বাজেট ২০২১–২২
অপচয় রোধে আইসিএবি ‘ব্যয় কমিশন’ চেয়েছে
প্রস্তাবিত বাজেট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে আইসিএবি। কিছু ক্ষেত্রে অভিনন্দন জানিয়েছে, আবার কিছু ক্ষেত্রে পুনর্বিবেচনার দাবি জানিয়েছে।
একদিকে বিদ্যমান কর কাঠামোয় নানা দুর্বলতা ও অসংগতি আছে, অন্যদিকে সরকারি অর্থের ব্যাপক অপচয় হচ্ছে। তাই অপচয় দূর করতে একটি ‘ব্যয় কমিশন’ গঠন করা জরুরি। আর দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে দীর্ঘ মেয়াদে ‘প্রগতিশীল কর নীতি’ প্রণয়ন করা দরকার।
দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) গতকাল শনিবার এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা বলেছে। এতে স্বাগত বক্তব্যে প্রতিষ্ঠানটির সভাপতি মাহমুদুল হাসান খসরু বলেন, প্রস্তাবিত বাজেটে বিভিন্ন কর ছাড়ের ফলে দেশে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়বে। তবে করোনা যেহেতু জীবনের সঙ্গে সম্পর্কিত বিষয়, তাই এটি নিয়ন্ত্রণ করতে হবে সবার আগে।
‘ভ্যাট, আয়কর, শুল্ক-কর এবং জাতীয় বাজেটে সামষ্টিক অর্থনৈতিক নীতি’ শিরোনামে আয়োজিত এই সংবাদ সম্মেলনে প্রবন্ধ উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির কাউন্সিল সদস্য মো. শাহাদাৎ হোসেন ও স্নেহাশীষ বড়ুয়া।
আইসিএবির সাবেক সভাপতি হুমায়ূন কবির সংবাদ সম্মেলনে বলেন, দেশে বৈষম্য বাড়ছে। সরকারি টাকা নানাভাবে অপচয় হচ্ছে। তা দূর করতে একটি ব্যয় কমিশন গঠন করতে হবে।
প্রতিষ্ঠানটির কাউন্সিল সদস্য স্নেহাশীষ বড়ুয়া বলেন, ‘অন্তত বিদেশি বিনিয়োগ আকর্ষণে প্রগতিশীল করনীতি দরকার। একটু কমলেও প্রতিযোগী দেশগুলোর তুলনায় আমাদের দেশে এখনো করপোরেট করহার বেশি।’
আইসিএবি বলেছে, বাজেটের কিছু প্রস্তাব অভিনন্দনযোগ্য। যেমন এক ব্যক্তির কোম্পানির করহার কমিয়ে ২৫ শতাংশ প্রস্তাব করাটা যৌক্তিক। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির করহার এবং তালিকাভুক্ত নয় এমন কোম্পানির করহার আড়াই শতাংশ করে কমানোর প্রস্তাবও অভিনন্দনযোগ্য।
কোনো প্রতিষ্ঠান তার মোট কর্মচারীর ১০ শতাংশের বেশি তৃতীয় লিঙ্গের মানুষ এবং প্রতিবন্ধী কর্মীদের নিয়োগ দিলে ওই নিয়োগকারীকে কর রেয়াত দেওয়া হবে বলে বাজেটে যে প্রস্তাব দেওয়া হয়েছে, সেটাকে সাধুবাদ জানিয়েছে আইসিএবি। সেই সঙ্গে বলেছে, নারী উদ্যোক্তাদের করমুক্ত লেনদেন সীমা ৫০ লাখ থেকে বাড়িয়ে ৭০ লাখ টাকা করায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাত উপকৃত হবে।
দেশের বাইরে সেবা রপ্তানির ক্ষেত্রে ভ্যাটের হার শূন্য করায় ভ্যাট আইনের অস্পষ্টতা দূর হয়েছে। ভ্যাট নিরীক্ষণের উদ্দেশে লিমিটেড কোম্পানিগুলোর বার্ষিক আর্থিক বিবরণী জমা দেওয়া বাধ্যতামূলক করার প্রস্তাবটিও ভালো।
এ ছাড়া বড় শহরগুলোর বাইরে ২৫০ শয্যার সাধারণ হাসপাতাল ও ২০০ শয্যার বিশেষায়িত হাসপাতাল স্থাপন করা হলে শর্ত সাপেক্ষে ১০ বছরের জন্য কর অব্যাহতির প্রস্তাবটি ভালো।
আইসিএবি ২০২১-২২ অর্থবছরের জন্য অর্থমন্ত্রীর প্রস্তাবিত বাজেটের কিছু বিষয় পুনর্বিবেচনার দাবি জানিয়েছে। তারা বলেছে, দেশের বিপুল জনগোষ্ঠী দারিদ্র্যসীমার নিচে চলে গেছে। সে বিবেচনায় সামাজিক সুরক্ষা খাতে আরও বরাদ্দ দরকার।
বলা হয়েছে, নতুন প্রস্তাবে সরবরাহ পর্যায়ে উৎসে কর কর্তনের হার ৫ থেকে বাড়িয়ে ৭ শতাংশ করা হয়েছে। এতে আগের বছরের তুলনায় করের চাপ বাড়বে। এটির যৌক্তিকীকরণ দরকার।