এলডিসি থেকে উত্তরণে দুর্নীতিই বড় চ্যালেঞ্জ
বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পথে দুর্নীতিকেই একটি বড় চ্যালেঞ্জ বলে মনে করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম। তিনি বলেন, সরকার দুর্নীতিকে উন্নয়নের অন্তরায় মন করে। দুর্নীতি না থাকলে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি আরও বাড়ত।
গতকাল শনিবার রাজধানীর তেজগাঁওয়ে এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজিত ‘এলডিসির চ্যালেঞ্জ উত্তরণে সরকারের প্রস্তুতি’ শীর্ষক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি মনে করেন, বাংলাদেশে দুর্নীতি বড় সামাজিক সমস্যা। তবে দুর্নীতিবাজদের প্রধানমন্ত্রী কোনো ছাড় দিচ্ছেন না।
পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতির কারণে দরিদ্র মানুষের সংখ্যা ৪২ শতাংশে উন্নীত হয়েছে বলে কয়েকটি গবেষণা সংস্থা যে তথ্য দিয়েছে, তা সঠিক নয়। তাদের সমীক্ষা পদ্ধতি গ্রহণযোগ্য নয়। বাংলাদেশের অর্থনীতি নিয়ে অনেকের প্রক্ষেপণ বাস্তবসম্মত নয়। তিনি বলেন, কোভিডের কারণে অর্থনীতিতে আঘাত এসেছে এবং তা থেকে উত্তরণে সরকার যথাযথ কর্মসূচি গ্রহণ করেছে। তবে এটি সত্য যে আর্থসামাজিক পরিস্থিতি বিবেচনায় এখানে দীর্ঘমেয়াদি লকডাউন বাস্তবায়ন সম্ভব নয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
ছায়া সংসদ অনুষ্ঠানে এলডিসির চ্যালেঞ্জ উত্তরণে ডিবেট ফর ডেমোক্রেসির পক্ষ থেকে ১০ দফা সুপারিশ দেওয়া হয়। যার মধ্যে উল্লেখযোগ্য হলো এলডিসি থেকে উত্তরণের পর আরও ১২ বছর বিদ্যমান শুল্কমুক্ত বাণিজ্য–সুবিধা পেতে অর্থনৈতিক কূটনীতি জোরদার করা, ওষুধশিল্পে পেটেন্ট সুবিধা বৃদ্ধির চেষ্টা অব্যাহত রাখা, বিদেশি বিনিয়োগ বাড়াতে বিশ্বব্যাংকের ব্যবসা পরিবেশ সূচকে অবস্থান সুদৃঢ় করা।