অগ্রাধিকার পাক চার খাত
অগ্রাধিকারমূলক খাতে গুরুত্ব দেওয়ার পাশাপাশি কৃষিপণ্যের মূল্য কমিশন, ব্যাংক কমিশন ও প্রণোদনা বাস্তবায়নে টাস্কফোর্স গঠনের সুপারিশ সিপিডির।
স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, কৃষি এবং ক্ষুদ্র ও মাঝারি পর্যায়ের শিল্প—এ চার খাতকে অগ্রাধিকার দিয়ে আগামী ২০২১-২২ অর্থবছরের বাজেট করার পরামর্শ দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটি আগামী বাজেটকে ‘সম্প্রসারণমূলক’ করারও পক্ষে।
সিপিডি বলেছে, মোট দেশজ উৎপাদনের (জিডিপি) তুলনায় সরকারি ঋণ যেহেতু এখনো ৩৫ শতাংশের মতো, ফলে সম্প্রসারণমূলক বাজেট করা যায়। ঋণ-জিডিপি অনুপাত ৪০ শতাংশ পর্যন্ত সাধারণত নিরাপদ বলে বিবেচনা করে থাকেন অর্থনীতিবিদেরা।
আগামী ২০২১-২২ অর্থবছরের বাজেট সামনে রেখে গতকাল সোমবার দেশের অর্থনীতির স্বাধীন পর্যালোচনা করতে গিয়ে সিপিডি এসব কথা বলেছে। সিপিডির বিশেষ ফেলো মোস্তাফিজুর রহমান, গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম এতে বক্তব্য দেন। সংস্থাটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুনের সঞ্চালনায় অর্থনীতির সার্বিক দিক তুলে ধরেন সংস্থাটির জ্যেষ্ঠ গবেষণা ফেলো তৌফিকুল ইসলাম খান।
আগামী অর্থবছরের জন্য নতুন কর আরোপ না করে কর ফাঁকি ও অর্থ পাচার বন্ধের পদক্ষেপ নেওয়ার সুপারিশ করে সিপিডি বলেছে, নীতি পরিকল্পনায় জিডিপি প্রবৃদ্ধির চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। আর প্রণোদনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে একটি টাস্কফোর্স গঠন এখন জরুরি। মহামারির কারণে অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবিলা এবং বৈষম্য দূরীকরণে মধ্যবর্তী পরিকল্পনা গ্রহণেরও সুপারিশ করে সিপিডি।
কৃষি খাতে মূল্য কমিশনের প্রয়োজনীয়তা তুলে ধরে সিপিডি বলেছে, এটি থাকলে কৃষকেরা সরাসরি পণ্য বিক্রি করতে পারবেন, ন্যায্যমূল্যও পাবেন। ভারতে এ ধরনের কমিশন রয়েছে।
ব্যাংক কমিশন করা বহুদিনের সুপারিশ সিপিডির। আগামী বাজেট সামনে রেখে সেই সুপারিশ আবারও করেছে সংস্থাটি। তারা বলেছে, উদ্যোগ নিয়েও ব্যাংক কমিশন করা থেকে সরকার পিছিয়ে গেছে। অথচ এটা দরকার। এক খেলাপি ঋণের চিত্রই যা দেখা যাচ্ছে, তাকে স্বচ্ছ কিছু বলা যায় না।
যে বাজেট আছে, সেটিরই বাস্তবায়ন হয় না, তাহলে বড় বা সম্প্রসারণমূলক বাজেট কেন করতে হবে, এমন প্রশ্নের জবাবে সিপিডির বিশেষ ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমাদের বাজেট জিডিপির ১৭ থেকে ১৮ শতাংশ। অথচ সরকারি ব্যয় পাকিস্তানে ২২, ভারতে ২৬, আফগানিস্তানে ২৭, ভুটানে ৩২ এবং মালদ্বীপে ৩১ শতাংশ। সে হিসেবে আমাদের সরকারি ব্যয় কমই।’
সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, সামাজিক নিরাপত্তা খাতে জিডিপির ৩ শতাংশ বরাদ্দ রয়েছে। এর মধ্যে পেনশন এবং সঞ্চয়পত্রের সুদ ভর্তুকিও রয়েছে। বাস্তবে দরিদ্র মানুষের জন্য প্রকৃত বরাদ্দ দেড় শতাংশ হবে।
কৃষিপণ্যের মূল্য কমিশন বিষয়ে সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, এটা দরকার। দুঃখজনক যে যেকোনো সংস্কারের বিষয় এলেই সরকারের মধ্যে পাশ কাটিয়ে যাওয়ার প্রবণতা দেখা যায়।