ইলেকট্রনিক বই-জার্নাল আমদানি করলে ভ্যাট ছাড়
বাংলাদেশ একাডেমি অব সায়েন্সের গবেষক, বিজ্ঞানী ও একাডেমিক সম্প্রদায়ের মানুষ বিদেশি ইলেকট্রনিক জার্নালসহ বিভিন্ন ডেটাবেইস ব্যবহার করে থাকেন। জ্ঞানের পিপাসা থেকেই তাঁরা নানা ধরনের বই পড়েন। আধুনিক যুগে এখন সবকিছুই ইলেকট্রনিক ভার্সন হয়ে যাচ্ছে। ফলে স্বয়ংক্রিয় উপায়ে ইলেকট্রনিক বই পাওয়া যায়।
এসব জ্ঞানপিপাসুদের জন্য সুখবর। বাংলাদেশ একাডেমি অব সায়েন্সের গবেষক, বিজ্ঞানী, একাডেমিকদের ব্যবহারের জন্য ভৌগোলিক সীমারেখার বাইরে থেকে আমদানি করা অনলাইন ইলেকট্রনিক জার্নাল, অনলাইন ইলেকট্রনিক বুক এবং অনলাইন ইলেকট্রনিক ডেটাবেইস ব্যবহারের ওপর মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সম্প্রতি এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে রাজস্ব আদায়কারী সংস্থাটি।
১৯৭৩ সালে বাংলাদেশে একাডেমি অব সায়েন্স প্রতিষ্ঠিত হয়। এই পেশাগত প্রতিষ্ঠান বিশ্বের বিজ্ঞান সমাজের কাছে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। প্রতিষ্ঠানটি প্রতিবছর জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড আয়োজনের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত থাকে। এ ছাড়া প্রতিবছর বিপুলসংখ্যক মেধাবী শিক্ষার্থীকে উচ্চশিক্ষা ও পিএইচডি ডিগ্রির জন্য ফেলোশিপ দিয়ে থাকে। এসব বিবেচনায় এনবিআর এ ধরনের বিদেশি অনলাইন সেবার ওপর ভ্যাট ছাড় দিল।