২০২১ সালের অর্থনীতি কীভাবে ব্যাখ্যা করা যায়? একবাক্যে বলা যায়, এটি ছিল অর্থনৈতিক পুনরুদ্ধারের বছর। তবে সব দেশেই যে একইভাবে অর্থনৈতিক পুনরুদ্ধার হয়েছে, তা নয়। উন্নত দেশগুলো অন্য দেশগুলোর তুলনায় যেমন টিকাদানে এগিয়ে আছে, তেমনি অর্থনৈতিক পুনরুদ্ধারেও এগিয়ে। তার সঙ্গে অসমতার আরেকটি ক্ষেত্র হচ্ছে শিক্ষণবৈষম্য।
দারিদ্র্য বিমোচনে বিশ্ব অনেকটাই এগিয়ে গিয়েছিল। তবে ২০২০ সালে মহামারির ধাক্কায় গত ২০ বছরের মধ্যে এই প্রথম বিপুলসংখ্যক মানুষ আবারও দারিদ্র্যসীমার নিচে চলে যায়। বিশ্বব্যাংকের হিসাব বলছে, ২০২০ সালে প্রায় ১০ কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে গেছে। অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদের ভাষায়, এই দরিদ্র মানুষেরা একরকম নাক ভাসিয়ে টিকে আছে। অর্থাৎ পানিতে ডুবন্ত মানুষ যেমন পানির ওপরে নাক ভাসিয়ে নিশ্বাস নেওয়ার চেষ্টা করে, ঠিক সে রকম। তারা কখনো দারিদ্র্যসীমার ওপরে ওঠে, আবার কখনো নেমে যায়।
২০২১ সালের অর্থনীতির এক সংক্ষিপ্ত পর্যালোচনায় বিশ্বব্যাংক এসব কথা বলেছে।
বলা হচ্ছে, মহামারি শেষ করার সবচেয়ে কার্যকর ও দ্রুত মাধ্যম হচ্ছে টিকাদান। কিন্তু সেই টিকাদানে দেশে দেশে যোজন যোজন ব্যবধান। উন্নত বিশ্বের ৭৫ শতাংশ মানুষ যেখানে টিকার আওতায় এসেছেন, সেখানে নিম্ন আয়ের দেশের মাত্র ৭ শতাংশ মানুষ টিকা পেয়েছেন। টিকার বৈষম্য কমাতে বিশ্বব্যাংক ৬৪টি দেশকে প্রায় ৬৩০ কোটি ডলার সাহায্য দিয়েছে। এ ছাড়া কোভ্যাক্সের আওতায় প্রায় ৩০ কোটি টিকা বিভিন্ন দেশকে সহায়তা হিসেবে দেবে। তবে টিকা পেলেই সব সমস্যার সমাধান হচ্ছে না, প্রতিটি দেশের টিকাদানের জন্য যথেষ্ট অবকাঠামো থাকা প্রয়োজন, যা না থাকার কারণে অনেক বেশি পিছিয়ে আছে। তবে বাংলাদেশের টিকাদানের দীর্ঘ অভিজ্ঞতা থাকার কারণে বেশ দ্রুতই বিপুলসংখ্যক মানুষকে টিকার আওতায় আনা গেছে। অন্তত যে পরিমাণ টিকা পাওয়া গেছে, তা দ্রুতই মানুষকে দেওয়া গেছে।
বিশ্বব্যাংকের পূর্বাভাসে বলা হয়েছে, ২০২১ সালের বৈশ্বিক প্রবৃদ্ধির হার দাঁড়াবে ৫ দশমিক ৬ শতাংশ। গত ৮০ বছরে মন্দার পরবর্তী বছর এত দ্রুত হারে প্রবৃদ্ধি আর হয়নি। কিন্তু সেই প্রবৃদ্ধির চরিত্র সমতামুখী নয়, দেশে দেশে অনেক ভিন্নতা আছে।
মহামারিতে বিশ্বের প্রায় সব শ্রেণি-পেশার মানুষের আয় কমেছে, কিন্তু নিম্ন আয়ের মানুষের আয় হ্রাসের হার সবচেয়ে বেশি। বিশ্বব্যাংক মনে করছে, সেটাই সবচেয়ে বড় সমস্যা। তাদের হিসাব বলছে, বিশ্বের ২০ শতাংশ দরিদ্রতম মানুষের আয় কমেছে সবচেয়ে বেশি হারে।
মহামারির কারণে প্রায় সব দেশের স্কুল-কলেজ দীর্ঘদিন বন্ধ ছিল। উন্নত দেশগুলো প্রযুক্তির কল্যাণে এ সমস্যা অনেকটা কাটাতে পারলেও নিম্ন আয়ের দেশগুলোতে তা সম্ভব হয়নি। বিশ্বব্যাংকের হিসাবে দেখা গেছে, শিক্ষণদারিদ্র্য নিম্ন–মধ্যম আয়ের দেশগুলোতে ৭০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। ১০ বছরের কম বয়সী শিশুরা প্রয়োজনীয় পাঠ রপ্ত করায় পিছিয়ে পড়েছে। অর্থাৎ এ বয়সে তাদের যে শেখার কথা ছিল, সেটা তারা শিখতে পারেনি।
এ ছাড়া বাণিজ্য, জ্বালানির মূল্য বৃদ্ধি—এসব নিয়েও পর্যালোচনা দিয়েছে বিশ্বব্যাংক।