ডাকঘর সঞ্চয় কর্মসূচি
অপেক্ষায় উপজেলার বিনিয়োগকারীরা
অনলাইনে বিনিয়োগের ব্যবস্থা করার দায়িত্বে রয়েছে অর্থ বিভাগের ‘জাতীয় সঞ্চয় স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেম’ কর্মসূচি।
কোনো ধরনের নোটিশ বা বিজ্ঞপ্তি না দিয়েই প্রান্তিক পর্যায়ের গ্রাহকদের জন্য চালু করা ডাকঘর সঞ্চয় কর্মসূচিতে বিনিয়োগ সেবা বন্ধ রেখেছে ডাক সঞ্চয় অধিদপ্তর। ফলে সঞ্চয় নিয়ে বসে থাকা উপজেলা পর্যায়ের বিনিয়োগকারীরা বিপাকে আছেন।
অথচ ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়কারীকে সঞ্চয়ে উৎসাহিত করতেই চালু করা হয়েছিল ডাকঘর সঞ্চয় কর্মসূচি, যার আনুষ্ঠানিক নাম ডাকঘর সঞ্চয় ব্যাংক (পোস্ট অফিস সেভিংস)। এর আওতায় দুটি কর্মসূচি আছে। একটির নাম ডাকঘর সঞ্চয় ব্যাংক সাধারণ হিসাব, অন্যটির নাম ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদি হিসাব।
দেশের সব শ্রেণি-পেশার বাংলাদেশি নাগরিকেরা এতে বিনিয়োগ করতে পারেন। সাধারণ হিসাবে মুনাফা তোলা যায় মাসে মাসে। আর মেয়াদি হিসাবে মুনাফা তোলা যায় ছয় মাস পরপর। স্বয়ংক্রিয়ভাবে পুনর্বিনিয়োগ করার সুবিধাও রয়েছে এতে। কিন্তু নগদ টাকা ও ব্যাংকের চেক নিয়ে মানুষ ডাকঘরে যাচ্ছেন, আর হতাশ হয়ে ফিরে আসছেন। কারণ, ডাকঘর টাকা রাখতে চাইছে না। এই ভোগান্তি চলছে প্রায় দুই মাস ধরে।
যোগাযোগ করলে ডাক অধিদপ্তরের মহাপরিচালক মো. সিরাজউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘সফটওয়্যার ও পাসওয়ার্ড সমস্যার কারণে গ্রাহকদের অসুবিধা হচ্ছে। কাজ চলছে। অল্প কিছুদিনের মধ্যে তা ঠিক হয়ে যাবে।’
গত ১ জুলাই থেকে বিভাগীয় ও জেলা পর্যায়ে ডাকঘর সঞ্চয় ব্যাংকের দুই কর্মসূচিতে অনলাইনে আবেদনের মাধ্যমে বিনিয়োগ ব্যবস্থা গড়ে তোলা হয়েছে, যা উপজেলায় এখনো চালু করা যায়নি।
কুমিল্লার হোমনা উপজেলার বাসিন্দা মো. তমিজউদ্দিন মুঠোফোনে গতকাল বুধবার প্রথম আলোকে জানান, এক মাসের ব্যবধানে তিনি উপজেলা ডাকঘর কার্যালয়ে দুবার গেছেন। দুবারই তাঁকে জানানো হয়েছে, সিস্টেমের কাজ চলছে। পরে আসতে হবে। কত দিনের মধ্যে আসতে হবে, তা নিশ্চিত করে কেউ জানাননি।
ঢাকার নিউ ইস্কাটনের বাসিন্দা সাব্বির আহমেদ বলেন, ‘আমার টাকা কম। ডাকঘর সঞ্চয় ব্যাংকের মেয়াদি হিসাবে বিনিয়োগ আমার জন্য সুবিধাজনক। গেলাম একদিন জিপিওতে। কর্মকর্তারা বললেন, পরে আসতে হবে। সফটওয়্যারে সমস্যা চলছে।’
