বাংলাদেশকে ১২৫ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

বিশ্বব্যাংক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ৩টি প্রকল্পে ১২৫ কোটি ডলার অর্থায়ন করবে বিশ্বব্যাংক, যা দেশীয় মুদ্রায় ১৩ হাজার ৩৭৫ কোটি টাকা।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্বব্যাংকের বোর্ড সভায় গতকাল বৃহস্পতিবার এ অর্থায়নের বিষয়টি অনুমোদন দেওয়া হয়। এ সভায় আগামী পাঁচ বছর (২০২৩-২৭) বাংলাদেশের ঋণসহায়তার কৌশল নিয়েও আলোচনা হয়। বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বাংলাদেশের জন্য বিশ্বব্যাংকের অনুমোদিত ১২৫ কোটি ডলারের মধ্যে ৫০ কোটি ডলার প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্ট্রাপ্রেনিউরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স (পার্টনার) প্রকল্পের জন্য বরাদ্দ। এই অর্থ কৃষি-খাদ্যব্যবস্থায় বৈচিত্র্য, খাদ্যনিরাপত্তা, উদ্যোক্তা তৈরি ও জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় সহনশীলতা প্রতিষ্ঠায় ব্যয় করা হবে।

এ ছাড়া ৫০ কোটি ডলার দেওয়া হবে গ্রিন অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্ট ডেভেলপমেন্ট কর্মসূচির আওতায়। এই অর্থ দেশকে পরিবেশবান্ধব হিসেবে রূপান্তর এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাতের সহনশীলতা উন্নয়নে ব্যয় হবে।

অন্যদিকে ২৫ কোটি ডলার ক্ষুদ্র উদ্যোক্তাদের আরও গতিশীল, কম দূষণকারী ও সম্পদ ব্যবস্থাপনায় দক্ষতা তৈরিতে ব্যয় করা হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বব্যাংকের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে যাচ্ছেন। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাসের আমন্ত্রণে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের সুবর্ণজয়ন্তী পালন উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। আগামী ১ মে সংস্থার ওয়াশিংটন সদর দপ্তরে এ অনুষ্ঠান হবে। তার আগে গতকাল বাংলাদেশের ৩টি প্রকল্পে ১২৫ কোটি ডলার অর্থায়নের বিষয়টি অনুমোদন করল বিশ্বব্যাংক।

আরও পড়ুন