করোনার প্রভাব
আমানত ভাঙছে প্রবাসীদের পরিবার
ব্যাংকে প্রবাসীদের আমানত কমে যাচ্ছে। প্রবাসীদের পরিবারগুলো সঞ্চয় ভেঙে খাচ্ছে, আয়ও কমছে।
প্রবাসীদের পাঠানো অর্থের একটি বড় অংশ তুলে ফেলেন স্বজনেরা। বাকি টাকা ব্যাংকে জমা থাকে। ফলে ব্যাংকে প্রবাসীদের জমানো টাকা বৃদ্ধির হার কম। ২০২১ সালের প্রথম ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) ব্যাংকে প্রবাসীদের আমানত প্রায় অর্ধেক কমে গেছে। এ সময় ব্যাংক খাতে প্রবাসীদের আমানত কমেছে ২ হাজার ৫৬০ কোটি টাকা। ২০২০ সালের ডিসেম্বর মাস শেষে ব্যাংকে প্রবাসীদের আমানত ছিল ৪ হাজার ৭৭২ কোটি টাকা, গত বছরের সেপ্টেম্বর মাসে যা কমে দাঁড়ায় ২ হাজার ২১২ কোটি টাকা।
ব্যাংক খাত–সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ব্যাংকে প্রবাসীদের যে আমানত আছে, তা মূলত প্রবাসী আয়ের অংশ। ব্যাংক হিসাবে যে অর্থ আসে, তা উত্তোলনের পর বাকিটা জমা থাকে। এ আমানত কমে যাওয়ার অর্থ হচ্ছে, প্রবাসীদের পরিবারগুলো করোনার ধাক্কায় পড়ে এখন সঞ্চয় ভেঙে খাচ্ছে। আর প্রবাসীদের পাঠানো আয়ও কমে গেছে।
বেসরকারি গবেষণা সংস্থা রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিটের (রামরু) প্রতিষ্ঠাতা চেয়ার তাসনিম সিদ্দিকী এ নিয়ে প্রথম আলোকে বলেন, করোনার কারণে অনেক প্রবাসী শ্রমিকের আয় কমেছে। সেই ধাক্কা এখনো কাটিয়ে ওঠা যায়নি। আর এখন প্রবাসীদের সঞ্চয় করার মতো অবস্থা নেই। অনেকের পরিবার এখন আগের জমানো টাকা ভেঙে খাচ্ছে। তাঁদের সঞ্চয়ে উৎসাহিত করতে প্রণোদনা দেওয়া যেতে পারে। বিশেষ করে প্রবাসীদের বন্ডে বিনিয়োগ আরও সহজ বা তাঁদের সঞ্চয়ে বেশি সুদ দিলে তাঁরা আরও উৎসাহিত হবেন।
এদিকে প্রবাসীদের পাশাপাশি ব্যাংক খাতে বিশেষ স্কিমের আমানতেও জমানো টাকা কমে গেছে। বিশেষ স্কিমের মধ্যে আছে শিক্ষা সঞ্চয়, হজ স্কিম, মোহরানা স্কিম, স্বাস্থ্য সঞ্চয়সহ বিশেষ উদ্দেশ্যে জমানো টাকা। ২০২০ সালের ডিসেম্বরে বিশেষ সঞ্চয় স্কিমে আমানত ছিল ৩৪ হাজার ৭৭১ কোটি টাকা। গত বছরের সেপ্টেম্বরে যা কমে দাঁড়ায় ৩২ হাজার ৬৭৬ কোটি টাকা।
খাত–সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, করোনার কারণে নতুন করে বিশেষ উদ্দেশ্যে সঞ্চয় কমে গেছে। আবার অনেকে নিয়মিত কিস্তি জমা দিতে না পেরে বিশেষ সঞ্চয় স্কিম ভেঙে ফেলছেন। ফলে বিশেষ স্কিমে জমানো টাকা কমে গেছে।
সম্প্রতি ব্যাংক খাতে আমানতের প্রবৃদ্ধিও কমে গেছে। ২০২০ সালের জানুয়ারি থেকে গত বছরের জানুয়ারি পর্যন্ত ব্যাংক খাতে আমানত বেড়েছিল ১ লাখ ৪৮ হাজার ৩১৬ কোটি টাকা। আর ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২২ সালের জানুয়ারি পর্যন্ত আমানত বেড়েছে ১ লাখ ১৫ হাজার ৫৫২ কোটি টাকা।
অবশ্য ব্যাংকাররা বলছেন, সম্প্রতি ব্যাংকগুলো টাকা দিয়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে প্রচুর ডলার কিনেছে। এ কারণে আমানতের প্রবৃদ্ধি কমে গেছে।
করোনাভাইরাসের প্রকোপ শুরুর পর ২০২০ সালের মার্চ ও এপ্রিল মাসে প্রবাসী আয়ে বড় ধাক্কা লাগে। তবে এরপরই প্রবাসী আয়ে বড় উল্লম্ফন ঘটে। করোনার আগে স্বাভাবিক সময়ে প্রবাসীরা বিদেশ থেকে প্রতি মাসে ১৪০ থেকে ১৫০ কোটি মার্কিন ডলার পাঠাতেন। কিন্তু করোনা শুরু হওয়ার পর প্রবাসী আয়ের পরিমাণ অনেকটা বৃদ্ধি পায়। এক মাসে প্রবাসী আয় বেড়ে প্রায় ২৬০ কোটি ডলারে উঠে যায়। কিন্তু পরিস্থিতি যখন স্বাভাবিক হয়ে আসে এবং বৈশ্বিক যোগাযোগ গতি পায়, তখন থেকে কমতে শুরু করে।
এর ফলে ২০২১ সালে প্রবাসী আয় কিছুটা বেড়ে ২ হাজার ২০৭ কোটি ডলার হয়। ২০২০ সালে যা ছিল ২ হাজার ১৭৪ কোটি ডলার। বছরভিত্তিক হিসাবে আয় বাড়লেও অর্থবছর হিসাবে আয় কমে প্রায় ২১ শতাংশ। ফলে প্রবাসীদের আমানতও কমছে বলে মনে করছেন অনেক ব্যাংকার।
যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ এ নিয়ে প্রথম আলোকে বলেন, ‘প্রবাসী আয় বেশ কমে গেছে। এখনো এ ধাক্কা কাটেনি। সে কারণে প্রবাসীদের স্বজনেরা টাকা ভেঙে খাচ্ছেন। অনেকে হয়তো আমানত ভেঙে বিনিয়োগও করছেন। তবে বিনিয়োগ হলে তা দেশের জন্য ভালো হবে।’
মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ আরও বলেন, ‘ব্যাংক খাতে আমানতের প্রবৃদ্ধি কমে গেলেও সংকট নেই। ব্যাংকগুলোর হাতে এক লাখ কোটি টাকার বেশি আমানত উদ্বৃত্ত আছে। হয়তো সব ব্যাংকের হাতে টাকা নেই।’
এদিকে প্রবাসী আয় বাড়াতে সরকার চলতি বছরের শুরু থেকে আড়াই শতাংশ হারে প্রণোদনা দিচ্ছে, আগে যা ছিল ২ শতাংশ।