ব্রিটিশ আমলে ১৮৭২ সালে ডাক-হরকরাদের সুবিধা দিতে ডাকঘর সঞ্চয় ব্যাংক কর্মসূচি চালু করা হয়। স্বাধীনতার পর তা চালু হয় ১৯৭৪ সালে। এ কর্মসূচি পরিচালনা করতে ১৯৮১ সালে সরকার ‘ডাকঘর সঞ্চয় ব্যাংক বিধি’ প্রণয়ন করে। ওই বিধির আওতায় পরিচালিত হয়ে আসছে কর্মসূচিটি। তবে নাম ডাকঘর সঞ্চয় ব্যাংক হলেও পুরো বিষয়টি দেখভালের দায়িত্ব জাতীয় সঞ্চয় অধিদপ্তরের।
সঞ্চয় অধিদপ্তর তাহলে কী দায়িত্ব পালন করছে, এ বিষয়ে জানতে অধিদপ্তরের মহাপরিচালক মাকছুদা খাতুনের সঙ্গে মুঠোফোনে বারবার চেষ্টা করলেও তিনি ধরেননি। তবে অধিদপ্তরের অন্য কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সফটওয়্যার ও পাসওয়ার্ডের বিষয়টি দেখছে অর্থ বিভাগের আওতাধীন ‘জাতীয় সঞ্চয় স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেম’ শীর্ষক কর্মসূচি।
কর্মসূচিটির পরামর্শক মিজানুর রহমান বলেন, ‘সেবাটি অনেক উপজেলায় চালু হয়েছে। তবে সারা দেশে এখনো চালু হয়নি। ডাকঘরের যে শাখায় ইন্টারনেট সংযোগ আছে এবং এক থেকে দুজন কর্মচারী আছে, সে শাখাটিই এ সেবা দিতে পারবে।’
ডাকঘর সঞ্চয় কর্মসূচিতে একক নামে ১০ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়। কেউ একক নামের পরিবর্তে যুগ্ম নামেও রাখতে পারেন ২০ লাখ টাকা পর্যন্ত। গত বছরের মে মাসে প্রজ্ঞাপন দিয়ে বিনিয়োগসীমা এক-তৃতীয়াংশে নামিয়ে আনে সরকার।
বর্তমানে সাধারণ হিসাবের ক্ষেত্রে মুনাফা সরল হারে ৭ দশমিক ৫ শতাংশ, আর মেয়াদি হিসাবের মুনাফার হার ১১ দশমিক ২৮ শতাংশ। মেয়াদি হিসাবটি তিন বছরের জন্য। তিন বছরের মেয়াদ পূর্তির আগে ভাঙানোর ক্ষেত্রে এক বছরের জন্য মুনাফা ১০ দশমিক ২০ শতাংশ, আর দুই বছরের জন্য ১০ দশমিক ৭০ শতাংশ।
১৯৭৪ সালে চালুর পর থেকে মেয়াদি আমানতের মুনাফার হার ১৬ বার পরিবর্তন করা হয়েছে। শুরুর বছর ১৯৭৪ সালে মুনাফার হার ছিল ১০ শতাংশ। মাঝখানে ১৯৮৮-১৯৯২ সময়ে তা ১৯ দশমিক ৫৫ শতাংশ পর্যন্তও ছিল।
সঞ্চয় অধিদপ্তরের ২০১৯ সালের বার্ষিক প্রতিবেদনে দেখা যায়, ওই বছরের ৩০ জুন পর্যন্ত সাধারণ হিসাব ও মেয়াদি হিসাব মিলিয়ে পুঞ্জীভূত দায় ছিল ৩৯ হাজার ৮৩২ কোটি টাকা। এর মধ্যে মেয়াদি হিসাবই ছিল বেশি; অর্থাৎ ৩৬ হাজার ৯৭৩ কোটি টাকা, আর সাধারণ হিসাবে ২ হাজার ৮৫৯ কোটি টাকা।
সঞ্চয় অধিদপ্তর, ডাক অধিদপ্তর এবং জাতীয় সঞ্চয় স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেমের সঙ্গে জড়িত ব্যক্তিদের সমন্বয়ে শিগগিরই একটি বৈঠক অনুষ্ঠিত হলে ডাকঘর সঞ্চয় কর্মসূচিতে বিনিয়োগ আগ্রহীদের ভোগান্তি কমানোর সমাধান আসতে পারে বলে মনে করেন সম্ভাব্য গ্রাহকেরা।