অর্থনীতি সমিতির ১৭ লাখ কোটি টাকার বাজেট প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০২১-২২ অর্থবছরের জন্য ১৭ লাখ ৩৮ হাজার ৭১৬ কোটি টাকার বিকল্প বাজেটের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ অর্থনীতি সমিতি।

গতকাল মঙ্গলবার এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এ বিকল্প বাজেট প্রস্তাব তুলে ধরেন সমিতির সভাপতি অর্থনীতিবিদ আবুল বারকাত। ‘কোভিড-১৯ ও আর্থসামাজিক মন্দা থেকে উত্তরণে বিকল্প বাজেট: ২০২১-২২ অর্থবছরের জন্য বাংলাদেশ অর্থনীতি সমিতির প্রস্তাবনা’ শিরোনামে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

দেশে দরিদ্র মানুষের সংখ্যা বেড়ে গেছে। ফলে সামাজিক সুরক্ষার আওতা বাড়াতে হবে। সে জন্য সম্পদ ও অতিধনীদের ওপর অতিরিক্ত করারোপ করতে হবে বলে মত দেন সমিতির সভাপতি আবুল বারকাত বলেন।

বাজেট সম্পর্কে আবুল বারকাত বলেন, ‘আমরা মনে করি, বাজেট হবে সম্প্রসারণমূলক। আমরা ১৭ লাখ ৩৮ হাজার ৭১৬ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছি, যা বর্তমান সরকারের যে বাজেট চলছে, তার তুলনায় ৩ দশমিক শূন্য ৬ গুণ বেশি।’ তাঁর মত, বাজেট কাটছাঁট করে বা তাতে ভারসাম্য এনে লাভ নেই, ভারসাম্য আনতে হবে অর্থনীতিতে।

মানুষের শোভন জীবনযাপন নিশ্চিত করতে ১৯৩০-এর দশকে যুক্তরাষ্ট্রের নিউ ডিলের মতো সরকারিভাবে বিপুল কর্মসংস্থান সৃষ্টি করতে হবে বলে মত দেন আবুল বারকাত। মহামারির এই সময়ে বেসরকারি পর্যায়ে তা করা সম্ভব হবে না মনে করেন তিনি।

করোনাভাইরাসের অভিঘাত মোকাবিলা এবং মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সরকারের আয় বাড়াতে বাংলাদেশ অর্থনীতি সমিতি ২৮টি নতুন উৎসের কথা বলেছে। ২০২০-২১ অর্থবছরের জাতীয় বাজেটে মোট রাজস্ব আয় ধরা হয়েছিল ৩ লাখ ৮২ হাজার ১৩ কোটি টাকা।

বাংলাদেশ অর্থনীতি সমিতি আসন্ন ২০২১-২২ অর্থবছরের জন্য এই আয় ৩ দশমিক ৩ গুণ বৃদ্ধি করে ১৭ লাখ ৩৮ হাজার ৭১৬ কোটি টাকা প্রস্তাব করেছে। অতিরিক্ত মুনাফা, কালোটাকা ও অর্থ পাচার—তিন খাতকে চাপের মধ্যে রেখে এই বাজেটের অর্থায়ন করা সম্ভব বলে সমিতির অভিমত।

অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ড. জামালউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা ২০১৫ সাল থেকে এই বিকল্প বাজেট দিয়ে আসছি, এটা আমাদের সপ্তম বাজেট। আশা করি সরকার এই বাজেট প্রস্তাব বিবেচনা করে দেখবে।’