অনলাইনের পণ্য চলে এল মাঠের মেলায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রেতাকে দেখেননি বিক্রেতা। আবার বিক্রেতাকেও দেখেননি ক্রেতা। তবে উভয়ের মধ্যে দেদার পণ্য কেনাবেচা হচ্ছে। এভাবে অনলাইনে পণ্য কেনাবেচা দিন দিন বাড়ছে। এতে ক্রেতা-বিক্রেতা উভয় পক্ষই বেশ খুশি। কিন্তু অনলাইনে পণ্য বিক্রির নামে প্রায়ই প্রতারণার অভিযোগ ওঠে। দেশে সাম্প্রতিক সময়ে কয়েকটি প্রতিষ্ঠানের নির্বিচার প্রতারণা ও জালিয়াতিকে কেন্দ্র করে মামলা-মোকদ্দমা হয়েছে। কোনো কোনো অভিযুক্তও গ্রেপ্তার হয়েছেন।

এ রকম অস্বস্তিকর পরিস্থিতি ও সংকট এড়াতে দিনাজপুরের উদ্যোক্তাবর্গ গ্রুপ জেলা শহরের ইনস্টিটিউট মাঠে তিন দিনব্যাপী এক মেলার আয়োজন করেছে। অনলাইনে পণ্য বিক্রি করেন, এমন অর্ধশত উদ্যোক্তা নিজেদের তৈরি পণ্য নিয়ে এসেছেন মেলায়। সোমবার বিকেলে মেলার উদ্বোধন হয়, চলবে বুধবার রাত ১০টা পর্যন্ত। মেলায় অংশগ্রহণকারীরা আশা করেন, তাঁরা অনলাইনে, তথা সামাজিক যোগাযোগমাধ্যমে পণ্য বিক্রি করলেও, মেলা আয়োজন করায় ক্রেতাদের সঙ্গে তাঁদের সম্পর্কের উন্নতি ঘটবে এবং বিশ্বাস-অবিশ্বাসের টানাপোড়েন কমবে। সার্বিকভাবে তাঁদের বিশ্বাসযোগ্যতা বাড়বে।

মেলায় অংশ নেওয়া স্টলগুলোতে ব্লক, বাটিক ও হ্যান্ড প্রিন্টের তৈরি শাড়ি, থ্রি-পিস, ওড়না, চাদর, মাটির গয়নাসহ নানা রকম পণ্য প্রদর্শন ও বিক্রি হচ্ছে। এসব পণ্যের দাম ৪০০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত। জলপাই, চালতা, আমড়া, বরইসহ বিভিন্ন রকমের প্যাকেটজাত আচার বিক্রি হচ্ছে ২০ থেকে ২০০ টাকায়। বিক্রি হচ্ছে জন্মদিনের কেক, মুড়িমুড়কি, সন্দেশ, বিভিন্ন রকমের পিঠা। আবার মেলাতেই পেঁয়াজি, মাশরুমের চপসহ বিভিন্ন রকমের ভাজাপোড়া খাবার তৈরি করে বিক্রি করা হচ্ছে। এ ছাড়া প্রদর্শনীতে হলো সিমেন্টের ব্লক, ইট ও টাইলস রাখা হয়েছে।

মেলায় শুরু থেকে বিভিন্ন বয়সী নারী-পুরুষের উপচে পড়া ভিড় লক্ষ করা যাচ্ছে। মাঠের শেষ প্রান্তে সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। সব মিলিয়ে মেলায় কেউ পছন্দের পণ্য কিনছেন, কেউবা হইহুল্লোড় করে সংগীতানুষ্ঠান উপভোগ করেন।
ছেলেকে সঙ্গে নিয়ে মেলায় আসা পিংকী আক্তার বলেন, ‘করোনায় প্রায় দুই বছর কেটে গেছে। কোথাও বের হওয়া হয়নি। মেলায় ঘুরলাম। প্রয়োজনীয় কয়েকটি জিনিস কিনলাম। ভালোই লাগছে। তা ছাড়া মেলায় যেসব পণ্য বিক্রি হচ্ছে, তা আমাদের স্থানীয় উদ্যোক্তাদের তৈরি। এতে আনন্দ বেশি হচ্ছে।’

মেলায় বিভিন্ন পিঠা-পায়েসের স্টল দিয়েছেন এলিন আক্তার। তিনি বাড়িতে রান্না করা দেশীয় খাবারসহ বিভিন্ন চাইনিজ, থাই ফুড দিনে তিন বেলাই সরবরাহ করেন। এ জন্য দিনাজপুর শহরে এখন অনেকেই তাঁকে চেনেন। এলিন বলেন, করোনার সময়ে তিনি এই ব্যবসা শুরু করেছেন। প্রতিদিন ফেসবুকে খাবারের মেনু আপলোড করেন। এক ঘণ্টা সময় হাতে রেখে অর্ডার করলেই তিনি খাবার পৌঁছে দিতে পারেন ভোক্তার কাছে।

মেলার আয়োজক দিনাজপুরের উদ্যোক্তাবর্গ গ্রুপের প্রতিষ্ঠাতা সম্পা দাস বলেন, শহরের মালদহপট্টিতে ব্লক, বাটিক ও বুটিকের ব্যবসা আছে তাঁর। অনলাইন প্ল্যাটফর্মে তিনি ব্যবসা শুরু করেছেন ২০১৯ সালে। শুরু থেকেই ফেসবুকে একটি পেজ খুলে সেখানে নিজের তৈরি পণ্যগুলোর ছবি আপলোড করতে থাকেন। এতে ভালো সাড়া পান। পরবর্তী সময়ে আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে একটি গ্রুপ খুলেন। পণ্যের ক্ষেত্রেও আসে ভিন্নতা। উদ্যোক্তাদের কেউ আচার, কেউবা নাড়ু, জন্মদিনের কেক, হাতে তৈরি গয়নাসহ অনেক রকমের পণ্যের ছবি ফেসবুকে আপলোড করেন। এরপরই সাড়া দিতে শুরু করেন ক্রেতারা। বর্তমানে এই গ্রুপের সদস্যসংখ্যা প্রায় ৪০ হাজার। তিনি বলেন, অনলাইনে পণ্য বিক্রি করেন, এমন দুই শতাধিক উদ্যোক্তা রয়েছেন দিনাজপুরে। এসব উদ্যোক্তা ইতিমধ্যে দিনাজপুর বিসিক থেকে প্রশিক্ষণ নিয়েছেন।

সম্পা দাস বলেন, ‘যাঁরা অনলাইনে ব্যবসা করছি, তাঁদের অনেকেরই মাসে ১৫-২০ হাজার টাকা আয় হয়। অনলাইনে কেনা পণ্যের মান নিয়ে অনেক সময় ক্রেতারা অভিযোগ তুলেন। আমরা কিন্তু ক্রেতার পছন্দ অনুযায়ী পণ্য সরবরাহ করতে চাই। সে জন্য তিন দিনের এই মেলার আয়োজন করা হয়েছে, যাতে ক্রেতা-বিক্রেতার সম্পর্ক ঠিক থাকে। এতে ভালো সাড়া পেয়েছি।’