আনোয়ার হোসেনের দৃষ্টান্ত অনুসরণে দেশ এগিয়ে যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনোয়ার হোসেন
ছবি: সংগৃহীত

আট দশকের জীবনে দেশের মানুষের মৌলিক চাহিদা পূরণে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে শুরু করে সিমেন্ট, ইস্পাত, টেক্সটাইলের মতো বিভিন্ন পণ্য উৎপাদনে বিনিয়োগ করেছিলেন প্রখ্যাত শিল্প উদ্যোক্তা আনোয়ার হোসেন। সৎ ও নিষ্ঠাবান এই ব্যবসায়ীর নিজ হাতে গড়া প্রতিষ্ঠানগুলো নিজ নিজ খাতের শীর্ষস্থানীয় পর্যায়ে পৌঁছেছে। সেসব প্রতিষ্ঠানে বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান হয়েছে। তাঁর দৃষ্টান্ত ব্যবসায়ী সমাজ অনুসরণ করলে দেশ এগিয়ে যাবে।

আনোয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত আনোয়ার হোসেনের স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন। ঢাকা চেম্বার গতকাল শনিবার বিকেলে এ অনুষ্ঠানের আয়োজন করে।

আনোয়ার হোসেন ১৭ আগস্ট ঢাকার ধানমন্ডির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে ডিমেনশিয়ায় আক্রান্তসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।

স্মরণসভায় আনোয়ার হোসেনকে চমৎকার মানুষ হিসেবে উল্লেখ করে সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘ব্যবসায়ী হিসেবে আনোয়ার ভাই ছিলেন সৎ ও আদর্শবান। আমি তাঁকে শ্রদ্ধা করতাম। আশির দশকে আমরা যখন বাংলাদেশ আওয়ামী লীগকে পুনর্গঠন করতে শুরু করি, তখন দলের আর্থিক অবস্থা ভালো ছিল না। আমরা যে কয়েকজন অবস্থাপন্ন ব্যক্তির কাছে অর্থ চাইতাম, তাঁদের মধ্যে আনোয়ার হোসেনও ছিলেন। তিনি সব সময়ই আমাদের অর্থ দিয়ে সহায়তা করেছেন।’

আইসিসিবি সভাপতি মাহবুবুর রহমান বলেন, ‘৯ বছর বয়সে তিনি ব্যবসার হাল ধরেন। সেখান থেকে উঠে এসে আনোয়ার গ্রুপ প্রতিষ্ঠান করেন। এমন উদাহরণ আমার কাছে আর একটিও নেই। দেশের শিল্পায়ন ও সমাজে তাঁর অবদান অনেক। কত মানুষকে যে তিনি সাহায্য–সহযোগিতা করেছেন, তার সীমা-পরিসীমা নেই।’

এফবিসিসিআইয়ের সভাপতি জসিম উদ্দিন বলেন, বাংলাদেশের শিল্পায়ন ও অর্থনীতিকে আজকের অবস্থানে নিয়ে আসার পেছনে আনোয়ার হোসেনের মতো কয়েকজন ব্যক্তির অবদান রয়েছে। আনোয়ার হোসেন ব্যবসায়ীদের পথিকৃৎ।
আনোয়ার হোসেনকে ব্যক্তি নয়, প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে ঢাকা চেম্বারের সাবেক সভাপতি আবুল কাসেম খান বলেন, তাঁর অনেক সাহস ছিল। কোনো কিছুকে ভয় পেতেন না।

অনুষ্ঠানে আনোয়ার হোসেনের তিন ছেলে মানোয়ার হোসেন, হোসেন মেহমুদ ও হোসেন খালেদ অংশ নেন। তাঁদের মধ্যে মানোয়ার হোসেন বলেন, বাবা অত্যন্ত সাদা মনের মানুষ ছিলেন। মানুষকে সাংঘাতিক ভালোবাসতেন।

স্মরণসভায় আনোয়ার হোসেনের নাতি ওয়াহিজ হোসেনও অংশ নেন। তিনি বলেন, ‘দাদা সব সময়ই জিজ্ঞাসা করতেন, বড় হয়ে কী হতে চাই। আজ সবার সামনে বলছি, আমি দাদার মতো হতে চাই।’

স্মরণসভায় স্বাগত বক্তব্য দেন ঢাকা চেম্বারের সভাপতি রিজওয়ান রাহমান। এতে আরও বক্তব্য দেন সংগঠনের সাবেক সভাপতি এম এ সাত্তার, এম এইচ রহমান, রাশেদ মাকসুদ খান, সবুর খান, আসিফ ইব্রাহিম, সাবেক সহসভাপতি শরীফ চৌধুরী, খন্দকার শহীদুল ইসলাম, মাসুদ রহমান, সদস্য আবদুস সালাম, খায়ের মো. খান প্রমুখ।