এফএএস ফাইন্যান্সের ১২ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান এফএএস ফাইন্যান্সের টাকা আত্মসাতের ঘটনায় প্রতিষ্ঠানটির ১২ জন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার সকালে দুদকের প্রধান কার্যালয়ে একজন উপপরিচালকের নেতৃত্বে একটি অনুসন্ধানকারী দল তাঁদের জিজ্ঞাসাবাদ করে। এফএএস ফাইন্যান্স থেকে ১ হাজার ৩০০ কোটি আত্মসাতের ঘটনায় তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়।

দুদক সূত্র জানায়, আভিভা ফাইন্যান্স (সাবেক রিলায়েন্স ফাইন্যান্স) ও গ্লোবাল ইসলামী (সাবেক এনআরবি গ্লোবাল) ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার (পি কে হালদার) ও তাঁর সহযোগীদের যোগসাজশে ইন্টারন্যাশনাল লিজিং ও এফএএস ফাইন্যান্স থেকে প্রায় তিন হাজার কোটি টাকা আত্মসাতের ঘটনা ঘটে। এর মধ্যে ১ হাজার ৩০০ কোটি টাকা আত্মসাৎ হয় এফএএস ফাইন্যান্স থেকে।

এই অর্থ কেলেঙ্কারির রহস্য উদ্‌ঘাটন করতে এফএএস ফাইন্যান্সের ১২ জন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয় দুদকে। তাঁরা হলেন প্রতিষ্ঠানটির সহকারী ব্যবস্থাপক নিয়াজ আহমেদ ফারুকী, দীপক কুমার চক্রবর্তী, সাবেক এসভিপি ও করপোরেট ফাইন্যান্স অ্যান্ড রিকভারি এবং আইন বিভাগের প্রধান জাহাঙ্গীর আলম ভূঁইয়া, প্রিন্সিপাল শাখার ব্যবস্থাপক তানভির আহমেদ কমল, আইসিসি অ্যান্ড রিকভারি বিভাগের প্রধান মনির হোসেন, সিনিয়র অফিসার মৌসুমী পাল, ব্যবস্থাপক আহসান রাকিব, ডেপুটি ম্যানেজার মীর ইমাদুল হক, সাবেক সিনিয়র অফিসার তাসনিয়া তাহসিন রোজালিন, সাবেক ভিপি মনিরুজ্জামান আকন্দ, সাবেক এসভিপি আজিমুল হক ও সাবেক এসইভিপি ও সিএডির প্রধান প্রাণ গৌরাঙ্গ দে।