আবদুল মোনেম ইজেড
এবার আসছে হান্সম্যান ও সিঙ্গার
বেসরকারি আবদুল মোনেম অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করেছে জাপানের হোন্ডা মোটর। নতুন করে বিনিয়োগে আসছে যুক্তরাষ্ট্রের হান্সম্যান ও সিঙ্গার।
করোনা অতিমারির মধ্যেও বিদেশি বিনিয়োগের দুটি সুখবর মিলেছে। মুন্সিগঞ্জের গজারিয়ায় অবস্থিত বেসরকারি আবদুল মোনেম অর্থনৈতিক অঞ্চলে (ইজেড) বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্রের হান্সম্যান করপোরেশন লিমিটেড। বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে সিঙ্গার বাংলাদেশ লিমিটেডও।
আবদুল মোনেম অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের উপদেষ্টা মোহাম্মদ হারুনুর রশিদ প্রথম আলোকে বলেন, করোনার মধ্যে যুক্তরাষ্ট্রের কোম্পানির এ দেশে বিনিয়োগের ঘটনা নিশ্চয়ই ইতিবাচক। তা দেখে অন্য বিনিয়োগকারীরাও আগ্রহী হবেন। হান্সম্যান করপোরেশনের কারখানার নকশা এরই মধ্যে চূড়ান্ত হয়ে গেছে। আগামী মাস থেকে কারখানা নির্মাণের কাজ শুরু হবে।
হারুনুর রশিদ আরও বলেন, ঢাকার পাশে হওয়ায় মোনেম অর্থনৈতিক অঞ্চলে সিঙ্গার বাংলাদেশও বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। দুই পক্ষের মধ্যে এখন আলোচনা চলছে।
আবদুল মোনেম অর্থনৈতিক অঞ্চলে সবার আগে বিনিয়োগ করেছে জাপানের মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠান হোন্ডা মোটর করপোরেশন। সেখানে তারা এরই মধ্যে মোটরসাইকেল উৎপাদন শুরু করেছে।
মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীর তীর ঘেঁষে ৩৪৫ একর জায়গার ওপর গড়ে উঠেছে আবদুল মোনেম অর্থনৈতিক অঞ্চল। তারা বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) কাছ থেকে ২০১৫ সালে প্রাথমিক লাইসেন্স ও ২০১৭ সালে চূড়ান্ত লাইসেন্স পায়। চূড়ান্ত লাইসেন্স পাওয়ার পর অর্থনৈতিক অঞ্চলটিতে দেশি-বিদেশি কোম্পানিকে জমি ইজারা দেওয়ার সুযোগ হয়েছে। যারা সেখানে বিনিয়োগ করবে, তারা কর ছাড়সহ সরকার ঘোষিত বিভিন্ন সুযোগ-সুবিধা পাবে।
আবদুল মোনেম লিমিটেডের কর্মকর্তারা জানান, অর্থনৈতিক অঞ্চলটিতে বিদেশি বিনিয়োগকারীদেরই বেশি অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
হান্সম্যান করপোরেশন
আবদুল মোনেম অর্থনৈতিক অঞ্চলে বন্ডেড ওয়্যার হাউস স্থাপন করবে হান্সম্যান করপোরেশন। পরে সেখানে তারা বিদেশ থেকে আমদানি করা কাঁচামাল দিয়ে কেমিক্যাল (রাসায়নিক পণ্য) উৎপাদনের কারখানা করবে। কাঁচামাল আমদানিতে শুল্কমুক্ত সুবিধা পাবে, আর তা রাখবে বন্ডেড ওয়্যার হাউসে। এ জন্য মার্কিন কোম্পানিটি আবদুল মোনেমের কাছ থেকে পাঁচ একর জমি লিজ নিয়েছে। গত ১৭ জুন জমি নিয়ে লিজ চুক্তি সই হয়েছে। প্রথম দফায় তারা ২ কোটি ডলার বিনিয়োগ করবে, যা বাংলাদেশি মুদ্রায় ১৭০ কোটি টাকা (প্রতি ডলার ৮৫ টাকা ধরে)।
জানা গেছে, হান্সম্যান করপোরেশন বস্ত্রশিল্পে ব্যবহার্য কেমিক্যাল, বিশেষ করে সফেনার ও ডিটারজেন্ট ওয়েটিং উৎপাদন করবে। বস্ত্র খাতের ব্যবসায়ীরা এখন চীন, ভারত ও ইউরোপ থেকে এসব কাঁচামাল আমদানি করেন। এতে তাঁদের অনেক সময় লাগে, খরচও বেশি পড়ে। তাই হান্সম্যান করপোরেশন থেকে কেমিক্যাল নিতে পারলে দেশীয় ব্যবসায়ীদের সুবিধা হবে বলে আশা করা হচ্ছে।
বিটিএমইএর সহ সভাপতি আবদুল্লাহ আল মামুন বলেন, হান্সম্যান করপোরেশন যদি বিদেশ থেকে কাঁচামাল আমদানি করে এখানে কেমিক্যাল উৎপাদন করে, তাহলে সেটি অবশ্যই বস্ত্র ব্যবসায়ীদের জন্য ভালো হবে। তবে বন্ডেড ওয়্যার হাউসের নাম করে যদি সেখানে ফিনিশড পণ্য বিক্রি করে, সেটা হবে শুভংকরের ফাঁকি।
সিঙ্গার বাংলাদেশ
সিঙ্গার বাংলাদেশ তাদের ফ্রিজ, টেলিভিশন, এয়ারকন্ডিশনার ও ওয়াশিং মেশিনের উৎপাদন বাড়াতে আবদুল মোনেম অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। তারা সেখানে ৩৩ একর জায়গা চেয়েছে। এই নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে। বর্তমানে সাভারে তাদের একটি কারখানা রয়েছে।
সিঙ্গার বাংলাদেশ এর আগে অন্য তিনটি বেসরকারি অর্থনৈতিক অঞ্চলেও জমি চেয়েছিল। কিন্তু সেই সব জায়গায় নিজেদের চাহিদা অনুযায়ী জমি পাওয়া যায়নি। তবে জমি কত বছর লিজ দেওয়া হবে, তা নিয়ে এখনো একমত হতে পারেনি মোনেম ও সিঙ্গার বাংলাদেশ। অবশ্য সিঙ্গার বাংলাদেশ জমি চায় ৯৯ বছরের জন্য। অন্যদিকে আবদুল মোনেম এত বছরের জন্য জমি লিজ দিতে আগ্রহী নয়। তবে আলোচনা চলছে।
দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিঙ্গার বাংলাদেশ। ২০১৯ সালে এই প্রতিষ্ঠানের মালিকানা কিনে নেয় তুরস্কের কোম্পানি আর্সেলিক। ৬৩০ কোটি টাকা খরচ করে সিঙ্গার বাংলাদেশের ৫৭ শতাংশ মালিকানা কিনেছে তুরস্কের আর্সেলিক।