নিয়মিত কর দিয়ে বিদেশ থেকে টাকা আনা যাবে, শাস্তি দেব না: এনবিআর চেয়ারম্যান

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খানছবি: প্রথম আলো

নিয়মিত কর দিয়ে বিদেশ থেকে টাকা আনা যাবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তিনি বলেন, ‘অনেকেই দেশে টাকা আনতে চান। আমরা বলেছি, পথ খোলা। নিয়মিত কর দিয়ে টাকা নিয়ে আসেন। আমরা কোনো শাস্তি দেব না। তবে কালোটাকা সাদা করার রাস্তা বন্ধ।’

আজ বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রাক্-বাজেট আলোচনায় এ কথা বলেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। সভায় আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশসহ (রিহ্যাব) আবাসন ও নির্মাণসংশ্লিষ্ট মোট ১৩টি সংগঠন তাদের বাজেট প্রস্তাবনা তুলে ধরে। এ সময় বিভিন্ন দাবির বিষয়ে আশ্বাস দেন এনবিআর চেয়ারম্যান।

মো. আবদুর রহমান খান বলেন, ‘৫৫ বছর ধরে আমরা কালোটাকার সংস্কৃতির মধ্যে ছিলাম। তাই আর সেখানে ফিরে যেতে চাই না। কর ফাঁকির সংস্কৃতিকে আর উৎসাহিত করতে চাই না।’

কালোটাকার বিষয়ে রিহ্যাবের সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়া বলেন, ‘প্রবাসীরা অনেক সময় ঘোষণা ছাড়া টাকা পাঠান, তখন সেই অর্থ অপ্রদর্শিত আয় হিসেবে গণ্য হয়। এ টাকা দিয়ে ফ্ল্যাট কিনতে না দিলে তা বিদেশে চলে যায়।’

জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, প্রবাসীরা এখন বৈধ চ্যানেলে টাকা পাঠালে সরকার ভর্তুকি দেয়। খুব সহজে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেও এখন টাকা পাঠানো যায়।

বৈঠকে দেশের আবাসন খাতে ফ্ল্যাট ক্রয়ের ক্ষেত্রে কালোটাকা বিনিয়োগ করলে কোনো কর্তৃপক্ষ কোনো প্রশ্ন করবে না, এমন সুযোগ চেয়েছিল রিহ্যাব। সংগঠনটির পক্ষ থেকে কালোটাকা সাদা করতে আয়কর অধ্যাদেশে এ–সংশ্লিষ্ট আগের বিধানটি পুনর্বহালের দাবি জানানো হয়।