আমদানির সিদ্ধান্তের প্রভাব নেই চালের দামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাল
ফাইল ছবি

মাসখানেক বিরতির পর আবার বাড়তে শুরু করেছে চালের দাম। বাজার নিয়ন্ত্রণে সরকার গতকাল সোমবার আমদানির প্রস্তুতি শুরু করেছে, কিন্তু তাতে বাজারে চালের দাম কমেনি। আর ভোজ্যতেলের দাম লিটারে ৬ টাকা পর্যন্ত কমানো হলেও গতকাল নতুন দামের পণ্য পাননি ক্রেতারা। আজ মঙ্গলবার থেকে সমন্বয় করা দামে সয়াবিন তেল পাওয়া যেতে পারে।

গতকাল সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাজারদরের তালিকা থেকে জানা গেছে, বাজারে সরু চাল বিক্রি হচ্ছে (নাজিরশাইল ও মিনিকেট) ৬৪ থেকে ৮০ টাকায়। এক মাস আগে যার দাম ছিল ৫৮ থেকে ৬৮ টাকা, অর্থাৎ এক মাসের ব্যবধানে সরু চালের দাম বেড়েছে ১০ থেকে ১৭ শতাংশ।

মাঝারি চাল (পাইজাম ও লতা) গতকাল রাজধানীর বাজারে বিক্রি হয়েছে ৫২ থেকে ৬০ টাকা কেজি। এক মাসের ব্যবধানে এই চালের দাম বেড়েছে ৯ দশমিক ৮০ শতাংশ। আর মোটা চালের (স্বর্ণা ও চায়না ইরি) দামও বেড়েছে ৮ দশমিক ৬০ শতাংশ। টিসিবির হিসাবে মোটা চাল বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৫৩ টাকায়।

ব্যবসায়ীরা বলছেন, বন্যার কারণে বাজারে চালের দাম বাড়ছে। এখন সরকার আমদানির সিদ্ধান্ত নিয়েছে। এমন হলে মিলাররা বাজারে সরবরাহ বাড়িয়ে দেন। তাতে বাজার স্থিতিশীল হয়ে আসে। তবে এবার সরকার আমদানির প্রস্তুতি শুরু করলেও বাজারে চালের দাম উল্টো এখনো বাড়তির দিকে।

সরেজমিনে রাজধানীর কারওয়ান বাজার, মগবাজার ও সেগুনবাগিচা বাজার ঘুরে দেখা গেছে, গত তিন-চার দিনে চালের দাম বেড়েছে এক থেকে তিন টাকা। পাইকারি বাজারে চালের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে খুচরা বাজারেও। পাড়া-মহল্লার দোকানে মোটা চাল স্বর্ণা বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৩ টাকা দরে। বিআর-২৮ ৫৫ থেকে ৫৮, মিনিকেট ৬৫ থেকে ৭০ ও নাজিরশাইল মানভেদে ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

মোহাম্মদপুর কৃষিবাজারের পাইকারি চালের ব্যবসায়ী শাহাব উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘চালের বাজার স্থিতিশীল ছিল, এখন আবার কেজিতে এক-দুই টাকা বাড়তে শুরু করেছে। শুনেছি, সরকার আমদানি করবে। সেটা হলে মিলাররা চাল ছেড়ে দেবেন, তাতে দাম কেজিপ্রতি অন্তত ৫ টাকা কমে আসবে।’

এদিকে নতুন করে ভোজ্যতেলের দাম সমন্বয় করে লিটারে ৬ টাকা পর্যন্ত কমানো হলেও, বাজারে গতকাল নতুন দামের সয়াবিন তেল বাজারে পাওয়া যায়নি। বাজারে ভোজ্যতেল সরবরাহ করে এমন একটি প্রতিষ্ঠানের একজন বিক্রয় প্রতিনিধি প্রথম আলোকে জানিয়েছেন, মঙ্গলবার থেকে নতুন দামের সয়াবিন সরবরাহ করা হবে।

আজ থেকে ক্রেতারা এক লিটার খোলা সয়াবিন তেল কিনতে পারবেন ১৮০ টাকায়। এত দিন খোলা সয়াবিনের দাম ছিল লিটারে ১৮৫ টাকা। আর এক লিটার বোতলজাত সয়াবিন তেল আজ থেকে বিক্রি হবে ১৯৯ টাকায়, এত দিন যার দাম ছিল ২০৫ টাকা। এ ছাড়া পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেল এত দিন ৯৯৭ টাকায় বিক্রি হলেও, এখন দাম কমে দাঁড়াবে ৯৮০ টাকা।

বন্যার প্রভাবে বাজারে সব ধরনের সবজির দাম বেশ চড়া। দু-একটি ছাড়া অধিকাংশ সবজি প্রতি কেজি ৫০-৭০ টাকায় বিক্রি হচ্ছে। এর মধ্যে কয়েকটি সবজির দাম স্বাভাবিকের তুলনায় বেশ বেশি। এর মধ্যে গতকাল রাজধানীতে টমেটো বিক্রি হয়েছে প্রতি কেজি ২০০ টাকায়। শসা বিক্রি হয়েছে মানভেদে প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকায়। আর চায়না গাজর বিক্রি হয় প্রতি কেজি ১৩০ থেকে ১৫০ টাকায়।

বেগুনের মূল্যবৃদ্ধির পাশাপাশি পাইকারি বাজারে আলুর দামও বাড়তির দিকে। গতকাল কারওয়ান বাজারে পাইকারিতে বড় আলুর ৫ কেজির পাল্লা বিক্রি হয়েছে ১৪০ টাকায়। সেই হিসাবে পাইকারিতে প্রতি কেজির দাম পড়ে ২৮ টাকা। সেগুনবাগিচা বাজারে আলু খুচরা বিক্রি হয়েছে ৩৫ থেকে ৪০ টাকায়।