আবার প্রাণ ফিরে পাচ্ছে হারমোনিয়ামের ব্যবসা
যশোরে হারমোনিয়াম তৈরির কারিগরদের ব্যস্ততা শুরু হয়েছে। করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ থাকায় গত দুই বছরে হারমোনিয়াম বেচাকেনা প্রায় ছিলই না। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এরই মধ্যে বাদ্যযন্ত্র তৈরির কারখানাগুলোয় কারিগরদের ব্যস্ততা বাড়তে শুরু করেছে।
যশোর শহরের এমএসটিপি কলেজিয়েট স্কুলের সামনে বি কে সড়কে হারমোনিয়াম তৈরির চারটি কারখানা ও বিক্রয়কেন্দ্র রয়েছে। সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, কারখানাগুলোয় কারিগরেরা নিপুণ হাতে সেগুন ও ওক কাঠ দিয়ে হারমোনিয়াম তৈরি করে যাচ্ছেন। বিক্রেতারা জানান, এখান থেকে ঢাকা, বরিশাল, ফরিদপুর, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, সাতক্ষীরা ও খুলনার গ্রাহকেরা হারমোনিয়াম কিনে নেন। এভাবে যশোর থেকে বছরে অন্তত ৪০০টি হারমোনিয়াম বিভিন্ন জেলায় যায়।
যশোরে হারমোনিয়াম তৈরির পুরোনো কারখানা অপূর্ব মিউজিক। এই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী রতন বিশ্বাস। এখন যাঁরা হারমোনিয়াম তৈরি ও মেরামতের কারিগর আছেন, তাঁদের প্রায় সবাই রতন বিশ্বাসের শিয্য। নিজের ছেলে অপূর্ব বিশ্বাসও তাঁর কাছ থেকে কাজ শিখেছেন। অপূর্ব এখন বাবার সঙ্গেই নিজেদের কারখানায় হারমোনিয়াম তৈরির কাজ করেন।
সম্প্রতি এক সন্ধ্যায় কারখানায় বসেই অপূর্ব বিশ্বাস প্রথম আলোকে জানান, বাবা রতন বিশ্বাস ও আরেকজন কারিগর মিলে তাঁরা এই কারখানায় হারমোনিয়াম তৈরি করেন। এসব হারমোনিয়াম এখন ১৪ হাজার থেকে শুরু করে ৩০ হাজার টাকা পর্যন্ত দামে বিক্রি হয়। কাঠ ছাড়া হারমোনিয়াম তৈরির বাকি কাঁচামাল ভারত থেকে আনতে হয়। এ জন্য দাম বেশি পড়ে। তিনি আরও বলেন, বছর দশেক আগে চার হাজার টাকায় হারমোনিয়াম বিক্রি হতো। যশোরে তৈরি হারমোনিয়ামের কাজের মান ভালো। দামও তুলনামূলক কম। যে কারণে দেশের বিভিন্ন জেলার মানুষ এসে আমাদের কাছ থেকে হারমোনিয়াম কিনে নিয়ে যান। মাসে গড়ে ১০টি হারমোনিয়াম বিক্রি হয়।’
দেশ স্বাধীন হওয়ারও আগে যশোর শহরের রেল সড়কে ‘কণ্ঠমিতা’ নামে হারমোনিয়াম তৈরির একটি কারখানা চালু করেছিলেন স্থানীয় বাসিন্দা অবণী বিশ্বাস। তিনি মারা যাওয়ার পর তাঁর কারখানাটি বন্ধ হয়ে যায়।
১৯৯২ সালের দিকে ওই কারখানায় কাজ করতেন দীপঙ্কর মল্লিক নামের একজন। অবণী বিশ্বাসের কাছেই তাঁর হারমোনিয়াম তৈরির হাতেখড়ি। তবে পরে তিনি রতন বিশ্বাসের কাছ থেকেই পুরো বিদ্যাটা শিখে নেন। তিনি এক যুগ আগে রতন বিশ্বাসের অপূর্ব মিউজিকের অদূরে মল্লিক মিউজিক নামে হারমোনিয়াম তৈরির কারখানা ও বাদ্যযন্ত্র বিক্রির নিজস্ব দোকান গড়ে তোলেন।
দীপঙ্কর মল্লিক প্রথম আলোকে বলেন, ‘করোনার কারণে দুই বছর ধরে হারমোনিয়াম বেচাবিক্রি ছিল না বললেই চলে। স্কুল-কলেজ খুলে দেওয়ায় আবার কিছুটা অর্ডার পাচ্ছি। বিক্রিও কিছুটা বেড়েছে। করোনার মধ্যে অন্তত ৩০টি হারমোনিয়াম তৈরি করে রেখেছিলাম। আশা করি, এখন সেগুলো বিক্রি হবে।’ তিনি আরও বলেন, সাধারণত বছরের ডিসেম্বর শেষ থেকে এপ্রিল মাস পর্যন্ত সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান বেশি থাকে। স্কুল-কলেজেও লেখাপড়ার চাপ একটু কম থাকে। ফলে এই সময়ে বাদ্যযন্ত্র বেচাবিক্রি একটু বাড়ে।
যশোর শহরেই অন্তত ২০টির মতো সাংস্কৃতিক সংগঠন রয়েছে। এর মধ্যে গানের স্কুল রয়েছে অন্তত পাঁচটি। এ ছাড়া আবৃত্তি ও নৃত্যশিক্ষার স্কুল আছে আরও কয়েকটি। স্বাভাবিক পরিস্থিতিতে এসব প্রতিষ্ঠানে সারা বছরই গান-আবৃত্তি ও নৃত্য শেখানো হয়। বিশেষ করে শুক্রবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার দিনেই এসব স্কুল সরব থাকে। বাদ্যযন্ত্র বিক্রেতা ও সংস্কৃতিসেবীরা বলেন, কোচিং সেন্টারগুলোতে প্রতি শুক্রবার পরীক্ষা থাকায় শিক্ষার্থীদের সাংস্কৃতিক চর্চার সুযোগ কমে গেছে। ফলে বাদ্যযন্ত্র বেচাবিক্রিও কমেছে।
এ বিষয়ে জানতে চাইলে সম্মিলিত সাংস্কৃতিক জোটের যশোর শাখার সভাপতি সুকুমার দাস বলেন, ‘সাপ্তাহিক ছুটির দিনে কোচিং সেন্টার বন্ধ রাখার জন্য জোটের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। বিভিন্ন জাতীয় দিবসের প্রস্তুতিমূলক সভায়ও বিষয়টি তোলা হয়েছে। কিন্তু কোচিং সেন্টারের দৌরাত্ম্য কমছে না। প্রশাসনের পক্ষ থেকেও তেমন কোনো পদক্ষেপও নেওয়া হচ্ছে না।’
এ বিষয়ে জেলা প্রশাসক (ডিসি) তমিজুল ইসলাম খান সম্প্রতি প্রথম আলোকে বলেন, একাডেমিক শিক্ষার সঙ্গে সাংস্কৃতিক শিক্ষার কোনো সংঘাত নেই। সে জন্য স্কুল-কলেজে নৃত্য, সংগীত, আবৃত্তি ও বিতর্কচর্চায় শিক্ষকদের বিশেষ উদ্যোগ নিতে বলা হয়েছে। সাংস্কৃতিক কর্মকাণ্ডের গতি বাড়াতে অবৈধ কোচিং সেন্টার বন্ধের পদক্ষেপ নেওয়া হচ্ছে।