নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি পাওয়ায় ছেলে–মেয়ে আর নিজের উপার্জন দিয়েও সংসার চালাতে হিমশিম খাচ্ছেন মিরপুরের রূপনগর আবাসিক এলাকার নিরাপত্তারক্ষী রইছ মিয়া। দৈনন্দিন খরচে কাঁটছাট করেছেন। তারপরও সঞ্চয় কিছু থাকছে না। তাই পুরোনো ঋণ শোধ করা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন পঞ্চাশোর্ধ রইছ মিয়া।
রইছ মিয়ার বাড়ি সুনামগঞ্জের দিরাই থানার ভাটিপাড়া গ্রামে। সিলেটের কোম্পানীগঞ্জে ১০ বছরের বেশি সময় পাথর ভাঙার কাজ করেছেন। ২০১৯ সালের শেষের দিকে গ্রামের বাড়িতে জমি বর্গা নিয়ে ধানের চাষ শুরু করেন। ঋণ করেন দুই লাখ টাকা। কিন্তু বন্যার পানিতে জমির ধান নষ্ট হয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েন রইছ মিয়া। হাওরে মাছ ধরে উপার্জনের চেষ্টা করেন তিনি। আয় মোটামুটি খারাপ হচ্ছিল না। তখন আবার শুরু হয় করোনার বিধিনিষেধ। তাতে আয়ের গতিও কমে যায়।
খরচ তো অনেক কমাইতে হইতাছে। ধরেন, চাহিদা হইছে আজকে ভালো একটা কিছু খামু, কিন্তু খাইলাম না। চাহিদা হইলেই তো অহন আর খাওয়া সম্ভব হইব না।
রইছ মিয়া বলেন, ‘করোনার কারণে এলাকার (সুনামগঞ্জ) বাজারে মাছের ভালো দাম পাচ্ছিলাম না। তাতে সংসার খরচই জোগাড় করতে হিমশিম খেতে হয় সে সময়।’
কোনো উপায় না পেয়ে ২০২০ সালের শেষের দিকে সাতজনের পরিবার নিয়ে ঢাকায় চলে আসেন রইছ মিয়া। এক আত্মীয়ের মাধ্যমে মিরপুরের রূপনগর এলাকায় নেন নিরাপত্তাপ্রহরীর চাকরি। মেয়ে কাজ নেন পোশাক কারখানায়। আর ছেলে রিকশা চালাতে শুরু করেন। তিনজনের আয় দিয়ে সংসার খরচ চালিয়ে বাকি টাকা ঋণ পরিশোধের জন্য জমাতে থাকেন। তবে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি পাওয়ায় সেই সঞ্চয় তো দূরে থাকুক, সংসার চালানো নিয়েই দুশ্চিন্তায় পড়েন এই নিরাপত্তাকর্মী।
বর্তমানে রূপনগর এলাকায় স্ত্রী, ছেলে–মেয়ে, পুত্রবধূ ও দুই নাতি-নাতনি নিয়ে থাকেন রইছ মিয়া। থাকার সুবিধার জন্য এক রুমের টিনের বাসায় পর্দা দিয়ে দুই ভাগ করে নিয়েছেন। নিজে দৈনিক ১২ ঘণ্টা কাজ করে বেতন পান ৮ হাজার টাকা। আর মেয়ে ও ছেলের উপার্জন মিলিয়ে মাসে ২৬ হাজার টাকা আয় হয়। তবে আয়ের সিংহভাগই ব্যয় হয় দৈনন্দিন খরচে। এর বাইরে চিকিৎসা খরচ ছাড়াও বাড়িতে বৃদ্ধা মাকে টাকা পাঠাতে হয় তাঁর।
নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় কীভাবে সংসার চালাচ্ছেন জানতে চাইলে রইছ মিয়া বললেন, ‘খরচ তো অনেক কমাইতে হইতাছে। ধরেন, চাহিদা হইছে আজকে ভালো একটা কিছু খামু, কিন্তু খাইলাম না। চাহিদা হইলেই তো অহন আর খাওয়া সম্ভব হইব না। কারণ, এইডা খাইতে গেলে আমার আরেকটা দিক শর্ট হইব। এমনে চলতাছি।’
ঈদের আগ পর্যন্ত স্থানীয় দোকানের পাশাপাশি টিসিবির ট্রাক থেকেও কম দামে পণ্য কিনতেন রইছ মিয়া। এখন সবই বেশি দাম দিয়ে দোকান থেকে কিনতে হচ্ছে। বললেন, ‘আমরা তো আটা রুটি খাই না, ভাতেই অভ্যস্ত। এ জন্য আমার সমস্যা হচ্ছে, চাল ও তেলের মূল্যবৃদ্ধিতে। তিনি জানান, আগে দুই বা পাঁচ লিটারের সয়াবিন তেলের বোতল কিনলেও গত সপ্তাহ থেকে আধা কেজি করে খোলা তেল কিনছেন। চালের বাড়তি দামও সংকটে ফেলেছে তাঁকে। আগে ৫০ কেজির চালের বস্তা কিনলেও এখন ৫ বা ১০ কেজি করে কিনছেন। কমেছে মাছ-মাংস খাওয়া। ঈদের সময়ে দুই দিন গরুর মাংস খেয়েছেন। তার তিন-চার মাস আগে আরেকবার গরুর মাংস কিনেছিলেন। প্রথম রোজায় ছোট মাছ কিনলেও তারপর আর কিনতে পারেননি।
বর্তমান পরিস্থিতিতে ঋণ পরিশোধ কীভাবে করবেন সেই চিন্তাই বেশি করছেন রইছ মিয়া। পাওনাদার আরও প্রায় ৬০ হাজার টাকা পাবেন। টাকা পরিশোধের জন্য সময় বাড়ানোর অনুরোধ করেন তিনি। সামনের দিনগুলো কীভাবে কাটবে জানতে চাইলেরইছ মিয়া বলেন, ‘ভবিষ্যৎ আর কিছু নাই বাবা। এখন যদি ঋণটা পরিশোধ আর মেয়ের বিয়ে দিতে পারি মরার আগে, তাতেই আমি সন্তুষ্ট।’
এদিকে ঝড়ের কবলে পড়ে গত বছর গ্রামের বাড়িটিও ভেঙে গেছে। ফলে সেটি ঠিক করার আগে পরিবার নিয়ে বাড়িও ফিরতে পারবেন না রইছ মিয়া। আবার নতুন করে যে বাড়ি করবেন, সেই টাকাও নেই। ফলে পণ্যের মূল্যবৃদ্ধিতে জীবনযাত্রার ব্যয় যতই বাড়ুক, আপাতত ঢাকা ছেড়ে বাড়ি ফেরার কোনো উপায় নেই তাঁর। ফিরতে হলে লাগবে টাকা। সেই টাকার দুশ্চিন্তা পিছু ছাড়ছে না রইছ মিয়ার।