অর্ধেক ভ্যাট দিয়েছে ১১০ কোম্পানি

বিদায়ী অর্থবছরের সাময়িক হিসাবে সারা দেশ থেকে সব মিলিয়ে ৯৩ হাজার ৬০ কোটি টাকা আদায় হয়েছে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর

করোনার বছরেও ব্যবসা-বাণিজ্যে চাঙাভাব আছে। দেশজুড়ে ভ্যাট আদায় থেকে এমন চাঙাভাবের ইঙ্গিত মিলছে। সদ্য বিদায়ী ২০২০-২১ অর্থবছরে আগেরবারের চেয়ে ৯ হাজার কোটি টাকা বেশি ভ্যাট আদায় হয়েছে। এক বছর ধরেই করোনার ধাক্কা সামাল দিয়ে ব্যবসা-বাণিজ্য চলছে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, বিদায়ী অর্থবছরের সাময়িক হিসাবে সারা দেশ থেকে সব মিলিয়ে ৯৩ হাজার ৬০ কোটি টাকা ভ্যাট আদায় হয়েছে। এই টাকার অর্ধেক দিয়েছে দেশের ১১০টি বড় কোম্পানি। আগেরবার সব মিলিয়ে ভ্যাট আদায় হয়েছিল ৮৪ হাজার ৪৬৭ কোটি টাকা। পণ্য বা সেবার মূল্য বা বেচাকেনার ওপর ভিত্তি করে ভ্যাট আদায় হয়। তাই বেচাকেনা বা ব্যবসা ভালো হলে ভ্যাট আদায়ও বাড়ে।

অবশ্য ভ্যাট বিভাগের সংশোধিত লক্ষ্যমাত্রার তুলনায় ভ্যাট আদায়ে ১৬ হাজার ৩৯৭ কোটি টাকা পিছিয়ে আছে। বিদায়ী অর্থবছরে ভ্যাট আদায়ের লক্ষ্য ছিল ১ লাখ ১০ হাজার কোটি টাকা। এখন প্রশ্ন দেখা দিতে পারে, অর্থবছর শেষ হয়ে গেলেও কেন পিছিয়ে আছে বলছি। কারণ, ব্যবসাপ্রতিষ্ঠানগুলো জুন মাসের ভ্যাটের রিটার্ন দেবে ১৫ জুলাইয়ের মধ্যে। তখন আরও কয়েক হাজার কোটি টাকা আদায় হবে। তাই ঘাটতির চূড়ান্ত হিসাব পেতে আরও দুই সপ্তাহ অপেক্ষা করতে হবে। এই সময়ের মধ্যে ব্যাংক-বিমাসহ বিভিন্ন প্রতিষ্ঠান ভ্যাট রিটার্ন জমা দেবে।

এবার দেখা যাক, কোন কোন এলাকা থেকে বেশি ভ্যাট এসেছে। সবচেয়ে বেশি ভ্যাট দিয়েছেন দেশের বড় করদাতারা। ভ্যাটের বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) থেকে বিদায়ী অর্থবছরে পুরো ভ্যাটের অর্ধেকের বেশি আদায় করেছে। এর মানে, এলটিইউতে তালিকাভুক্ত ১১০টি কোম্পানিই এই ভ্যাট দিয়েছে। কোম্পানিগুলো সব মিলিয়ে ৪৮ হাজার ৮৬৭ কোটি টাকা দিয়েছে। বড় কোম্পানির তালিকায় যেসব প্রতিষ্ঠান আছে, এর মধ্যে অন্যতম হলো ব্রিটিশ আমেরিকান টোব্যাকো; মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও টেলিটক; সিমেন্ট খাতের শাহ সিমেন্ট, হাইডেলবার্গ সিমেন্ট, প্রিমিয়ার সিমেন্ট, সেভেন রিং সিমেন্ট; ওষুধ খাতের স্কয়ার, বেক্সিমকো, ইনসেপটা; ব্যাংক খাতের ডাচ্-বাংলা, ইসলামী ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, আরএকে সিরামিকস ইত্যাদি।

সব ভ্যাট কমিশনারেটের মধ্যে এলটিইউর ভ্যাট আদায়ে সবচেয়ে বেশি ১৬ দশমিক ২০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। আগেরবার এলটিইউ ৪২ হাজার ৫৩ কোটি টাকা আদায় করেছিল। প্রবৃদ্ধির দিক থেকে দ্বিতীয় স্থানে আছে ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট। এই কমিশনারেট বিদায়ী অর্থবছরে ৮ হাজার ৯৬৯ কোটি টাকা আদায় করেছে, যা আগের বছরের চেয়ে ১৫ দশমিক ১০ শতাংশ বেশি। এই কমিশনারেটে রাজধানীর দক্ষিণ অংশের বিশেষ করে পুরান ঢাকার ব্যবসায়ীরা ভ্যাট দেন।

ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটের কমিশনার এস এম হ‌ুমায়ূন কবির প্রথম আলোকে বলেন, করোনার মধ্যেও ব্যবসা-বাণিজ্য সচল থাকায় ভালো ভ্যাট পাওয়া গেছে। এ ছাড়া ভ্যাট কর্মকর্তারাও লক্ষ্য অর্জনে সচেষ্ট ছিলেন।

দেশের ১২টি ভ্যাট কমিশনারেট থেকে ভ্যাট আদায়ের চিত্র পাওয়া গেছে। এনবিআরের সাময়িক হিসাবে দেখা গেছে, চট্টগ্রাম, যশোর ও ঢাকা পূর্ব কমিশনারেটের ভ্যাট আদায়ে নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। ভ্যাট আদায়ের দিক থেকে এলটিইউর পর ঢাকা উত্তর কমিশনারেট সবচেয়ে বেশি ১০ হাজার ৫৪ কোটি টাকা আদায় হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম অঞ্চল থেকে ৮ হাজার ৫৯০ কোটি টাকার ভ্যাট এসেছে। ৩ হাজার কোটি টাকার বেশি আদায় করেছে ঢাকা (পূর্ব) ও কুমিল্লা কমিশনারেট। খুলনা অঞ্চল থেকে ২ হাজার কোটি টাকার মতো এসেছে। বাকি সব কমিশনারেটের ভ্যাট আদায় এক থেকে দুই হাজার কোটি টাকার মধ্যে।