর্বোচ্চ ৯৭৫ টাকা।
বাণিজ্যমন্ত্রী বলেন, যেহেতু মূল্য সমন্বয় করা হয়েছে, ফলে বাজারে নজরদারি আরও জোরদার করা হবে। এ বিষয়ে কাজ করবে স্থানীয় প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এতে কোনো ধরনের ব্যত্যয় সহ্য করা হবে না।
মূল্য সমন্বয়ের অর্থ হচ্ছে আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে দেশেও বাড়বে, কমলে দেশেও কমবে, কিন্তু দেশে এ চর্চা নেই—এ বিষয়ে জানতে চাইলে জবাব দেন বাণিজ্যমন্ত্রী। তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আমি তা শত ভাগ সমর্থন করি। আজ কত তারিখ? ২৯ তারিখ। তারিখটা মনে রাখুন। যখনই কমবে তার প্রতিফলন এখানে হবে। এ ব্যাপারে নিশ্চিত থাকুন।’ তিনি আরও বলেন, ‘আমি আবারও স্পষ্টভাবে বলছি যে উৎসে দাম কমলে এখানেও কমাতে হবে।’
এ বৃদ্ধি মানুষের ওপর চাপ সৃষ্টি করবে কি না—এমন প্রশ্নের জবাবে খন্দকার আবদুল মুক্তাদির বলেন, ‘চাপ সৃষ্টি তো হবেই। দাম বাড়ালে চাপ হবে না? বেশির ভাগ মানুষের আয় তো নির্ধারিত। যেটিই বাড়বে, সেটিই তার জন্য চাপ। তার আয়টা কমে যাবে না? কিন্তু বাধ্যবাধকতার বিষয় তো বুঝতে হবে।’
সয়াবিন বাংলাদেশে হয় না জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, এটা বাইরে থেকে আনতে হয়। এখন ভোক্তারা ঠিক করবেন যে তিনি বাড়তি দামের জিনিসটা নেবেন কি না। নাকি তিনি ভিন্ন কোনো তেল কিনবেন। যেমন রাইস ব্র্যান বা পাম তেল।
বাণিজ্যমন্ত্রীর ব্রিফিংয়ের পর ভোজ্যতেল পরিশোধন কারখানা মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নতুন দাম আজ বুধবার থেকেই কার্যকর। তবে খোলা পামতেল ও সুপার পামতেলের দাম বাড়ানো হয়নি। পামতেলের দাম আগের মতোই প্রতি লিটার ১৬৬ টাকা বহাল থাকবে।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী গতকাল মঙ্গলবার এক লিটার খোলা সয়াবিন তেলের দাম ছিল ১৮২ থেকে ১৯৩ টাকা। আর এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৫ টাকা। এ ছাড়া ৫ লিটার বোতলজাত সয়াবিনের দাম ছিল ৯৫০ থেকে ৯৫৫ টাকা। তবে বাজারে যে দামে খোলা সয়াবিন তেল বেচাকেনা হচ্ছে, আজ বাণিজ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী তার দাম কম।
টিসিবির তথ্যানুযায়ী বাজারে এক লিটার খোলা পামতেলের দাম ১৬১ থেকে ১৬৮ টাকা এবং এক লিটার খোলা সুপার পামতেলের দাম ১৬৫ থেকে ১৭২ টাকা লিটার।