এখনই বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণের সময়

চট্টগ্রাম কাস্টমসের উপকমিশনার মো. সালাহউদ্দিন রিজভীর হাতে সনদ তুলে দেন ইউজি আন্দো। গত মঙ্গলবার চট্টগ্রাম কাস্টম হাউসেছবি: সংগৃহীত

জাপানের বৈদেশিক বাণিজ্য সংস্থা জেট্রোর এ-দেশীয় প্রধান ইউজি আন্দো বলেছেন, এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের মধ্যে প্রতিযোগিতামূলক শ্রমবাজার রয়েছে বাংলাদেশে। ফলে এ দেশের অভ্যন্তরীণ বাজার সম্ভাবনাময়। এ জন্য জাপানি কোম্পানিগুলোর বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণের সময় এখন।

চট্টগ্রাম কাস্টম হাউসে গত মঙ্গলবার একটি প্রশিক্ষণ কর্মসূচির সনদ হস্তান্তরের সময় জেট্রোর এ-দেশীয় প্রধান ইউজি আন্দো এ মন্তব্য করেন।

চট্টগ্রাম কাস্টমসের উপকমিশনার মো. সালাহউদ্দিন রিজভীর হাতে সনদ তুলে দেন ইউজি আন্দো। জাপানের ইনস্টিটিউট অব ডেভেলপিং ইকোনমিকস অ্যাডভান্সড স্কুল (আইডিইএএস) আয়োজিত চার মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শেষ করায় মো. সালাহউদ্দিন রিজভী এই সনদ পেয়েছেন। সনদ হস্তান্তরের সময় কাস্টমস কমিশনার মো. ফখরুল আলম উপস্থিত ছিলেন।

সালাহউদ্দিন রিজভী প্রশিক্ষণ কর্মসূচিতে ‘অথরাইজড ইকোনমিক অপারেটর’ (ঝামেলা ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে শুল্কায়নপ্রক্রিয়া সম্পন্ন করার ব্যবস্থা) চ্যালেঞ্জ নিয়ে গবেষণা নিবন্ধ জমা দেন। আইডিইএএস হচ্ছে জেট্রোর গবেষণা প্রতিষ্ঠান।

২০২১ সালে এশিয়া ও ওশেনিয়া অঞ্চলে জাপানি কোম্পানিগুলোর ব্যবসার পরিস্থিতি নিয়ে জেট্রোর এক সমীক্ষায় বলা হয়, বাংলাদেশে থাকা ৬৮ শতাংশ জাপানি কোম্পানি আগামী এক থেকে দুই বছরে এ দেশে তাদের ব্যবসা সম্প্রসারণ করতে চায়। করোনা মহামারির পরও ২০২২ সালে ৬৫ শতাংশ জাপানি কোম্পানি মুনাফা করতে পারবে বলে আভাস দিয়েছে।