ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন ছয়টি পশুর হাটে এ বছর পরীক্ষামূলকভাবে ডিজিটাল পেমেন্ট বা লেনদেন পদ্ধতি চালু হচ্ছে। ফলে ক্রেতারা ডেবিট ও ক্রেডিট কার্ড, মোবাইল আর্থিক সেবা (এমএফএস) ও মোবাইল অ্যাপস ব্যবহার করে কোরবানির পশুর দাম পরিশোধ করতে পারবেন।
সাধারণত কার্ড বা এমএফএস দিয়ে টাকা লেনদেনের ক্ষেত্রে গ্রহীতার কাছ থেকে নির্দিষ্ট পরিমাণে মাশুল কেটে রাখা হয়। কিন্তু নতুন চালু করা এই ডিজিটাল হাটে কোনো ধরনের মাশুল কাটা হবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বুধবার রাজধানীর বনানীর শেরাটন হোটেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ডিজিটাল হাট নিয়ে যৌথভাবে কাজ করছে বাংলাদেশ ব্যাংক ও ডিএনসিসি।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের অধীন গাবতলী, বছিলা, আফতাবনগর, ভাটারা, কাওলা ও উত্তরা ১৭ নম্বর সেক্টর—এই ছয়টি পশুর হাটে ডিজিটাল পেমেন্ট বুথ স্থাপন করা হবে। ১ থেকে ১২ জুলাই পর্যন্ত এসব বুথ ব্যবহার করে ক্রেতা-বিক্রেতারা অর্থ লেনদেন করতে পারবেন।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগের অতিরিক্ত পরিচালক শাহ জিয়াউল হক জানান, প্রতিটি ডিজিটাল পেমেন্ট বুথে পয়েন্ট অব সেলস (পিওএস) যন্ত্র থাকবে, যা দিয়ে ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা জমা দিতে পারবেন ক্রেতারা। পাশাপাশি বুথে থাকবে মোবাইল ব্যাংকিং সেবাও (এমএফএস)। পিওএস যন্ত্র দিয়ে সাধারণ লেনদেনের ক্ষেত্রে নির্ধারিত মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) ও ইন্টারচেঞ্জ ফি বা বিনিময় মাশুল দিতে হয় টাকা গ্রহণকারী বা বিক্রেতাকে। কিন্তু ডিজিটাল হাটে বিক্রেতাকে কোনো এমডিআর বা আইআরএফ মাশুল দিতে হবে না। এ ছাড়া এমএফএসের মাধ্যমে টাকা লেনদেনের ক্ষেত্রে পশু বিক্রেতাকে তৎক্ষণাৎ ক্যাশ আউটের নির্দিষ্ট টাকা আগাম দিয়ে দেওয়া হবে। এই পদ্ধতিতেও কোনো মাশুল ছাড়াই টাকা পাবেন পশু বিক্রেতারা।
অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, ‘এ বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামী বছর থেকে ক্রমে সারা দেশেই ডিজিটাল লেনদেনের দিকে যেতে পারব আমরা।’
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, এই প্রকল্পের মাধ্যমে কোরবানির পশু বিক্রেতাদের হয়রানি কমবে। বিক্রেতারা পশু বিক্রি করে ডিজিটালি টাকা নিয়ে নিরাপদে বাড়িতে ফিরতে পারবেন।
হাটগুলোতে ডিজিটাল লেনদেনে সহযোগিতা করবে ব্যাংক এশিয়া, ব্র্যাক ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইস্টার্ণ ব্যাংক, ইসলামী ব্যাংক ও সিটি ব্যাংক। এ ছাড়া কার্ড সেবাদাতা ও মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের মধ্যে আছে মাস্টারকার্ড, ভিসা, আমেরিকান এক্সপ্রেস, বিকাশ ও ইসলামী ব্যাংক এম ক্যাশ।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ সচিব মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মনজুর মোহাম্মদ শাহজাদা, ডিএনসিসির সিইও মো. সেলিম রেজা, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান সেলিম আর এফ হোসেন, মাস্টারকার্ডের এদেশীয় ব্যবস্থাপক সৈয়দ মোহাম্মদ কামাল প্রমুখ।