যত দিন পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সব খাতের ৮০ থেকে ৯০ ভাগ দোকান বা প্রতিষ্ঠান ইএফডির (ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস) আওতায় আনতে না পারবে, তত দিন বিকল্প ব্যবস্থা হিসেবে উৎসে ভ্যাট আদায়ের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।
রাজধানীর জাতীয় প্রেসক্লাবে গতকাল মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়েছেন দোকান মালিক সমিতি, রেস্তোরাঁ মালিক সমিতি ও টাইলস ডিলারস অ্যান্ড ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনসহ কয়েকটি সংগঠনের নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন।
লিখিত বক্তব্যে বলা হয়, বর্তমানে এনবিআর উৎপাদন ও আমদানি পর্যায়ে ১৫ শতাংশ উৎসে ভ্যাট আদায় করে। অগ্রিম কর আদায় করে ৫ শতাংশ হারে। ৩৭ শতাংশ লাভ ধরে তার ওপর ভ্যাট ৫ শতাংশ। ডিলার ও পাইকারি পর্যায়ে ভ্যাট নেওয়া হয় ৫ শতাংশ। এ চার স্তরে এনবিআর মোট ৩০ শতাংশ ভ্যাট আদায় করে। এর বাইরে খুচরা পর্যায়ে ভোক্তার কাছ থেকে আদায় করে ৫ শতাংশ ভ্যাট। এতগুলো স্তরে ভ্যাট আদায় না করে এনবিআর যদি উৎসে ভ্যাট আদায় করে, তাহলে বছরে চার থেকে পাঁচ হাজার কোটি টাকা অতিরিক্ত আদায় হবে বলে মন্তব্য করেন হেলাল উদ্দিন।
সংবাদ সম্মেলনে হেলাল উদ্দিন বলেন, এনবিআর সক্ষমতার স্বাক্ষর রাখতে পারেনি। গত ২ বছরে এনবিআরের উচিত ছিল ৮০ থেকে ৯০ ভাগ দোকান বা প্রতিষ্ঠানে ইএফডি বসানো। তাহলে কর আদায় অনেক বাড়ত। আগামী দুই মাসের মধ্যে প্রতিটি উপজেলায় আয়করের একটি করে অফিস স্থাপনের দাবি জানান তিনি।
২০১২ সালের ভ্যাট আইনটি ২০১৯ সালে কার্যকর করা হয়। আইনটি কার্যকরের আগে ৫০ লাখ টাকা পর্যন্ত লেনদেনকে ভ্যাটের আওতামুক্ত রাখা হয়েছিল। বর্তমানে করোনা মহামারির মধ্যে এনবিআর দোকানমালিককে না জানিয়ে জোর করে রেজিস্ট্রেশনের আওতায় আনছে। এনবিআর ইতিমধ্যে ৩ লাখ ৫০ হাজার দোকানকে রেজিস্ট্রেশনের আওতায় এনেছে। এর মধ্যে তিন লাখ প্রতিষ্ঠান তাদের রেজিস্ট্রেশনের বিষয়ে জানে না। অথচ প্রতি মাসে এনবিআরের কাছে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা বকেয়া হচ্ছে।